
খবরের তো শেষ নেই। শানদার ছবির ট্রেলার মুক্তির অনেক আগে থেকে চলছে আলোচনা। কিন্তু মুক্তির ঠিক আগে খবর বের হলো, ‘শানদার একটি পারিবারিক ছবি!’ শুনে তো অনেকেই পড়ে গেল দ্বিধায়। যে ছবিতে আলিয়া ভাট স্বল্প বসনে হেঁটেছেন সাগরপাড়ে, যা দেখে চোখ ছানাবড়া হয়েছে ছেলে বুড়ো সবার, সেই ছবি আবার পারিবারিক হয় কী করে? ঘটনা হলো, এ ছবিতে অভিনয় করেছেন বাবা পঙ্কজ কাপুর, ছেলে শহীদ কাপুর আর মেয়ে সানাহ কাপুর। তাই একভাবে বলা যায়, এটা ‘কাপুর’ পরিবারের জন্য একটি পারিবারিক সিনেমা। আর বাকিদের জন্য? এটি শুধুই ‘শানদার’!
‘শানদার’ শব্দটিকে বাংলায় বলা যায়, ‘রাজসিক’ কিংবা ‘জাঁকালো’। বিভিন্ন প্রচারাভিযানে দেওয়া শহীদ আর আলিয়ার বক্তব্যে ছবির গল্পের সঙ্গে এর নামটি মিলে যায় অনেকটা। এতে নাকি দেখানো হবে একটি রাজসিক বিয়ের গল্প। আর বিয়েবাড়িতেই ঘটবে নানা কাণ্ড।
বিয়েবাড়ি ঘিরে শানদার ছবির পরিচালকের হয়তো একটু দুর্বলতা আছে! গত বছর বলিউড মাত করা ছবি কুইন-এর কথা মনে আছে? সেই ছবিরও কিন্তু মূল গল্প ছিল বিয়ে, বিয়েবাড়ি আর হানিমুন ঘিরে। সেই ছবির পরিচালক বিকাশ বহেল শানদার ছবির নির্মাতা। তবে এবার বিকাশের সঙ্গে ‘কুইন’ কঙ্গনা নেই। আছেন ‘শানদার’ আলিয়া ও শহীদ।

তবে শানদার ছবির আকর্ষণ কিন্তু শুধু শহীদ আর আলিয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই। বলিউডে এখন শানদার-এর সানাহ কাপুরকে ঘিরেও দারুণ আগ্রহ। ‘গুলাবো’ গানে সানাহর ‘শুভদৃষ্টি’ হওয়ার পর থেকে এ মেয়ে হয়ে উঠেছেন বলিউডের ‘টক অব দ্য টাউন’। মেয়েটি কেমন করে বলিউডের গুলাবো হলেন, সবাই তা জানতে চায়। তখন নিজের গল্প সবাইকে বললেন সানাহ। ছবিতে তাঁর পরিবারের বাবা আর ভাই অভিনয় করেছেন, কিন্তু কাপুর পরিবারের বাকি সদস্যরা নাকি সানাহর অভিষেকের কথা জানতেই পারেননি। বাবা আর ভাইকে রীতিমতো মাথার দিব্যি দিয়েছিলেন সানাহ, বাড়ির কেউ যেন আগে থেকে এ ব্যাপারে ঠাওর করতে না পারে। বাবা আর ভাই কথা রেখেছেন।
ভারতীয় পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে সানাহ বলেন, ‘আমার পরিবারের সবাই জানে, আমি অভিনয় করতে চাই। সবাই আমাকে এ বিষয়ে পরামর্শ দিয়েছে। আমাকে সাহায্য করার জন্য বাড়ির সবাই সব সময় প্রস্তুত। কিন্তু আমি চেয়েছিলাম পরিবারের কারও সাহায্য না নিতে। তাই বাড়ির কাউকে না জানিয়েই আমি বিভিন্ন ছবির জন্য অডিশন দিয়েছি। অদ্ভুত বিষয় হলো, শেষমেশ প্রথম কাজের সুযোগ পেলাম বাবা আর ভাইয়ের সঙ্গে।’
বলে রাখা ভালো, সানাহ শহীদের সৎবোন। পঙ্কজ কাপুরের প্রথম স্ত্রী অভিনেত্রী নীলিমা আজিমের ছেলে শহীদ আর দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী সুপ্রিয়া পাঠকের মেয়ে সানাহ। তবে কাপুর পরিবারের জন্য এসব শুধু কথার কথা।
সানাহ বলেন, ‘শুটিং সেটে বাবার চেয়ে আমার বেশি খেয়াল রেখেছে ভাই। তার সামনে সংলাপ বলতে গেলে সব কেমন এলোমেলো হয়ে যেত। ভয় হতো, আমি যদি ভাইয়ের মতো ভালো করতে না পারি।’
সানাহর সেই ভয় আজ রাত পেরোলেই কেটে যাবে। কারণ, কাল ২৩ অক্টোবর অভিষেক ঘটবে সানাহ কাপুরের। সেই সঙ্গে পর্দায় প্রথমবারের মতো দেখা যাবে তিন কাপুরের প্রতাপ।
তবে এত কাপুরের ভিড়ে আলিয়া ভাট কি আড়ালে পড়ে গেলেন? মোটেও না। শানদার ছবির ট্রেলার প্রকাশের দিন বোঝা গেছে, এক ‘ভাট’ সব ‘কাপুর’কে ছাড়িয়ে যাবেন। বিভিন্ন সংবাদমাধ্যমে আসা খবর থেকে জানা গেছে, শানদার ছবির ট্রেলার প্রকাশের দিন নাকি মিলনায়তনজুড়ে ছিল পিনপতন নীরবতা। কিন্তু যখন আলিয়ার পাঁচ সেকেন্ডের সাগরপাড়ে হাঁটার দৃশ্য এল, তখন মিলনায়তন করতালি আর শিসের শব্দে কেঁপে ওঠে। তাই বোঝা যায়, ছবিজুড়ে আলিয়ার দৌরাত্ম্য কতটা। অবশ্য ছবিটির জন্য আলিয়া যে পরিশ্রম করেছেন, তাতে এটুকু তাঁর প্রাপ্যই।
ছবির শুটিংয়ের কথা মনে করে পরিচালক বিকাশ বহেল বলেন, ‘প্রচণ্ড শীতে ইউরোপের কয়েকটি দেশে এ ছবির শুটিং করেছি। আলিয়াকে হাড় কাঁপানো শীতের রাতে পানিতে নামতে হয়েছে। এ ছবির শুটিং করতে গিয়ে একাধিকবার অসুস্থ হয়েছে সে। এতটা পরিশ্রম হয়তো অন্য কেউ করতে পারত না।’
একই ধরনের মন্তব্য করেছেন শহীদ কাপুরও। তিনি তো আলিয়াকে তাঁর ‘অনুপ্রেরণা’ বলেছেন। তাহলে বুঝুন, পর্দায় কতটা ‘শানদার’ আলিয়া আর শহীদের এই রসায়ন।
ইন্ডিয়া টুডে, ইন্ডিয়ান এক্সপ্রেস, বলিউড লাইফ ও বিজনেস অব সিনেমা অবলম্বনে