একটি কত্থক আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিবলী মহম্মদ। ছবি: আনন্দ
শিবলী মহম্মদ। ছবি: আনন্দ

সামান্য খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন নৃত্যশিল্পী শিবলী মহম্মদ। নিজের ঘরের দিকে নিয়ে যেতে যেতে বললেন, ‘পেইনকিলার খেয়েছি। এই অবস্থাতেই ঈদ আনন্দমেলায় নাচের শুটিং করলাম। দুপুরে কিন্তু না খেয়ে যেয়ো না।’
অল্প আলোর পরিপাটি ঘরটায় ঢুকে বোঝা গেল, ষাটের দশকের বাড়ির ভেতরটা একেবারে আধুনিক। পায়ের চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন শিবলী মহম্মদ। ঠিক আগের দিন আড্ডা দিতে হাজির হই তাঁর বাসায়। সৈনিক ও নৃত্যশিল্পীর সবচেয়ে দামি সম্পদ তাঁর পা। সেই পা নিয়ে এখন তিনি বিপাকে। জানতে চাইলেন, ২৭ এপ্রিল নৃত্যাঞ্চল উৎসবের কত্থকসন্ধ্যায় ছিলাম কি না। ‘না, দ্বিতীয় দিন নৃত্যনাট্যে ছিলাম’, বলতেই বললেন, ‘দারুণ মিস করেছ। সেই সন্ধ্যার পরিবেশনা দেখে নাট্যশালাভর্তি দর্শক আনন্দে উদ্বেলিত হয়ে পড়েছিল।’
তিনি যেন জানতেন এরপর কী জানতে চাইব। প্রশ্ন করার সুযোগ না দিয়ে বলতে শুরু করলেন, ‘আমার গুরুজি পণ্ডিত বিরযু মহারাজ যেদিন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেলেন, সেদিনই মাথায় এল চিন্তাটা। তিনি পুরস্কার পেলেন বাজিরাও মাস্তানি ছবির ‘‘মোহে রাঙ্গদো লাল’’ গানের জন্য। ছোটবেলা থেকেই সিনেমায় নাচ দেখে আসছি। লোকে দেখছে, ছবিও ব্যবসাসফল হচ্ছে। কিন্তু বেশির ভাগ লোকই জানছে না যে এটা বিশুদ্ধ কত্থক নাচ। আমার দায়িত্ব এটা এখনকার প্রজন্মকে জানানো। আমাদের উৎসবে তাই বিভিন্ন দশকের সিনেমায় দেখানো কত্থক নাচগুলো নিয়ে রাখা হলো একটা সন্ধ্যা। ছবিগুলোতে নৃত্য পরিচালনা করেছেন গুরুজি ও তাঁর পূর্বপুরুষেরা, এবার করলাম আমি। তরুণ শিল্পীরা সেসবের কী দুর্দান্ত পরিবেশন করল, ভাবা যায়!’

স্মার্টফোনে নাচের ছবিগুলো দেখাতে দেখাতে বললেন, ‘অনেক ছবি। ভাইবারে দিই, দেখে নিয়ো।’ ছবিগুলো ই-মেইলে চাইতেই বললেন, ‘ওসব বুঝি কম। ইউটিউব আর ভাইবার আমাকে শেষ করে দিচ্ছে। আর কিছু শিখতে চাই না। এই বছরটাই শেষ। এর পর এসব ছেড়ে আবারও বই পড়ায় মন দেব। জানো না তো, কতটা বইয়ের পোকা ছিলাম একসময়।’

মেঝেতে বসে ম্যাট্রেসের ওপরে কাত হয়ে জানতে চাইলাম, নাচগুলোর ভিডিও আছে কি না। মুচকি হেসে তিনি বললেন, ‘ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৫০ মিনিটে বাংলাভিশন দেখাবে “নূপুর বেজে যায়” অনুষ্ঠানে। শামীম আরা নীপা আমার সাক্ষাৎকার নেবে, ফাঁকে ফাঁকে নাচ। এবারই প্রথম নীপা আমার সাক্ষাৎকার নিল। পুরোনো সিনেমার সাতটা কত্থক নাচ দেখতে পাবে। এগুলোর মধ্যে বাজিরাও মাস্তানি ও দেবদাস-এর নাচও থাকবে। গুরুজি শুনে খুব খুশি হয়েছিলেন। তাঁর পূর্বপুরুষেরা সিনেমায় কত্থক ব্যবহার করতেন। গুরুজির প্রিয় শিষ্য শাশ্বতী সেন নেচেছিলেন সত্যজিৎ রায়ের সাতরাঞ্জ কি খিলাড়ি ছবির ‘কানহা ম্যা তোসে হারে’ গানে। গেয়েছিলেন স্বয়ং গুরুজি। ওই নাচ করাতে গিয়েই গুরুজির সঙ্গে সত্যজিৎ রায়ের পরিচয়। দেখো, দীপিকা নাচ জানে না, তবু সময় নিয়ে শিখে কত সুন্দর নেচেছে সে। আবার মাধুরী কিন্তু আমার গুরুর কাছেই কত্থক শিখেছে। কী অপূর্ব তাঁর নাচ।’

শিবলী মহম্মদের সঙ্গে কত্থক আড্ডাটা বিকেলের দিকে গড়ায়। জানতে চেয়েছিলাম তিনি কেন আমাদের সিনেমায় নৃত্য পরিচালনা করেন না। উত্তরে যা বললেন, সেসব অন্য কোথাও বলা যাবে।