
ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট এক বৈচিত্র্যময় সন্ধ্যা উপহার পেল গতকাল। উচ্চাঙ্গসংগীতের আসর ‘মায়ার মাধুরী’ জয় করে নিল উপস্থিত দর্শক-শ্রোতার মন। বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত এই নান্দনিক সন্ধ্যাটি আরও বর্ণিল হয়ে উঠল পণ্ডিত উলহাস কশলকরের ৬০তম জন্মদিন উদ্যাপনে।
মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় শুরু হয়েছিল অনুষ্ঠান। শাস্ত্রীয় সংগীতের প্রচার-প্রসারে ও উচ্চ রুচিসম্পন্ন শ্রোতা তৈরির জন্য বেঙ্গলের এই আয়োজন। অভিজ্ঞ শিল্পীদের সঙ্গে নবীন শিল্পীদের সংগীত পরিবেশনার সুযোগ করে দেওয়াই ছিল এই অনুষ্ঠানের লক্ষ্য। বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী জানিয়ে দিয়েছিলেন, অঙ্কের হিসাবে এটি তৃতীয় আসর। ২০১২ সালে পণ্ডিত অরুণ ভাদুড়ীর উপস্থিতিতে ময়মনসিংহে এবং সে বছরই ঢাকায় অনুষ্ঠিত হয় আগের দুটি আসর। দ্বিতীয় আসরে ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী।
প্রিয়াংকা গোপের খেয়াল দিয়ে শুরু হয় সংগীতানুষ্ঠান। খেয়ালটি ছিল রাগ মারু বিহারে। তবলায় ছিলেন ইফতেখার আলম প্রধান।
পণ্ডিত উদয় ভাওয়ালকরের ধ্রুপদের সঙ্গে পাখোয়াজে ছিলেন প্রতাপ আওয়াদ। তানপুরায় ছিলেন বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের দুজন নবীন শিক্ষার্থী। নিজের পরিবেশনার আগে পণ্ডিত উলহাস কশলকর সম্পর্কে পণ্ডিত উদয় বলেন, ‘অনেক শিল্পীর গান শুনে আমরা হাততালি দিই, কিন্তু খুব কম শিল্পী আছেন যাঁর কণ্ঠ মন ছুঁয়ে যায়। পণ্ডিত উলহাস তেমন শিল্পী, যাঁর কাছ থেকে প্রতিনিয়ত কিছু না কিছু শেখা যায়। ঢাকায় তাঁর জন্মদিন উদ্যাপন হচ্ছে, এটা খুবই আনন্দের।’
১৪ জানুয়ারি ছিল পণ্ডিত উলহাস কশলকরের জন্মদিন। ভারতজুড়েই গুণমুগ্ধ শিক্ষার্থীরা তাঁর ষাটতম জন্মদিন উদ্যাপন করেছে। বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের উত্তরীয় ও ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শিল্পীকে।
এরপর উলহাস কশলকর পরিবেশন করলেন খেয়াল। তবলায় তাঁকে সহযোগিতা করলেন পণ্ডিত সুরেশ তালওয়ালকর, হারমোনিয়ামে ছিলেন বিজন চন্দ্র মিস্ত্রি এবং তানপুরায় তাসাউল ইসলাম ও মুকুল রায়।