একটি চ্যালেঞ্জে জন্ম 'মুখ ও মুখোশ'
ছবি বানানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নিজেই অবাক বনে যান আবদুল জব্বার খান। চলচ্চিত্রের ‘চ’ও যে তখনো শেখেননি। নিজেকে বোকা বোকা লাগল। একটা ভুলই কি করে বসলেন? পাক্ষিক তারকালোকে ছাপানো কাহিনি তো তা-ই বলে-‘আমি নাটক লিখছি, নাটক করছি। এ মুহূর্তে সিনেমার ওপর চ্যালেঞ্জ দিয়ে ফেললাম—অনেকটা বোকার মতোই।’ কিন্তু বোকা এ সিদ্ধান্তটাই একদিন ইতিহাস হয়ে যাবে, তিনিও ভাবেননি হয়তো।
১৯৫৩ সালের মার্চ মাসে তৎকালীন পূর্ব পাকিস্তানে চলচ্চিত্র নির্মাণ নিয়ে ছিল সভা। তখন পর্যন্ত এখানে ভারতীয় বাংলা, হিন্দি, পশ্চিম পাকিস্তান ও হলিউডের ছবি চলত। বাংলাদেশে তখন ছবি নির্মাণ করা হতো না। সেই সভায় গুলিস্তান সিনেমা হলের মালিক অবাঙালি খান বাহাদুর ফজল আহমেদ বলে দিলেন, পূর্ব পাকিস্তানের আর্দ্র আবহাওয়ায় চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব নয়। এ কথার প্রতিবাদ করে আবদুল জব্বার খান বললেন, এখানে তো ভারতীয় ছবির শুটিং হয়েছে। তবে কেন পূর্ণাঙ্গ একটি ছবি করা যাবে না? চ্যালেঞ্জ দিলেন তিনি।
মুহূর্তে ছড়িয়ে যায় সে খবর; আবদুল জব্বার খান ছবি বানাচ্ছেন। চাল নেই, চুলো নেই জব্বার খান পড়লেন মহাবিপাকে। তবুও ভরসা রাখেন নিজের ওপর। মঞ্চনাটকের অভিজ্ঞতা আছে ঝুলিতে, লেখেন নাটকও। তখন নিজের লেখা ‘ডাকাত’ নাটকের মহড়া চলছে। সংবাদপত্রে প্রকাশ হওয়া সত্য খবর অবলম্বনে লেখা এটি। সিদ্ধান্ত হলো এ নাটকটিই তোলা হবে রুপালি পর্দায়। প্রধান ভরসা কিউ এম জামান। কলকাতা ও মুম্বাইয়ে সহকারী পরিচালকের কাজ করেছেন তিনি।
জামানের সহযোগিতায় পরিচয় হয় কলকাতার চিত্রনাট্যকার মনি বোসের সঙ্গে। কিন্তু ছবি বানানোর প্রস্তুতির খবর শুনে রাজ্যের বিস্ময় তাঁর। বললেন, ‘চ্যালেঞ্জ করে বড় ভুল করে ফেলেছ...¯ তুমি ব্যবসা করে ক’পয়সা রোজগার করো! এখানে অনেক শিক্ষিত পয়সাওয়ালা লোক ছবি করেছে। এখন তাঁরা বিড়ি খায় আর ছেঁড়া চটি পায় দিয়ে হাঁটে।’ জব্বার খান বললেন, ‘দু লাখ টাকার যদি একটা রিস্ক নেই?’ মনি বোস বললেন, ‘দুই লাখ টাকা! এতে তো তোমার যন্ত্রপাতিই হবে না।’ এবার সত্যিই ঘাবড়ে গেলেন তিনি। দেখা করলেন কিউ এম জামানের বস চিত্রগ্রাহক মুরারী মোহনের সঙ্গে। তিনি পরামর্শ দিলেন পুরোনো একটি ক্যামেরা কেনার।
এরপর শুরু হয় ইউনিট জোগাড়ের পালা। চিত্রগ্রহণের দায়িত্ব পড়ে কাজী মেসবাহুজ্জামানের ওপর। মুরারী মোহন ঘোষ ও হৃষিকেশ মুখার্জির কাছে তিনি ক্যামেরার কাজ শিখেছেন। চিত্রনাট্যের কাজটা করে দিলেন মনি বোস। সহায়তা করেন বিপ্রদাশ ঠাকুর। মেকআপম্যান হিসেবে আসেন কলকাতা থেকে শ্যাম বাবু। আবদুল জব্বার খান নিজেই নায়ক হলেন, চট্টগ্রামের মেয়ে পূর্ণিমা সেন নায়িকা। ১৯৫৩ সাল। ডিসেম্বর মাসে কালীগঞ্জে মহরত ছাড়াই প্রথম শুটিং শুরু হলো।
অনেক চড়াই-উতরাই পেরিয়ে শেষ হলো ছবির কাজ। এখন ছবি মুক্তির পালা। কিন্তু আগেই চাউর হয়েছে এটা কোনো ছবিই হয়নি। দর্শক হলে গিয়ে চেয়ারও ভেঙে ফেলতে পারে। এমন অবস্থায় মুকুল (এখন আজাদ) ও রূপমহল সিনেমা হলের মালিক কমল বাবু এগিয়ে আসেন। তিনি ছবিটি মুক্তি দিতে রাজি হলেন। বলেছিলেন, ‘জব্বার সাহেব টাকা খরচ করল-আর আমার কয়েকটা চেয়ার যদি ভাঙে, তো ভাঙুক। আমিই হল দেব।’
১৯৫৬ সালের এই দিনে মুক্তির তারিখ ঠিক হলো। ছবি উদ্বোধন করলেন তখনকার গভর্নর শেরেবাংলা এ কে ফজলুল হক। ছবি চলছে। উদ্বেগ, উৎকণ্ঠা আর দুরু দুরু বুকে বাইরে পায়চারি করছেন পরিচালক আবদুল জব্বার খান। বাংলা প্রথম ছবি আঁতুড়ঘরেই নিশ্বাস বন্ধ হয়ে মরে যাবে, নাকি বীরদর্পে সে পথচলা শুরু করবে—সে ফয়সালা হবে আজ। এই পথচলাই একদিন জহির রায়হান, আলমগীর কবির, তারেক মাসুদদের জন্ম দেবে। তাই সেদিন রোধ করা যায়নি তাঁকে। ছবি শেষ। আজাদ পত্রিকার সম্পাদক আবুল কালাম শামসুদ্দীন এসে জড়িয়ে ধরলেন আবদুল জব্বার খানকে। বললেন, ‘জব্বার সাহেব, আনন্দে আমার চোখ থেকে পানি পড়ছে। আপনি যে কী দিলেন! কত খুশি আজ সবাই! আজ সবাই সার্থক। চ্যালেঞ্জ তো আপনার একার ছিল না। এ চ্যালেঞ্জ ছিল বাঙালি জাতির।’
চার সপ্তাহ হাউসফুল চলল। বুকিং না থাকায় আর চালানো যায়নি। কিন্তু বাংলা চলচ্চিত্রের যে যাত্রা শুরু হলো তা আজ অবধি চলছে। তবে এই সময়ে চলচ্চিত্র আঙিনায় অন্তঃকলহ, যৌথ প্রযোজনা বিরোধ, সিনেমা হল বন্ধ হওয়াসহ নানাবিধ কারণে বাংলা চলচ্চিত্রের অবস্থা ভালো নয়। চলচ্চিত্রের সুদিন আনতে, সব প্রতিকূলতা পেরিয়ে কেউ কি আবদুল জব্বার খানের মতো একটি বোকা চ্যালেঞ্জ নেবেন?
(বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস অবলম্বনে)