একটি উত্সব এবং কিছু প্রশ্ন
ভারতীয় চলচ্চিত্রের ১০০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় চলচ্চিত্র উত্সব আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন ও ঢাকার ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র। উত্সবে ভারতীয় চলচ্চিত্রের পাশাপাশি রয়েছে বাংলাদেশের চলচ্চিত্রও। কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রের প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী ববিতা। তিনি বলেন, ‘ভারতীয় চলচ্চিত্রের শত বছর উপলক্ষে ঢাকায় চলচ্চিত্র উত্সব আয়োজন করা হয়েছে, এখানে বাংলাদেশের ছবিও আছে। কিন্তু কোন ছবিগুলো বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে? বাংলাদেশের চলচ্চিত্রে জহির রায়হানসহ আরও অনেক চলচ্চিত্র ব্যক্তিত্বের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। কিন্তু উত্সবে তাঁরা সবাই উপেক্ষিত। বাংলাদেশের চলচ্চিত্র বললে যে চলচ্চিত্রগুলোর অবশ্যই উল্লেখ করতে হবে, যেমন-মুখ ও মুখোশ, স্টপ জেনোসাইড, জীবন থেকে নেয়াসহ আরও অসংখ্য ছবি; তার কোনোটিই নেই এই উত্সবে। উত্সবে যাঁরা এলেন, তাঁরা কী জেনে গেলেন, কী দেখে গেলেন? কেন এই হীনম্মন্যতা? কারা, কী কারণে এমন আচরণ করলেন, এটা আমাদের প্রশ্ন।’ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায় এখন দেশের বাইরে আছেন। বর্তমানে এই দায়িত্বে আছেন তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হারুন অর রশীদ। তিনি বলেন, ‘এটা কিন্তু ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্রের উত্সব। ভারতের কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্র ও সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত কিছু ছবি তারা রেখেছে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাস বললে বাংলাদেশের প্রসঙ্গও চলে আসে। তাই আমরা বাংলাদেশের কয়েকটি ছবি উত্সবে রেখেছি। এই ছবিগুলোই শুধু বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারে—তা আমিও বলব না। কারণ, আমাদের চলচ্চিত্রের ইতিহাস যথেষ্ট সমৃদ্ধ। এই ছবিগুলোর মাধ্যমে আমরা উত্সবে অংশগ্রহণ করেছি মাত্র।’তিনি জানান, আগামী ডিসেম্বর মাসে শুধু বাংলাদেশের উল্লেখযোগ্য ছবি নিয়ে ঢাকায় একটি বড় উত্সব আয়োজন করা হবে।