
‘ওপেন স্পেস থিয়েটার’ নামে একটি নাটকের দল আমাদের নাট্যভুবনের নতুন সদস্য হয়েছে। জানতে পেরেছি, এই নাট্যদলের অধিকাংশ সদস্য বিশ্ববিদ্যালয়-জীবনে নাট্যচর্চা করতেন, বর্তমানে তাঁরা বিভিন্ন পেশায় নিয়োজিত। তবে তাঁদের নাট্যপ্রীতি আজও তাঁদের জীবনের সঙ্গে আশ্লিষ্ট হয়ে আছে এবং তাঁদের সম্মিলিত প্রয়াসে আত্মপ্রকাশ করল ‘ওপেন স্পেস থিয়েটার’। আমার মনে পড়ল সেই বিখ্যাত লাতিন উক্তি, ‘ভিনি, ভিডি, ভিসি; যার অর্থ হলো আমি এলাম, দেখলাম এবং জয় করলাম।’ কথিত আছে জুলিয়াস সিজার একটি যুদ্ধে জয়ের পর এমন উক্তি করেছিলেন।
সম্প্রতি ওপেন স্পেস থিয়েটারের আমন্ত্রণে টুয়েলভ অ্যাংরি মেন নাট্য প্রযোজনাটি দেখলাম বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে। আমেরিকান নাট্যকার রেজিনাল্ড রোজের টুয়েলভ অ্যাংরি মেন-এর কাহিনি অবলম্বনে বিভিন্ন সময়ে একাধিক চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে, যাতে অভিনয় করেছেন হলিউডের নন্দিত অভিনেতারা। এই নাটকে ১২ জন আদালতের জুরিবর্গের নির্ণায়ক সভা নিশ্ছিদ্র মনোযোগহরণকারী, মর্মভেদী ও অন্তরস্পর্শী। নাট্যকাহিনি একটি ছেলের হাতে তার পিতার মৃত্যু হয়েছে কি না অর্থাৎ পুত্র পিতার হত্যাকারী কি না, এ নিয়ে ১২ জন রাগী জুরির তর্কবিতর্কের মধ্য দিয়ে সত্য উন্মোচিত হয়। ‘রাগী’ শব্দটি ব্যবহৃত হলো, নিজ বিশ্বাস অনড় থাকা এই অর্থে। তবে জুরিরা প্রত্যেকের নিজস্ব চরিত্রবৈশিষ্ট্য স্বতন্ত্র; যেমন একজন ব্যক্তি অন্য ব্যক্তির চেয়ে তার স্বভাব ও প্রকৃতিতে পৃথক হয়ে থাকে।
ওপেন স্পেস থিয়েটারকে এক নিটোল ও চিত্তহরণকারী নাট্য প্রযোজনা উপহার দেওয়ার জন্য সাধুবাদ জানাই। এক ঘণ্টা ব্যাপ্তিকালের এই নাট্য প্রদর্শনীতে আমি মুহূর্তের জন্য মনস্কতা হারাইনি। নাটকের নির্বাক মুহূর্তগুলো এক অদ্ভুত সবাক প্রাচুর্য দেখিয়েছে। নিঃশব্দের এই যৌক্তিক পরিভাষাটির চমৎকার ব্যবহার পুরো নাটকেই খেয়াল করেছি। জুরিবোর্ডের প্রত্যেক সদস্য নিজ নিজ চরিত্রবৈশিষ্ট্যে আকর্ষণীয় হয়ে উঠেছিলেন। কেউ স্থিত ও কম কথা বলে, কেউ রাগী, কেউ সব সময় ছটফট করে এবং সবাই নিজ নিজ যুক্তিতে এগিয়ে থাকতে চান এবং তাকে প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর; যেমনটি আমরা যেকোনো সভায় অথবা সম্মেলনে দেখতে পাই। ১২ জন জুরির প্রত্যেকে নিজ নিজ স্বকীয়তা ও বৈশিষ্ট্যে স্বতন্ত্র। এ কাজটি ১২ জন অভিনেতাই সুনিপুণভাবে পালন করেছেন। ওপেন স্পেস থিয়েটার সত্যিকার অর্থে ওপেন স্পেসে নাটকটির প্রদর্শনী সম্পন্ন করেছে। একটি লম্বা টেবিল এবং ১২টি চেয়ার শিল্পকলা একাডেমির মাঝখানে স্থাপন করে নাটকটির প্রদর্শনী সম্পন্ন হয়েছে। দর্শককেরা বসেছেন চারদিকে অনেকটা ‘থিয়েটার ইন্দ্যরাউন্ড’ স্টাইলে। অভিনেতারা সবাই যাঁর যাঁর অভিনয় যথার্থভাবে উপস্থাপন করেছেন; এতে অবশ্য মানের তারতম্য ছিল কিন্তু কারোরই অভিনয় দুর্বল ছিল না। নাটকটির সার্বিক নির্মাণের জন্য ১২ জন জুরি সদস্য, কেরানির ভূমিকায় রূপদানকারী অভিনেতা, সর্বোপরি নির্দেশক এম আরিফুর রহমান, প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুস সেলিম এবং প্রধান সংগঠক মাহজাবীন চৌধুরী বিশেষভাবে উল্লিখিত হওয়ার যোগ্যতা রাখেন। আমি আশা করব, যে সম্ভাবনা ও প্রত্যয় নিয়ে ওপেন স্পেস থিয়েটার, টুয়েলভ অ্যাংরি মেন নাট্য প্রযোজনার মাধ্যমে যাত্রা শুরু করল, তা ভবিষ্যতে বিভিন্ন নাট্য প্রযোজনার মাধ্যমে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে। নাট্যাঙ্গনে আমি এই নাট্যদলটির চলিষ্ণু পদযাত্রা প্রত্যাশা করি। জয় হোক মঞ্চনাটকের।
লেখক: অভিনেতা ও নাট্য নির্দেশক