একটি দূর্ঘটনা, একটি স্বপ্নের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরেণ্য চিত্রনির্মাতা তারেক মাসুদ আর নেই। একটি সড়ক দুর্ঘটনা তাঁকে ফ্রেমে বন্দি করে দিয়েছে। বছর দশেক ধরে একটি ছবি তৈরির পরিকল্পনা করছিলেন তিনি। ছবিটা হবে মাটির ময়নার আগের গল্প নিয়ে। নাম কাগজের ফুল। ছবিটা নিয়ে অনেক স্বপ্ন ছিল তাঁর। তারেক মাসুদ তাঁর সেই স্বপ্নকে আর বাস্তবে রূপ দিতে পারলেন না। সেই ছবির লোকেশন পছন্দ করতে গিয়েই ভয়াবহ দূর্ঘটনার শিকার হতে হল তাঁকে। তাঁর সঙ্গে অনেকে কাজ করেছেন। ছিলেন কাছের মানুষ। তাঁদের মধ্য থেকে কয়েকজন স্মরণ করলেন তারেক মাসুদকে। জয়ন্ত চট্টোপাধ্যায়শিল্পী এস এম সুলতানকে নিয়ে তারেক মাসুদ একটি ছবি তৈরি করেছিলেন, ১৯৮৯ সালে। নাম আদম সুরত। তখন থেকে তারেকের সঙ্গে ছিলাম। আদম সুরত ছবিতে আমি ধারা বর্ণনা করেছিলাম। এরপর থেকে তাঁর প্রায় সব ছবিতেই বিভিন্ন ভাবে আমি যুক্ত থেকেছি। অভিনয় করেছি মাটির ময়না (২০০২), অন্তর্যাত্রা (২০০৬) ও সর্বশেষ রানওয়েতে (২০১০)। তারেক এবার মাটির ময়নার প্রিকুয়্যাল তৈরির প্রস্তুতি নিচ্ছিলেন, কাগজের ফুল। ওটার জন্য লোকেশন দেখতেই গিয়েছিলেন। তারেক আমার দেখা একজন সেরা চলচ্চিত্র পরিচালক। তাঁর চলচ্চিত্র ভাবনাটাই একেবারে অন্যরকম।পার্থ প্রতীম মজুমদারতারেক মাসুদ ও মিশুক মুনীর দুজনই আমার খুব কাছের। ওদের হারানোটা বিশাল ক্ষতি, দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে। আমাদের তো মেধা খুব সীমিত। ২০০২ সালে সারা ফ্রান্সে তারেকের মাটির ময়না ছবিটির প্রদর্শনী হয়েছিল। ছবিটির সঙ্গে আমরা ছুটে বেড়িয়েছি। ওর ছবিটির মাধ্যমে ফ্রান্সের দর্শকদের কাছে বাংলাদেশ পেয়েছিল উঁচু আসন। আমি এখন প্যারিসে, এখান থেকে ক্যাথরিন আর ওদের বাচ্চাটার জন্য আমার খুব ভাবনা হচ্ছে। আবু সাইয়ীদআমরা একসঙ্গে দীর্ঘদিন ধরে চলচ্চিত্র আন্দোলন করেছি। এর আগে আমরা সড়ক দুর্ঘটনায় আলমগীর কবিরকে হারিয়েছিলাম। এবার তারেক মাসুদকে। তিনি ছিলেন খুব গোছানো এবং পরিশীলিত একজন নির্মাতা। কাজ ছাড়া কিছুই বুঝতেন না। কাজ করতে করতেই তিনি চলে গেলেন। কাগজের ফুল ছবিটি নিয়ে প্রায় ১০ বছর ধরে তিনি পরিকল্পনা করছিলেন। আমাদের সুস্থ ধারার চলচ্চিত্রের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল।রোকেয়া প্রাচীআমি তো শুধু ওনার ছবিতেই কাজ করিনি, আমাদের মধ্যে ছিল পারিবারিক সম্পর্ক। আমার সবচেয়ে খারাপ সময়ে তারেক মাসুদ আর ক্যাথরিন মাসুদ আমার পাশে ছিলেন। আজ আমাকে সবাই চেনে। কিন্তু তার পেছনে ছিল এই মানুষ দুটির অবদান। আমরা যে কী হারালাম, কত বড় ক্ষতি যে হয়ে গেল—তা এখন কেউ বুঝতে পারবে না। তারেক মাসুদের মতো মানুষ আমাদের চলচ্চিত্রে আর একজনও নেই।শোয়েবমাটির ময়নার ‘মিলন’ চরিত্রটির জন্য তারেক মাসুদ ৫০ জনকে দেখেছিলেন। আমি ছিলাম ৫১ নম্বর। থিয়েটার সেন্টারে একদিন তিনি আমাকে দেখে ছবিটি নিয়ে আলোচনা করলেন। আমি তো শুনেই রাজি। শুরুতে টানা সাতদিন কাজ করেছিলাম ফরিদপুরে। এরপর ছয় মাস বিরতি। আবারো কাজ শুরু হলো। পুরোটা শেষ করতে প্রায় দেড় বছর সময় লেগেছিল। একটা শট নেওয়া হবে। সূর্য মেঘের আড়ালে চলে যাওয়ার সময় যে আলোটা তৈরি হয়, তিনি সেটাই চেয়েছিলেন। দৃশ্যটা ছিল এক সেকেন্ডের। এই একটি মাত্র শটের জন্য আমরা তিনদিন নদীর ওপর ট্রলারে বসেছিলাম। কাজের ব্যাপারে দারুণ নিখুঁত ছিলেন তিনি। রাবেয়া আক্তারমেরিল-প্রথম আলো পুরস্কারের সময় তারেক ভাইয়ের (তারেক মাসুদ) সঙ্গে আমার শেষ কথা হয়। তিনি বলেছিলেন , রানওয়ে ছবিটি নিয়ে রংপুরে আসবেন। আমি বললাম, ঠিক আছে। তারেক ভাই আসেননি। আবার ফোন করলাম। বললেন জানাবেন। অনেক ব্যস্ত তিনি। ভাবলাম, তিনি হয়তো সব ব্যস্ততা শেষ করে আসবেন। তারেক ভাই আর আসলেন না। আজ ফোনে খবরটা শোনার পর বিশ্বাস হচ্ছিল না।