একটি ট্রেন ও চারদিকে থমথমে পরিবেশ
ঢাকা থেকে লালমনিরহাটে যাচ্ছে একটি ট্রেন। ট্রেনটির গায়ে বাংলায় লেখা পূর্ব পাকিস্তান রেলওয়ে, পাশে তা লেখা আছে উর্দুতে। তিস্তা স্টেশনে গিয়ে থেমে যায় ট্রেনটি। কারণ, সামনে নদীর ওপর তিস্তা সেতুটি উড়িয়ে দিয়েছে মুক্তিযোদ্ধারা। তার আগে কাউনিয়া জংশনে পাকিস্তান সেনাবাহিনীর লোকজন, মিলিশিয়া আর রাজাকারেরা ভিড় করে আছে। ট্রেনের ভেতরে যাচ্ছে, আবার বেরিয়ে আসছে। যাকে সন্দেহ করছে, তারই বাক্স খুলছে এবং গায়ে হাত দিচ্ছে। এমন দৃশ্য দেখা গেছে গতকাল সোমবার রংপুরের কাউনিয়া জংশনে।এখানে গেরিলা ছবির শুটিং হচ্ছে। রোববার শুটিং হয়েছে দিনাজপুরের পার্বতীপুর স্টেশনে। কাল বুধবার শুটিং হবে তিস্তা স্টেশনে। দুই দিনের শুটিংয়ে অংশ নিয়েছেন প্রায় ৫০০ শিল্পী। এঁদের মধ্যে রয়েছেন সৈয়দপুর, রংপুর আর দিনাজপুরের গ্রুপ থিয়েটারের সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী, কলাকুশলী আর এসব এলাকার মুক্তিযোদ্ধারা। খুব পরিচিত শিল্পীর মধ্যে আছেন জয়া আহসান।ছবির পরিচালক নাসির উদ্দিন ইউসুফ জানান, পার্বতীপুর ও সৈয়দপুরে অনেক বছর ধরে পড়ে ছিল ট্রেনের কিছু বগি। সেগুলোর মধ্য থেকে ১১টি সংস্কার করে এই ট্রেনটি তৈরি করা হয়েছে। আর ট্রেনের ইঞ্জিনটি ১৯৫৩ সালে তৈরি।নাসির উদ্দিন ইউসুফ বললেন, ‘আমরা এর নাম দিয়েছি গেরিলা ট্রেন। সামনে ছবির প্রচারণার কাজেও ট্রেনটি ব্যবহার করব। ট্রেন, স্টেশন, এর আশপাশের এলাকা এবং এখানকার পরিবেশ দেখলে মনেই হবে না, এটা ২০১০ সাল। যে কেউ ধরে নেবে, এখন মুক্তিযুদ্ধ চলছে। চারদিকে বেশ থমথমে একটা ভাব। রেলওয়ে, স্থানীয় প্রশাসন, বিভিন্ন সংগঠন ও মুক্তিযোদ্ধাদের সহযোগিতার কারণেই এটা সম্ভব হচ্ছে।’ তিস্তা স্টেশনের একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রতিদিনের নিয়মিত ট্রেন চলাচলের মধ্যেই শুটিংয়ের এই ট্রেনটি বিভিন্ন স্টেশনে যাওয়া-আসা করছে।