একটি গানের ৫২ জন শিল্পী
দ্বিজেন্দ্রলাল রায়ের ‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’ গানটি রচনার শতবর্ষ পূর্ণ হলো ২০০৯ সালে। এ উপলক্ষে গানটি গাওয়ানো হলো অন্য রকমভাবে। অর্থাৎ যেভাবে সচরাচর শোনা যায়, তার থেকে একটু আলাদা করে। গানটির বিভিন্ন অংশে কণ্ঠ দিয়েছেন ৫২ জন শিল্পী। এঁদের মধ্যে আছেন পণ্ডিত অজয় চক্রবর্তী, ওস্তাদ রশিদ খান, রেজওয়ানা চৌধুরী বন্যা, হৈমন্তী শুক্লা, সুবীর নন্দী, শ্রীকান্ত আচার্য্য, মিতা হক, ইন্দ্রানী সেন, লোপামুদ্রা মিত্র, অদিতি মহসিন ও রাঘব চট্টোপাধ্যায়। কোরাস গেয়েছেন ৩০ জন শিল্পী। এর মধ্যে আছে ১২ জন শিশুশিল্পীও। গানটির শুরুতে আবৃত্তি করেছেন ব্রততি বন্দ্যোপাধ্যায়। আর সংগীত পরিচালনা করেছেন অমিত বন্দ্যোপাধ্যায়। শতবর্ষ উপলক্ষে গানটি বড় আয়োজনে ধারণ করেছে স্টেপ মিডিয়া লিমিটেড। স্টেপ মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও জাগরণের পরিচালক মোস্তফা তৌহিদ খান বলেন, ‘বাংলাদেশের জাতীয় সংগীতের জন্য যে গানগুলো শুরুর দিকে বিবেচনা করা হয়েছিল, তার মধ্যে “ধনধান্য পুষ্পভরা” গানটিও ছিল। গত বছর গানটি রচনার শতবর্ষ পূর্ণ হলো। তখন গানটি বড় আয়োজনে গাওয়ানোর পরিকল্পনা করি।’ তিনি জানান, গানটি তৈরি করতে সময় লেগেছে প্রায় এক বছর। শিল্পীরা যখন সময় দিতে পেরেছেন, তখনই ধারণ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। জাগরণের গান অ্যালবামের পরবর্তী অংশে থাকছে গানটি। ১ ডিসেম্বর জাগরণের গান উৎসবে জাগরণের গান অ্যালবামের দ্বিতীয় পর্বের মোড়ক খোলা হবে। তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী এটি যেভাবে করা হয়েছে, সেভাবে এর মিউজিক ভিডিও তৈরি করা খুবই ব্যয়সাপেক্ষ ব্যাপার। এটা স্টেপ মিডিয়ার একার পক্ষে সম্ভব নয়। কিন্তু আমরা চাই, গানটির খুব উন্নতমানের মিউজিক ভিডিও তৈরি হোক। যদি কোনো প্রতিষ্ঠান এই কাজে পৃষ্ঠপোষকতা করতে আগ্রহী হয়, তবেই তা সম্ভব হবে।’