একটি স্ফুলিঙ্গ দেখতে পেলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্লিনালের স্পটলাইট এবার পড়েছিল বাংলাদেশে। এ মাসের শুরুতে গ্যেটে ইনস্টিটিউটের সহযোগিতায় বার্লিন চলচ্চিত্র উৎসবের প্রতিনিধি (ফেস্টিভ্যাল ডেলিগেট) ডরোথি ওয়েনা ‘বার্লিনালে স্পটলাইট’ নিয়ে বাংলাদেশে আসেন। তাঁর সঙ্গে ছিলেন এ উৎসবের ভারত ও দক্ষিণ এশিয়া অংশের উপদেষ্টা (ফেস্টিভ্যাল কনসালট্যান্ট) মীনাক্ষী শেড্ডে। তাঁরা সপ্তাহব্যাপী এ দেশের তরুণ ও সম্ভাবনাময় চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে কথা বলেন। শোনেন সেই নির্মাতাদের বিভিন্ন সম্ভাব্য চলচ্চিত্র পরিকল্পনার কথা। ঢাকা ডক ল্যাবের আয়োজনেও বার্লিনালের এ দুই উৎসব প্রতিনিধি অংশ নেন। ঢাকা ছেড়ে নিজ নিজ দেশে ফেরার আগে ডরোথি ওয়েনা তাঁর অভিজ্ঞতা জানিয়ে যান প্রথম আলোকে। কথা হয় মীনাক্ষী শেড্ডের সঙ্গেও। সঙ্গে ছিলেন আদর রহমান

ডরোথি ওয়েনা। ছবি: খালেদ সরকার
ডরোথি ওয়েনা। ছবি: খালেদ সরকার

কেমন লাগল বাংলাদেশে?

খুবই ভালো লাগল বাংলাদেশে ‘স্পটলাইট’ নিয়ে আসতে পারায়। বাংলাদেশের নির্মাতাদের কাজ অনেক দিন ধরেই আমরা দেখে আসছিলাম। এবার তরুণ নির্মাতাদের সঙ্গে কথা বলে, তাঁদের পরিকল্পনা আর চেষ্টার কথা জেনে আমি খুব রোমাঞ্চিত। এখান থেকে আমরা অনেক সম্ভাবনাময় নির্মাতাদের খোঁজ পেয়েছি। আশা করছি, তাঁরা একটা সময় চলচ্চিত্রের বিশ্বমঞ্চে মেধার ছাপ রাখতে পারবেন।

গত কয়েক দিন বাংলাদেশি তরুণ নির্মাতাদের মধ্যে কী আবিষ্কার করলেন?

তাঁদের আগ্রহ আর তাঁদের বিচিত্র সব চলচ্চিত্র পরিকল্পনা আমাকে মুগ্ধ করেছে। যাঁরা আমাকে তাঁদের ছবির গল্প শুনিয়েছেন, পিচ করেছেন—এখনই আমি আনুষ্ঠানিকভাবে তাঁদের তথ্য দিতে পারব না। তবে এটা বলতে পারি যে এ গল্পগুলোকে সঠিকভাবে ও উপযুক্ত প্রযুক্তির ব্যবহার করে চিত্রায়ণ করা গেলে এ নির্মাতারা চলচ্চিত্র-দুনিয়ায় সাড়া ফেলতে পারবেন। তাঁদের শুধু চলচ্চিত্র নির্মাণের উপযোগী ক্ষেত্র ও সহায়ক অর্থনৈতিক সুবিধা দিতে হবে।

বার্লিনালে স্পটলাইট কি বাংলাদেশের নির্মাতাদের সেই উপযোগী ক্ষেত্র ও সহায়ক অর্থনৈতিক সুবিধার ব্যবস্থা করে দেবে এবার?

আমরা যোগসূত্র ঘটিয়ে দিতে পারি। এই নির্মাতাদের তুলে ধরতে পারি আন্তর্জাতিক লগ্নিকারীদের সামনে। যাঁরা ভালো সিনেমার পৃষ্ঠপোষকতা করেন, তাঁদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে দিতে পারি। তবে সবচেয়ে ভালো হয় কি জানেন? যদি এই নির্মাতারা নিজেদের দেশেই ভালো সিনেমা নির্মাণে আগ্রহী পৃষ্ঠপোষক খুঁজে পান। কারণ, আপনি যদি একটা ব্যবসা দাঁড় করাতে যান, তাহলে আপনার পরিবারের মানুষ যতটা আগ্রহের সঙ্গে, উদারতার সঙ্গে আপনাকে সাহায্য করবে, বাইরের মানুষেরা কিন্তু অতটা করবে না। বাইরে থেকে লগ্নিকারী এলে এর বিনিময়ে অনেক সমঝোতার মধ্য দিয়ে যেতে হবে। তাই আমার মনে হয়, আমরা হয়তো এক বা দুটি চলচ্চিত্র প্রকল্পকে অর্থায়নের জন্য বিশ্বমঞ্চে নিয়ে যেতে পারব, বাকি প্রকল্পগুলো কিন্তু নিজ দেশেই তৈরি হতে পারে রাষ্ট্রের সহায়তায়, উদার বিনিয়োগকারীর সহযোগিতায়।

বাংলাদেশের নির্মাতাদের মধ্যে বিশেষ কোনো সম্ভাবনা কি লক্ষ করলেন এবার?

আমি এ দেশের চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে একটা স্ফুলিঙ্গ দেখতে পেলাম। তাঁদের মধ্যে জ্বলে ওঠার প্রবণতা আছে। যদি এই নির্মাতারা এক হয়ে নিজেদের মধ্যে একটা যোগাযোগ তৈরি করতে পারেন, একে অন্যের প্রচার করতে পারেন, সাহায্য করতে পারেন, তাহলে এখানকার চলচ্চিত্র নির্মাতারা অনেকের থেকে এগিয়ে থাকতে পারবেন।

বার্লিনালে স্পটলাইট কি ভবিষ্যতে বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে কাজ করবে?

বার্লিনালে স্পটলাইট একবারই একটি নির্দিষ্ট অঞ্চলে প্রতিভা অন্বেষণে আসে। এবার বাংলাদেশে এলাম। বাংলাদেশ থেকে আমরা যে নির্মাতাদের চলচ্চিত্র প্রকল্পের পরিকল্পনাগুলো শুনে গেলাম, তাঁদের নিয়েই আমরা সামনের বছরগুলোতে কাজ করব, তাঁদের সঙ্গে বিশ্ব চলচ্চিত্র মঞ্চের যোগাযোগ করিয়ে দেব। এই প্রকল্প যেন সাফল্যের সঙ্গে বাস্তবায়িত হয়, অর্থাৎ সিনেমাটা যেন ঠিক নির্মাতার কল্পনার মতো করেই হয়, আমরা আগামী বছরগুলোয় সেদিকে নজর রাখব।

মীনাক্ষী শেড্ডে
মীনাক্ষী শেড্ডে

মীনাক্ষী শেড্ডে
উৎসব উপদেষ্টা (ভারত ও দক্ষিণ এশিয়া), বার্লিনালে

আমরা সেই বিকল্পধারার সিনেমা খুঁজি, যা গতানুগতিক ধারাকে প্রশ্নবিদ্ধ করবে। ভারতের বলিউড তো ইতিমধ্যেই তাদের নিজ ধারায় প্রতিষ্ঠিত। কিন্তু বলিউডের আগ্রাসনে আঞ্চলিক অনেক ভালো সিনেমাও আড়ালে পড়ে যাচ্ছে, পাচ্ছে না যথাযোগ্য পৃষ্ঠপোষকতা। আমরা (বার্লিনালে স্পটলাইট) চেষ্টা করি, সেসব আড়ালে পড়ে যাওয়া সম্ভাবনাময় চলচ্চিত্র প্রকল্পগুলোর দিকে আলো ফেলতে। আমাদের বাংলাদেশে আসার কারণও এটা। দক্ষিণ এশিয়ায় অনেক বিচিত্র গল্প, অনেক সম্ভাবনাময় নির্মাতা রয়েছেন। এরই মধ্যে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি। অনেকের কাছে শুনেছি ভিন্নধর্মী গল্প। আমরা ভাবতেও পারিনি যে বাংলাদেশে এসে এমন গল্প, এমন চলচ্চিত্র পরিকল্পনাও শুনতে পাব। কিন্তু আমরা পেয়েছি আর শুনেছি। এখানকার চলচ্চিত্র ব্যক্তিত্ব ও নির্মাতাদের আগ্রহ আমাদের দারুণ উৎসাহ দিয়েছে। আশা করছি, এখান থেকে আমরা এমন কয়েকজন বাংলাদেশি নির্মাতাকে পাব, যাঁরা আগামী দিনগুলোয় চলচ্চিত্র-দুনিয়াকে তাঁদের সৃষ্টিশীল নির্মাণ দিয়ে সমৃদ্ধ করবেন।

বার্লিনালে স্পটলাইট কী?
বার্লিনালে স্পটলাইট হলো আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বার্লিন চলচ্চিত্র উৎসবের (বার্লিনালে) সঙ্গে বাংলাদেশি চলচ্চিত্রকারদের সঙ্গে যোগাযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম। ১ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর চলে এই কার্যক্রম। রাজধানীর ধানমন্ডির গ্যেটে ইনস্টিটিউটে দুই দিন এবং বাকি দিনগুলোয় এ আয়োজন চলে ঢাকা ডক ল্যাবে। এই আয়োজনে বাংলাদেশের চলচ্চিত্রকার, প্রযোজক ও চিত্রনাট্যকারেরা নিজেদের চলচ্চিত্র নিয়ে সরাসরি কথা বলেন বার্লিনালের দুই গুরুত্বপূর্ণ প্রতিনিধি ডরোথি ওয়েনা ও মীনাক্ষী শেড্ডের সঙ্গে। এখান থেকে নির্বাচিত চলচ্চিত্রকার, প্রযোজক ও চিত্রনাট্যকারদের সম্ভাব্য প্রকল্প যাবে বার্লিনালে ট্যালেন্টসে। শুধু আগামী বার্লিন চলচ্চিত্র উৎসবই নয়, বার্লিনালে ট্যালেন্টসে যাওয়া প্রকল্পগুলো উৎসব কর্তৃপক্ষ আগামী কয়েক বছর নিজেদের পর্যবেক্ষণে রাখবে, পৃষ্ঠপোষকতা করবে এবং সেটাই তুলে ধরবে বার্লিনালেতে। ঢাকায় বার্লিনালে স্পটলাইট আয়োজন করে বার্লিন চলচ্চিত্র উৎসব ও গ্যেটে ইনস্টিটিউট। সঙ্গে অংশীদার হয়ে কাজ করছে ইন্টারন্যাশনাল ফিল্ম ইনিশিয়েটিভ অব বাংলাদেশ ও ঢাকা ডক ল্যাব।