
মেগ্যান ট্রেইনরের ‘অল অ্যাবাউট দ্যাট বেইজ’ গানটি বিলবোর্ড টপ চার্টে আছে ১৪ সপ্তাহ। চার্টের শীর্ষে আছে গানটি। এ ছাড়া গানটি এখন অস্ট্রেলিয়া, জার্মানি, কানাডা, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যের টপ চার্টের শীর্ষে আছে। এ পর্যন্ত ইউটিউবে প্রায় ১৭ কোটিবার দেখা হয়েছে গানটির মিউজিক ভিডিও! দারুণ জনপ্রিয় হওয়া গানটি মুগ্ধ করেছে জাস্টিন বিবারকেও। তিনিও গেয়েছেন গানটি।
কে এই মেগ্যান ট্রেইনর? এর আগে তাঁর আর কোনো গান এতটা জনপ্রিয় হয়েছে? এরই মধ্যে তাঁর ব্যাপারে দর্শক-শ্রোতাদের দারুণ আগ্রহ তৈরি হয়েছে।
মেগ্যান ট্রেইনর যুক্তরাষ্ট্রের শিল্পী। বয়স ২১। বাবা গ্যারি ট্রেইনর ও মা কেলি ট্রেইনর জড়িত আছেন গানের সঙ্গে। মাত্র ১১ বছর বয়সে গান লেখা শুরু করেন মেগ্যান। পাশাপাশি সুরও করছেন। পরিবারের সদস্যদের নিয়ে গড়ে তোলেন গানের দল। মেয়ের আগ্রহ দেখে বাবা-মা তাঁকে একটি কম্পিউটার কিনে দেন। সংগীতায়োজনের কাজে কম্পিউটারটির ব্যবহার শুরু করেন মেগ্যান।
ড্যুর্যাঙ্গো সংরাইটার্স এক্সপোতে মেগ্যান যখন যোগ দেন তখন তাঁর বয়স ১৭। সেখানে বিগ ইয়েলো ডগ মিউজিকের কার্লা ওয়ালেসের সঙ্গে পরিচয় হয় তাঁর। কার্লার আমন্ত্রণে এবার গীতিকার হিসেবে তিনি যোগ দেন বিগ ইয়েলো ডগ মিউজিকে। তখনো তিনি উচ্চবিদ্যালয়ের গণ্ডি পার হননি।
বছর তিনেক আগে নিজের প্রযোজনায় মেগ্যান দুটি অ্যালবাম প্রকাশ করেন। একটি আই উইল সিং উইথ ইউ, অন্যটি অনলি সেভেন্টিন। এ বছরের গোড়ার দিকে গ্র্যামির জন্য মনোনয়ন পাওয়া কেভিন ক্যান্ডিস আর মেগ্যান মিলে লিখেছেন ‘অল অ্যাবাউট দ্যাট বেইজ’ গানটি।
গানটিতে মেগ্যান কণ্ঠ দিয়েছেন। আর তা শুনে বিগ ইয়েলো ডগ মিউজিক থেকে মেগ্যানকে জানানো হয়, অনেক শিল্পীই ‘অল অ্যাবাউট দ্যাট বেইজ’ গানটিতে কণ্ঠ দেওয়ার ব্যাপারে আগ্রহী হবেন। কিন্তু গানটি মেগ্যান নিজেই গাইতে চান।
‘অল অ্যাবাউট দ্যাট বেইজ’ গানের ডেমো ভার্সন শোনানো হয় এপিক রেকর্ডসের কর্তৃক্ষকে। এবার তাঁরা মেগ্যান ট্রেইনরকে দিয়েই গানটি প্রকাশ করতে রাজি হন। এই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হন মেগ্যান। এরপর সবকিছু ঘটেছে খুব দ্রুত।
এ বছর জুন মাসে ‘অল অ্যাবাউট দ্যাট বেইজ’ গানটি অ্যালবাম আকারে প্রকাশিত হয়। ১৫ অক্টোবর পর্যন্ত শুধু যুক্তরাষ্ট্রেই গানটির ৩০ লাখ কপি বিক্রি হয়েছে। এ জন্য আরআইএএ (রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব আমেরিকা) থেকে প্লাটিনাম সনদ পেয়েছেন মেগ্যান ট্রেইনর।
মনোয়ারুল হক
বিলবোর্ড, হলিউড লাইফ, উইকিপিডিয়া অবলম্বনে