
প্রথম ক্যামেরার সামনে
স্থিরচিত্রের জন্য ক্যামেরার সামনে আগেই দাঁড়িয়েছি। তবে চলচ্চিত্রে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছি ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের কুলি ছবিতে অভিনয় করতে গিয়ে। আমার নায়ক ছিলেন ওমর সানী। মনে আছে, গুলশানের একটি বাড়িতে প্রথম দিন শুটিং করেছিলাম। শুটিংয়ের আগের দিন থেকেই খানিকটা নার্ভাস লাগছিল। প্রথম দৃশ্যটি ছিল রোমান্টিক। আমি দরজা খুলে দেব, ওমর সানী ঘরের ভেতর প্রবেশ করবেন। এরপর কয়েকটি সংলাপ। দরজা খোলার পর ওমর সানী ভেতরে ঢোকার আগ পর্যন্ত দৃশ্যটি এক শটেই ওকে হয়েছিল। পরে সংলাপ দিতে গিয়ে একটু এলোমেলো হয়েছিল। প্রথম প্রথম তো, তাই।
প্রথম আয়
১৯৯৫ সালের ঘটনা। তখন আমি অষ্টম শ্রেণির ছাত্রী। ওই বছর আমি লাক্স আনন্দধারা প্রতিযোগিতায় অংশ নিয়ে পাঠকের ভোট, বিচারকদের রায়—দুই জায়গাতেই প্রথম হয়েছিলাম। পুরস্কার হিসেবে ২৫ হাজার টাকা পেয়েছিলাম। এলাকার মসজিদ সংস্কারের কাজে পুরস্কারের টাকা থেকে ৫ হাজার টাকা দাদির হাতে তুলে দিয়েছিলাম। বাকি টাকা মাকে দিয়েছিলাম। তখন আমার টাকার দরকার ছিল না। কোনো কিছু দরকার হলে মা-বাবাই কিনে দিতেন।
প্রথম অটোগ্রাফ
ক্লাসে সবার চেয়ে লম্বা ছিলাম। সবাই লম্বু বলে ডাকত! ফটোসুন্দরী হয়ে প্রথম দিন স্কুলে গিয়েই অটোগ্রাফের শিকারে পড়েছিলাম। তাও আবার বান্ধবীদের হাতে। ওই দিন স্কুলের আঙিনায় ঢোকার সঙ্গ সঙ্গে বান্ধবীরা ‘লম্বু এসেছে, লম্বু এসেছে’, বলে দৌড়ে এসে ঘিরে ধরল। রীতিমতো আমার হাতে কাগজ-কলম ধরিয়ে দিয়ে একাধিক বান্ধবী অটোগ্রাফ চাইল। কিন্তু অটোগ্রাফ দেওয়ার তো অভ্যাস ছিল না আমার। কী আর করার! আলাদা আলাদা করে ‘তোমাকে শুভেচ্ছা’ লিখে, নিচে পপি লিখে সবাইকে অটোগ্রাফ দিয়ে দিলাম। লজ্জা, আনন্দ দুটোই তখন পাচ্ছিলাম।
প্রথম বিদেশ ভ্রমণ
যতটুকু মনে পড়ে সময়টা ১৯৯৪ সাল হবে। ওই বছরই পরিবারের সবার সঙ্গে প্রথম দেশের বাইরে যাই। সেটা ছিল নেপাল ভ্রমণ। প্রথম দেশের বাইরে যাওয়া, বিমানে চড়া এসব ভেবে কয়েক দিন আগে থেকেই দারুণ সময় কেটেছে। নির্ধারিত দিনে বিমানে উঠলাম। আমি বসেছিলাম মায়ের পাশে। বিমান যতই ওপর ওঠে, ততই আমার মা দোয়া-দরুদ পড়তে লাগলেন। মার কর্মকাণ্ড দেখে আমি রীতিমতো হাসছিলাম। আমার কোনো ভয়ই লাগেনি। জার্নির পুরো সময়টাই বেশ মজা পেয়েছি।
প্রথম প্রেম
ছোটবেলায় প্রেম করার বিষয়টি খুব ভয় পেতাম। অতটা বুঝতামও না। প্রেম না করলেও প্রথম প্রেমের চিঠি পাওয়ার কথা মনে আছে। তখন আমি খুলনার মুন্নুজান গার্লস স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া-আসার পথে হাবিব নামের একটি ছেলে আমাকে অনুসরণ করত। স্কুল থেকে বাড়িতে ফেরার পথে প্রায় ছেলেটি বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে করে আমাদের বাড়ি পর্যন্ত আসত। একদিন স্কুলে যাওয়ার পথে ছেলেটি আমার হাতে একটি কাগজ ধরিয়ে দিল। আমি তো ভয়ে অস্থির! স্কুলে পৌঁছে প্রধান শিক্ষকের কাছে কাগজটি জমা দিয়ে কাঁদতে শুরু করলাম। স্কুলের পুরো সময়টাই কান্না। স্কুল থেকে বিষয়টি জানিয়ে বাসায় খবর পাঠালেন স্যার। ছুটির পর বাবা-মা গিয়ে বাসায় নিয়ে এলেন। এরপর একদিন স্কুল ছুটির পর ছেলেটি পেছনে পেছনে আমাদের বাসার এলাকাতে এলে সবাই ধরে অপমান করল। পরদিন থেকে ছেলেটি আর পেছনে লাগেনি। স্কুলে যাওয়া-আসার পথে দেখতাম, শুধু রাস্তার ধারে দাঁড়িয়ে থাকত সে। এর কিছুদিন পর থেকে আর দেখা হয়নি তার সঙ্গে। আসলে প্রেমে আমি পড়িনি, প্রেম আমার ওপর পড়েছে! হা হা হা...
অনুলিখন : আনন্দ প্রতিবেদক