একটি খেলাও দেখতে পারিনি
‘বিশ্বকাপ হতে চলল প্রায় ১৫ দিন। কিন্তু এখনো একটি খেলাও দেখতে পারিনি।’ অনেকটা আপসোস নিয়ে কথাগুলো বলছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। তবে গতবার বিশ্বকাপে জার্মানির খেলা মনোযোগ দিয়ে দেখেছিলেন। বেশ ভালোও লেগেছিল সেবার জার্মানির খেলা।পূর্ণিমা বলেন, ‘এবারের খেলা শুরুর পর থেকে বেশির ভাগ সময়ই আমাকে সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকতে হয়েছে। আবার যেদিন শুটিং থাকে না, সেদিন দেখা যায় খেলা দেখতে বসলে বিদ্যুৎ লুকোচুরি শুরু করে। এভাবেই কেটেছে বিশ্বকাপের এ কয়েকটা দিন।’ তবে ফাইনাল খেলাটা দেখবেন বলে আশা করছেন তিনি। পূর্ণিমা এও বলেন, ‘এবারের বিশ্বকাপে আমার কোনো পছন্দের দল নেই। মানে বিশ্বকাপে কোনো দলের ভক্ত নই। তবে খেলা চলাকালীন সময় যখন আশপাশে গোল উৎসবের শব্দ শুনি, তখন অবশ্য বেশ ভালো লাগে।’বর্তমানে পূর্ণিমা ‘গরিবের দাম অনেক বেশি’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামী মাসের প্রথম সপ্তাহে পূর্ণিমা অভিনীত ‘আমার স্বপ্ন আমার সংসার’ ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি।