একটি বড় ক্যানভাসের নাটক আনতে পেরেছি
সম্প্রতি মঞ্চে এসেছে নাগরিক নাট্যাঙ্গনের নতুন নাটক পুসি বিড়াল ও একজন প্রকৃত মানুষ। আমেরিকান নাট্যকার আর্থার মিলারের মূল নাটক থেকে এটি লিখেছেন প্রৈতী হক। নির্দেশনার কাজটি করেছেন লাকী ইনাম। আজ তাঁর সাক্ষাৎকারপ্রথম প্রদর্শনীতে নাটকে দর্শকের মতামত কেমন?প্রথম প্রদর্শনীতেই শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন দর্শকে ভরে গিয়েছিল। আমার কাছে মনে হয়েছে, প্রথম প্রদর্শনীতেই দর্শক জয় করতে পেরেছি। অনেক নাট্যকর্মীও নাটকটি দেখেছেন। তাঁরা অনেকেই মতামত দিয়েছেন, অনেক দিন পর মঞ্চে একটি ভালো নাটক দেখা গেল।নাটকটি নিয়ে তো আপনারা অনেক দিন কাজ করেছেন।ঠিক অনেক দিন বলা যাবে না। আমরা টানা ছয় মাস নাটকটি নিয়ে কাজ করেছি। তবে প্রাথমিক প্রস্তুতির জন্য আরও কিছুদিন সময় নিয়েছি। নাটকটি বড় পরিসরে মঞ্চে এসেছে। এ ছাড়া সেট, আলোক ও পোশাকে আমাদের যেকোনো নাটকের চেয়ে ভিন্নতা আছে নাটকটিতে। নাটকটি নিয়ে আমাদের পরীক্ষা-নিরীক্ষা করতে হয়েছে। এ জন্য সময়টাও একটু বেশি দিতে হয়েছে। তা ছাড়া আমরা নাটকটির তিনটি কারিগরি মঞ্চায়নও করেছি।নাটকটি লিখেছেন আপনার মেয়ে প্রৈতী হক। এটি তাঁর লেখা প্রথম নাটক। কাজটি করতে গিয়ে কেমন লেগেছে?প্রৈতী ছোটবেলা থেকেই লেখালেখি করে। ছোটবেলা থেকে কবিতা, গল্প, কমিকস লিখে আসছে। আমার কাছে ওর লেখার হাত বরাবরই ভালো মনে হয়েছে। আমাদের পরিবারে সবাই তো অভিনয় করে। কিন্তু ও অভিনয়ের দিকে যায়নি। তবে লেখালেখির পাশাপাশি সংগীতের কাজও করে। আমাদের দলের অনেক নাটকেই প্রৈতী সংগীতের কাজ করে।আপনারা নাকি একটি নাটকের বই প্রকাশ করতে যাচ্ছেন?১০টি নাটক নিয়ে একটি বই প্রকাশ করার চেষ্টা করছি। তবে কাজটি করছেন ড. ইনামুল হক। বইটিতে আমার, ইনাম ও প্রৈতীর লেখা নাটক থাকবে। এখানে কোনো মৌলিক নাটক থাকবে না। সবই রূপান্তর ও অনুবাদ। আশা করা হচ্ছে, আগামী একুশের বইমেলায় প্রকাশ করা হবে বইটি।বিগত বছরে দলের কাজ নিয়ে আপনার সন্তুষ্টি কেমন?সারা বছরই যদি কাজের মধ্যে ব্যস্ত থাকা যায়, তাহলে কাজ নিয়ে ভালো লাগা বা মন্দ লাগার হিসাব-নিকাশ করা কঠিন। আমরা তো সারা বছরই নিয়মিতভাবে কাজ করে আসছি। বিগত বছরে দেশ থেকে শুরু করে দেশের বাইরে গিয়ে একাধিক নাটক মঞ্চস্থ করেছি। সবচেয়ে বড় কথা, গত বছর খুবই ভালোভাবে একটি বড় ক্যানভাসের নাটক মঞ্চে আনতে পেরেছি এবং প্রথম প্রদর্শনীতেই নাটকটি দর্শকের কাছে পছন্দ হয়েছে। এটি শুধু আমার একার সন্তুষ্টি না, দলের সবারই। এ ছাড়া আমাদের নাটকের স্কুল নাগরিক নাট্যাঙ্গন স্কুল অব ড্রামা (এনএনআইডি) নিয়েও আমরা সারা বছরই ব্যস্ত ছিলাম।এনএনআইডির খবর কী?বর্তমানে ১২তম ব্যাচের কাজ চলছে। সামনে আমরা ১২তম ব্যাচের কাজ নিয়ে সেলিব্রেট করব। ২০০৫ সালে নাটকের স্কুল এনএনআইডি যাত্রা শুরু করে। ছয় মাসের কোর্স। বছরে দুটি করে ব্যাচ বের হচ্ছে। প্রতিবছরই ৫০ থেকে ৬০ জন করে ছেলেমেয়ে এখান থেকে বের হচ্ছে। মোট কথা, এনএনআইডি প্রতিবছর ঢাকার মঞ্চে একাধিক নাট্যকর্মী তৈরি করছে। এটা নাগরিক নাট্যাঙ্গনের একটা বড় অর্জন। আমাদের উদ্দেশ্য নতুন প্রজন্মের নাট্যকর্মী তৈরি করা।নতুন বছরে থিয়েটার নিয়ে কী ভাবছেন?এ বছরও আমাদের নিয়মিত প্রযোজনাগুলো মঞ্চে থাকবে। তা ছাড়া নতুন নাটকটির একাধিক প্রদর্শনী করার চিন্তা আছে। এর মধ্যে রবীন্দ্রনাথের একটি কাজ খুব তাড়াতাড়িই শুরু করার ইচ্ছা আছে। রূপান্তরের কাজ শুরু হচ্ছে। আশা করছি, আগামী মাস থেকেই রিডিংয়ে যেতে পারব। নাটকটির রূপান্তর ও নির্দেশনার কাজ আমি নিজেই করছি।