
‘ছবিটি লেখিকা তসলিমা নাসরিনের জীবনী নয়। বরং এটা হলো মানবতার গল্প, সম্পর্কের গল্প, বিচ্ছেদের গল্প।’ এমনটা আগেই বলেছিলেন পরিচালক চুর্ণী গাঙ্গুলী। ছবিেত তিনি অভিনয়ও করেছেন। বিতর্ক দিয়ে একে বাজারে বিক্রি করার ইচ্ছা নেই পরিচালকের। তাই ছবি মুক্তির আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন, ছবিতে দর্শক কোথাও খুঁজে পাবেন না তসলিমা নাসরিনকে! জেনে অবাক হচ্ছেন তো? তাহলে এত দিন যে চাউর হলো, চুর্ণীই হচ্ছেন পর্দার তসলিমা? না, চরিত্রটি দেখতে তসলিমার মতো হলেও, ছবিতে এর কোনো নির্দিষ্ট নাম নেই। কারণ, পরিচালক চেয়েছেন কোনো নাম যেন তাঁর সম্পর্কের গল্পটাকে ছাপিয়ে না যায়। এ জন্যই অনেক ভেবেচিন্তে দেড় বছর সময় নিয়ে পরিচালক নিজেই লিখেছেন ছবির পাণ্ডুলিপি। যার পরিণত রূপটি দেখা যাবে কাল ১৪ আগস্ট থেকে ভারতের পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহগুলোতে নির্বাসিত নামে।

ছবির গল্প একজন নির্বাসিত লেখিকা ও তাঁর পোষা বিড়ালকে নিয়ে। তাঁদের সম্পর্কটা মা আর মেয়ের মতোই গাঢ়। কিন্তু একটা সময় সেই লেখিকাকে দেশ থেকে করা হয় নির্বাসিত। সে চলে যায় নিজ মাতৃভূমি থেকে অনেক দূরে। আর ঘটনাক্রমে তাঁর পোষা বিড়াল ‘বাঘিনী’ থেকে যায় দেশে। শুরু হয় বিচ্ছেদের অধ্যায়। এভাবেই এগিয়ে চলে নির্বাসিতর গল্প।
শুরু থেকেই ছবিটি নিয়ে নানা মহলের নানা উদ্বেগ ছিল। কিন্তু পরিচালক চুর্ণী গাঙ্গুলী ছিলেন একেবারে নিশ্চিন্ত। তাই তো তাঁর এই বিশ্বাস থাকে দেশ-বিদেশের নানা সম্মানজনক পদকের পাশাপাশি এনে দিয়েছে জাতীয় পুরস্কারও। ছবিটির প্রযোজক চুর্ণীর স্বামী কৌশিক গাঙ্গুলী। ছবির প্রথম পাণ্ডুলিপিটি লিখেছিলেন কৌশিকই। কিন্তু যখন চুর্ণী ঠিক করেন এটি হবে তাঁর পরিচালিত প্রথম ছবি, তখন তিনি নিজেই কলম তুলে নেন হাতে। প্রথমে এটা ছিল এক মেয়ে ও তাঁর নির্বাসিত মায়ের গল্প। কিন্তু চুর্ণী তা বদলে গল্পে নিয়ে আসেন বিড়াল বাঘিনীকে। আর গল্পের এই অংশটাই যেন নির্বাসিতকে করে তোলে সবার চেয়ে আলাদা। যেন পর্দায় সত্যিই ভেসে ওঠে তসলিমা নাসরিন ও তাঁর পোষ্য বিড়াল মিনুর গল্প। তবে পরিচালক গল্পটি একজনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তসলিমা ছিলেন সাবটেক্সট। এই চরিত্রটি আসলে যে কারোই হতে পারে। এই বিচ্ছেদের অনুভূতি একজন পুরুষও অনুভব করতে পারবে।’
আসলেই কি তা-ই? নির্বাসিত এক লেখকের মাতৃভূমি, মাতৃভাষা আর সন্তানের কাছ থেকে দূরে সরে যাওয়ার গল্পটি আসলেই কি কোনো বিতর্কের জন্ম দেবে না? অপেক্ষা আর একটি দিনের, তারপরই পরিষ্কার হয়ে যাবে সব দ্বিধা আর সংকোচ। ছবিতে নির্বাসিত সেই লেখিকা একটি সংলাপে বলেছেন, ‘এই যুদ্ধটা হলো কলম আর তলোয়ারের মধ্যে এবং সেখানে সব সময় শুধু তলোয়ারেরই জয় হয়।’ আসলেই কি তা-ই? নির্বাসিতর এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সবখানে।
টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, আইবিএন লাইভ, ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে