একটি নির্মল নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম পার্থ নাটকের দৃশ্যে তানিয়া হোসাইন
প্রথম পার্থ নাটকের দৃশ্যে তানিয়া হোসাইন

এমন কোনো সমর্থনযোগ্য বা প্রামাণ্য তথ্য নেই যে বুদ্ধদেব বসু তাঁর প্রথম পার্থ নাটকটি রচনায় উদ্বুদ্ধ হয়েছিলেন রবীন্দ্রনাথের ‘কর্ণ-কুন্তী সংবাদ’ কাহিনি-কাব্য পাঠ করে। তবে বিষয়বস্তুর বিচারে দুটি সাহিত্যকৃতীরই পটভূমি এক। বিশ্বের দীর্ঘতম মহাকাব্যের অষ্টম পর্ব ‘কর্ণ পর্ব’ থেকে নেওয়া খণ্ডাংশ—সুনির্দিষ্টভাবে—কর্ণের মাতৃ ও জন্ম পরিচয়ের গুপ্ত তথ্য প্রকাশ এবং তাকে তারই সহোদর পঞ্চপাণ্ডবদের বিরুদ্ধে অস্ত্রধারণ থেকে বিরত করা। রবীন্দ্রনাথে কর্ণের প্রশ্ন, ‘কোথা লবে মোরে!’ কুন্তী বলে, ‘তৃষিত বক্ষের মাঝে—লব মাতৃক্রোড়ে।’ কর্ণ জানতে চায়, ‘মোরে কোথা দিবে স্থান।’ কুন্তী, ‘সর্ব-উচ্চভাগে/ তোমারে বসাব মোর সর্বপুত্র-আগে,/ জ্যেষ্ঠ পুত্র তুমি।’ বুদ্ধদেব তাই তাঁর নাটকের অর্থবহ শিরোনাম দিলেন ‘প্রথম পার্থ’ অর্থাৎ কুন্তীর প্রথম পুত্র কর্ণ—পার্থ অর্থ কুন্তী-পুত্র।
কিন্তু রবীন্দ্রনাথ তো এই রূপরেখা নিয়ে কোনো নাটক রচনা করেননি আর তাই তাঁর কাহিনি-কাব্যে নিস্পৃহ কর্ণের উক্তি, ‘মাতঃ সূতপুত্র আমি, রাধা মোর মাতা,/... পাণ্ডব পাণ্ডব থাক, কৌরব কৌরব— /ঈর্ষা নাহি করি কারে।’ কর্ণের চূড়ান্ত প্রখ্যাপন, ‘শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মোরে/ জয়লোভে যশোলোভে রাজ্যলোভে, অয়ি,/ বীরের সদগতি হতে ভ্রষ্ট নাহি হই।’
বুদ্ধদেব বসু নাটক লিখেছেন—প্রথম পার্থ-ছন্দে। সেখানে শুধু কুন্তী নয় আরও কয়েকটি চরিত্র রয়েছে, পঞ্চপাণ্ডব, স্ত্রী দ্রৌপদী, কৃষ্ণ এবং নগরবাসী—যাদের ভূমিকা অনেকটা গ্রিক নাটকের কোরাসদের মতো। রবীন্দ্রনাথ ও বুদ্ধদেব, উভয় সাহিত্যকর্মে কর্ণ, কুন্তীর অসিদ্ধ প্রথম পুত্র, এক জটিল চরিত্র যার ভেতর একাধারে মহত্ত্ব ও কদর্যতার সমন্বয় ঘটেছে অথচ মহাভারতের এক লোকপ্রিয় নায়ক এই অসুখী এবং নগণ্য সূত-পুত্ররূপে পরিচিত চরিত্রটি। এমন চরিত্রই তো কাহিনি-কাব্য ও নাটকের যোগ্য উপাদান। লক্ষ করা যায়, সূক্ষ্ম বিচারে গ্রিক মহাকাব্য ইলিয়াড চরিত্র একিলিস ও মহাভারত চরিত্র কর্ণের ভেতর বিপরীতমুখী হলেও বিবিধ সাযুজ্য বর্তমান। দুজনই বীর যোদ্ধা, দুজনকেই যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করা হয়েছে, যদিও একিলিস প্রাথমিকভাবে ট্রয়ের যুদ্ধের ব্যাপারে সম্পূর্ণ উদাসীন ছিল। কর্ণে এমন ঔদাসীন্য অনুপস্থিত, কিন্তু কৌরবের পক্ষেÿএবং পাণ্ডবদের বিপক্ষে যুদ্ধে তার ভূমিকার গুরুত্ব একই— জিসসের ট্রয় যুদ্ধের মতোই সমান গুরুত্বপূর্ণ ছিল।
এমন একটি নাটক আধুনিক মঞ্চে উপস্থাপন বিবিধ বিচারে জটিল, বিশেষ করে thematically দর্শকদের কাছে গুরুত্বপূর্ণ ও সাম্প্রতিক করে তোলা এবং উজ্জ্বল শব্দাবলিসংবলিত কাব্য-সংলাপগুলোকে কার্যকর ধ্বনিপ্রাধান্য ও সঠিক স্বরভেদের মাধ্যমে শ্রোতাদের কাছে বোধগম্য করা। স্বীকার করতেই হবে প্রথম পার্থ মঞ্চায়নে থিয়েটার স্কুল প্রাক্তনীর কুশীলবেরা জয়িতা মহলানবীশের নির্দেশনায় সঠিকভাবেই করতে সক্ষম হয়েছে। সংলাপ প্রক্ষেপণে সব অভিনেতাই তাদের দক্ষতা দেখাতে পেরেছে নিঃসন্দেহে। জয়িতা একটি কাজ সুন্দর করেছে আর সেটি হলো সব চরিত্রের সাবলীলতা ও স্বতঃস্ফূর্ততার ওপর জোর দিয়েছে। খুবই সাদামাটা মঞ্চ—যার খুঁটিনাটি দু-একটি জিনিস সম্ভবত অভিনেতাবান্ধব হলে আরও সমৃদ্ধ হতো। পোশাকসজ্জা এমন একটি পৌরাণিক কাব্যকে সঠিক রূপ দিয়েছে, জয়িতার অভিনয় দলকে। নাটকের অনবদ্য কিছু বক্তব্য তাদের অভিনয়গুণে দর্শকদের দীর্ঘ সময় চিহ্নিত করবে নিঃসন্দেহে, যেমন: ‘যুদ্ধ ভালো নয়,/ যুদ্ধ ভালো :/ দুটোই সমান সত্য,/ স্থান কাল পাত্র অনুসারে।’ কিংবা ‘আমারও মাঝে মাঝে ইচ্ছে করে/ যুদ্ধ ছেড়ে, রাজনীতি ছেড়ে, রাখাল হয়ে বনে বনে বাঁশি বাজাই।’ অথবা ‘কিন্তু জয়ীরা তাদের প্রাক্তন জয় ভুলে যান কালক্রমে’, ‘পরাজয় কেউ ভোলে না’ কিংবা, ‘সব যুদ্ধই অন্যায়, সব হত্যাই ভ্রাতৃহত্যা।’
কর্ণ চরিত্রে মো. নূর জামান রাজা শারীরিক গঠনে কর্ণের কল্পরূপে না মিললেও অভিনয়গুণে বাস্তব হয়ে উঠেছেন। কুন্তী, দ্রৌপদী ও কৃষ্ণ চরিত্রে যথাক্রমে শিরীন বকুল, তানিয়া হোসাইন এবং গোলাম শাহরিয়ার শিক্ত যথাযথ নির্বাচন। আলোক প্রক্ষেপণ ত্রুটিহীন ছিল না, যা বাংলাদেশের অধিকাংশ মঞ্চনাটকের দুর্বলতম দিক। এই দুর্বলতার প্রধানতম কারণ শিল্পকলা একাডেমীর সবগুলো হলঘরের আলোকসম্পাত আধুনিকীকরণ অত্যাবশ্যক। তবে সার্বিকভাবে এ কথা নির্দ্বিধায় বলা যায়, থিয়েটার স্কুল প্রাক্তনীর বুদ্ধদেব বসু রচিত প্রথম পার্থ একটি নির্মল নির্মাণ।