অহিদুজ্জামান ডায়মন্ডের তৃতীয় চলচ্চিত্র অন্তর্ধান —মূলত এখানে প্রায় অন্তর্ধান ঘটেছে একটি নদীর; একসময় ‘প্রমত্তা’ ‘সর্বনাশা’ ইত্যাদি ছিল যে নদীর বিশেষণ। যেসব মানুষের জীবন-জীবিকা ওই নদীকেন্দ্রিক ছিল, নদীর অন্তর্ধানের সঙ্গে সঙ্গে তাদের জীবন থেকেও হারিয়ে গেছে আনন্দ-স্বস্তি-সুখ। নদীনির্ভর পেশা হারিয়ে তারা হয়ে পড়েছে উন্মূল, দারিদ্র্যের কশাঘাতে তারা হয়েছে জর্জরিত। অন্তর্ধান চলচ্চিত্রটির মাধ্যমে একটি পরিবারের গল্প বলতে গিয়ে পরিচালক গ্রামীণ সমাজের একটি খণ্ডের এ রকম একটি চিত্রই তুলে ধরার চেষ্টা করেছেন। ময়েজ ছিল জাল ও নৌকা ব্যবসায়ী। স্ত্রী রুমালি, কন্যা নদী ও বৃদ্ধ মাকে নিয়ে তার ছোট সংসার। কিন্তু নদীর পানি শুকিয়ে যাওয়ায় এবং মরুকরণের কারণে তার ব্যবসা মুখ থুবড়ে পড়েছে। সে কী করবে বুঝতে পারে না। এদিকে বাড়িতে চুলায় হাঁড়ি চড়ে না। গরু বিক্রি, কৃষিকাজের উদ্যোগ—কিছুতেই দরিদ্রদশা দূর হয় না। অনেকেই এলাকা ছেড়ে চলে যায়, ময়েজও একই সিদ্ধান্ত নেয়। মাতবরের পরামর্শক্রমে ভিটেমাটি বিক্রি করার ও শিশুকন্যাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সে—কারণ, উদ্বাস্তু পরিস্থিতিতে মেয়েকে সঙ্গে নেওয়া ঠিক হবে না। অন্তর্ধান নিরতিশয় দুঃখভারাক্রান্ত এক কাহিনিচিত্র। অহিদুজ্জামান ডায়মন্ড একজন সমাজসচেতন চলচ্চিত্রকার হিসেবে নিজেকে হাজির করেছেন। তাঁর নাচোলের রাণী চলচ্চিত্রটি বিপ্লবী ইলা মিত্রকে নিয়ে নির্মিত, দ্বিতীয় চলচ্চিত্র গঙ্গাযাত্রায় নিম্নবর্গের মানুষ ডোম ও পতিতাদের প্রধান চরিত্র হিসেবে দেখা গেছে। নিম্নবর্গের মানুষদের জীবনযাত্রা চিত্রায়ণের মাধ্যমে তাঁর চলচ্চিত্রগুলো দারিদ্র্যনির্ভর আর্ট ঘরানায় অন্তর্ভুক্ত হতে চায়। কিন্তু তাঁর অন্তর্ধান চলচ্চিত্রে কেবল দারিদ্র্য ও দুঃখ-কষ্টের সারাৎসারই দেখা গেল। অথচ আমরা জানি, দরিদ্র মানুষের জীবনেও আনন্দ থাকে, থাকে দারিদ্র্যকে মোকাবিলা করার নানান উদ্যম, থাকে নিজস্ব সাংস্কৃতিক অভিপ্রকাশ। পথের পাঁচালিতে অপু-দুর্গার অনেক আনন্দের উপলক্ষ ছিল। অন্তর্ধান চলচ্চিত্রের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্যা নিয়ে কথা বলা হয়েছে। তা যেমন মানুষগুলোর জীবন-যাপনের সঠিক চিত্রায়ণ হয়নি, তেমনি দর্শকদের কাছে এই সিনেমাটিক টেক্সট এক পীড়ন হিসেবে বিবেচিত হতে পারে। এর চেয়েও কঠিন-কঠোর বাস্তবতার অনেক চলচ্চিত্রেই বিবিধ রিলিফের দেখা মেলে—ঋত্বিক ঘটকের সুবর্ণরেখার কথা এ ক্ষেত্রে উল্লেখ করা যায়। লংশটে পদ্মার ধু ধু বালুচরের কিছু দৃশ্যধারণ ভালো লাগে। নয়তো চিত্রগ্রহণ, সম্পাদনা, শব্দগ্রহণ, আবহসংগীত এবং সর্বোপরি অভিনয়—কোনো কিছুতেই আর্ট চলচ্চিত্রের যত্ন দেখা যায় না। শুকিয়ে যাওয়া পদ্মার বিপরীতে কিছু দৃশ্যে পুরোনো প্রমত্তা পদ্মাকে তুলে ধরা হয়েছে, বিশেষত ময়েজের বৃদ্ধ মায়ের পয়েন্ট অব ভিউতে, কিন্তু তা বিশ্বাসযোগ্য হয়নি—এ ক্ষেত্রে প্রমত্তা নয়, শান্ত পদ্মাকেই দেখা যায়। পুরো চলচ্চিত্রের শুটিং এক শুকনো মৌসুমেই করা হয়েছে। যেকোনো ধরনের চলচ্চিত্রের জন্যই শুটিংয়ের আশপাশে জমায়েত জনতাকে ঠিকঠাকমতো সামাল দেওয়া প্রাথমিক একটা কাজ। কিন্তু অন্তর্ধান সেই প্রাথমিক শর্ত পূরণেও ব্যর্থ। এক দৃশ্যে ময়েজরূপী ফেরদৌস গ্রাম্য হাটে গেলে জমায়েত জনতার কাউকে কাউকে একবার তারকা ফেরদৌস, আরেকবার ক্যামেরার দিকে লুক দিতে দেখা গেছে। দারিদ্র্যপীড়িত ময়েজের চরিত্রে ফেরদৌস এবং তাঁর স্ত্রীর চরিত্রে নিপুণকে একদমই মানায়নি, বিশেষত তাঁদের সুস্বাস্থ্যের কারণে। ফেরদৌসের অভিনয় একরকম হলেও, নিপুণ অভিনয়েও ব্যর্থ হয়েছেন। তারকাদের বাদ দিয়ে সত্যিকারের অভিনেতা বা অভিনেত্রীদের ওপর পরিচালকের নির্ভর করা উচিত ছিল। আবার ছোট ছোট অন্যান্য চরিত্রে অপরিচিতদের কাস্ট করা হলেও এক কন্যার চরিত্রে ওয়াহিদা ছাড়া প্রায় সবার অভিনয়ই ছিল কাঁচা। নিশ্চয়ই সমাজসচেতন আর্ট ঘরানার চলচ্চিত্র নির্মাণে অহিদুজ্জামানের উদ্যোগকে সাধুবাদ জানাতে হয়, কিন্তু এ ধরনের চলচ্চিত্র নির্মাণে পরিচালকের দিক থেকে আরও বেশি মনোযোগ কাম্য।