
বৃত্ত আর্ট স্পেসে বৃত্ত বেঁধে দাঁড়িয়েছেন শিল্পী ও দর্শনার্থীরা। বেশ খানিকটা সময় ধরে গ্যালারি ঘুরে ঘুরে দেখা হলো, এবার শিল্পকর্মের পশ্চাৎপটের গল্প বলার পালা।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পান্থপথের বৃত্ত আর্ট ট্রাস্টে অতিথিদের অভ্যর্থনা জানাচ্ছিলেন দুই শিল্পী। তৈয়বা বেগম লিপি ও মাহবুবুর রহমান। এই দুই শিল্পীর আহ্বানে এক মাস ধরে ‘এরর’ নামের একটি কর্মশালা করেছেন আরও ১৩ জন তরুণ শিল্পী। এক মাস ধরে সম্মিলিতভাবে তাঁরা যা করেছেন, সেসব দেখতে এসেছেন অতিথিরা। শিল্প অবলোকনকারী চোখ নানাভাবে ব্যাখ্যা করতে পারবে সেসব এরর বা ত্রুটি। কেউ হয়তো বলবেন, এরোটিক থেকেই কি ‘এরর’ নামটা এল? নাকি নামের ওপর ভিত্তি করে কর্মশালাটিকে অমন কামদর্শী করে তোলা হয়েছে?
মাহবুবুর রহমান জানালেন, প্রথমত এটা একটা সম্মিলিতভাবে কাজ করার চেষ্টা। শিল্পীরা সাধারণত একা একা কাজ করতে চান। একার সৃজনে শিল্প কখনো কখনো ত্রুটি উতরাতে পারে না। আবার শিল্পীমাত্রেই নিজস্ব ব্র্যান্ডিংয়ের তাগিদ অনুভব করেন। সেই রীতি থেকে বেরিয়ে একসঙ্গে ভাব বিনিময়ের মাধ্যমে একত্রে কিছু একটা করার চেষ্টা। জীবনযাপনের প্রতিপদে মানুষ ভুল করে। সেসব থেকেও ভাব ধার করা হয়েছে এই কর্মশালায়। আর জীবনযাপনের প্রতি মুহূর্তে যা কিছু বস্তুগত, তার প্রায় সব উপাদানই সংগ্রহ করা হয়েছে শিল্প-কর্মশালার জন্য। সেসব দিয়ে সাজানো হয়েছে মানুষের ভুলের গল্প। ছাপাখানার প্লেট, ক্যাসেটের কার্বন ফিতা, প্লাস্টিকের বোতল, শিশুর খেলনা পুতুল, ব্যবহৃত ও অব্যবহৃত কনডম, সিগারেটের প্যাকেট, অন্তর্বাস, বিভিন্ন দশকের সিনেমা-টিভি সিরিয়ালের ছবি, কনডেন্সড মিল্কের কৌটা, তেঁতুলের বিচি, বোতাম, তাসসহ শত শত, হাজার হাজার উপাদান সাজিয়ে কিংবা অবিন্যস্তভাবে চার দেয়াল, ছাদজুড়ে আঁকা হয়েছে ত্রুটির গল্প।
প্রদর্শনীতে এসেছিলেন সমালোচক সাদেক খান। তিনি গ্যালারি ঘুরে দেখে বললেন, ভাবনাটি ভালো। বৃত্ত আর্ট গ্যালারিতে ১৯ ফেব্রুয়ারি বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই শিল্প প্রদর্শনী দেখে আসা যাবে। কর্মশালায় অংশ নেওয়া শিল্পীরা হলেন সনদ কুমার বিশ্বাস, আলী আসগর, মো. আমিনুল ইসলাম, জুয়েল এ রব, যুতন চন্দ্র রায়, মানিক বণিক, ফারাহ নাজ মুন, রাসেল চৌধুরী, রুপন রায়, সাদিয়া মরিয়ম, সাদমান শহীদ, শিমুল দত্ত ও উপমা দাশ।