একটি দৃশ্যের জন্য ৮ মাসের অপেক্ষা
এই বছর জানুয়ারিতে শুরু হয়েছিল ‘রক্তজবা’র শুটিং। করোনার মধ্যেই সেই সময় মাসজুড়ে সিনেমাটির টানা দৃশ্য ধারণ চলে। শুটিং শেষ হলেও বাদ রাখতে হয় সিনেমার একটি মাত্র দৃশ্য। সেই দৃশ্যটা করার জন্য শুটিং ইউনিটকে অপেক্ষা করতে হলো আট মাস। সম্পাদনা, কালার গ্রেডিং, সাউন্ড মিক্সিং, ডাবিংসহ পুরো কাজ শেষ করে কেন এই অপেক্ষা?
সিনেমাটির নির্মাতা নিয়ামুল মুক্তা বলেন, ‘বছরের মাঝামাঝির দিকে ছবিটি মুক্তি দেওয়ার সব প্রস্তুতি সেই সময় আমাদের ছিল। সেই জন্য পুরো শুটিং টানা শেষ করেছি। ঝুঁকি নিয়ে কাজ করেছি। কিন্তু আমাদের গল্পে একটি স্কুলের দৃশ্য বাদ ছিল। এ জন্য বেশ কিছু স্কুলের ছাত্রছাত্রী দরকার ছিল। সেই সময়ে আয়োজন করে শুটিং করা যেত। কিন্তু কিশোরদের কথা ভেবে সেই পথে এগোয়নি। তখন শুনেছিলাম শিগগির স্কুল খুলে দেবে। আগামী মাস, আগামী মাস করে আট মাস আমাদের অপেক্ষা করতে হলো। স্কুল খোলার পরই আমরা নিয়ম মেনে গত বুধবার বাকি শুটিং প্রায় আট ঘণ্টার মধ্যে শেষ করেছি।’
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে আসা একটি চিঠিকে ঘিরে ছবির কাহিনি আবর্তিত হয়েছে। সিনেমায় এই শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ। তিনি বলেন, ‘থ্রিলার গল্পটি দর্শকের ভালো লাগবে।’
সিনেমার কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মুহাম্মাদ তাসনীমুল হাসান। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, শরিফুল রাজ, শিল্পী সরকার অপু, জয়িতা মহলানবিশ, অরিত্র আরিয়াসহ অনেকে। নিয়ামুল মুক্তা এর আগে ‘কাঠবিড়ালী’ সিনেমা বানিয়েছিলেন। এই নির্মাতা বলেন, ‘সিনেমাটির সব কাজ শেষ। প্রযোজনা প্রতিষ্ঠান চাইলে যেকোনো সময় আমরা মুক্তির প্রস্তুতি নিতে পারব।’