কী সুন্দর ফুটে আছে ফুল। এই তো, সমুদ্রের জগৎ হলো উন্মোচিত। বাহারি রঙের নৌকাও তো দেখা যায়। সমুদ্র, নদী, ঝরনাধারা, বিল, নীলিমার খেলা, পাহাড়, বৃক্ষ, সবুজের রাশি—পুরো প্রকৃতিই যেন উঠে এসেছে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষ ও প্রধান মিলনায়তনের বাইরের লবিতে।
না, বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই। সেখানে আয়োজিত হয়েছে একটি চিত্র প্রদর্শনী ‘জীবনের জন্য শিল্প’।
কেন এমন নাম?
ল্যাবএইড ফাউন্ডেশনের উদ্যোগে প্রদর্শনীটি হচ্ছে। প্রতিষ্ঠানটি ২০০৯-এ দুটি ও ২০১৫-তে তিনটি আর্ট ক্যাম্প করেছিল। আয়োজকেরা বলছেন, উদ্দেশ্য ছিল ল্যাবএইড হাসপাতালে আসা রোগী এবং তার স্বজনদের একটু স্বস্তি দেওয়া। এ জন্য সেন্ট মার্টিন দ্বীপ, মেঘনা নদী ও বান্দরবানে নিয়ে গিয়ে শিল্পীদের বলা হয়েছিল, তাঁরা যেন নিসর্গের ছবিই আঁকেন। ছবি দেখে মুমূর্ষু জীবন যেন একটু শান্তি খুঁজে পায়।
হাসপাতালের বিভিন্ন দেয়ালে ছবিগুলো ছিল এত দিন। সেখান থেকে ২০০টি ছবি নিয়ে এখন আয়োজিত হলো এ প্রদর্শনী। ৫৭ জন শিল্পী এঁকেছেন এসব ছবি।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে নৃত্যদল ‘সাধনা’ পরিবেশন করে একটি নাচ। ল্যাবএইড ফাউন্ডেশনের চেয়ারম্যান এ এম শামীম উদ্যোগটি নিয়ে কথা বলেন। শিল্পী সমরজিৎ রায়চৌধুরী ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এই উদ্যোগের প্রশংসা করেন।
বিশেষ অতিথি আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ছবি যেন শান্তিরই প্রতিকৃতি। এখন এই অস্থির সময়ে সব জায়গায় ছবিরূপে শান্তি দাঁড়িয়ে পড়ুক, যেন অস্থির মানুষগুলো শান্ত হতে পারে। প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, শিল্পপ্রেমিক কখনো ঝগড়া পছন্দ করতে পারে না, কখনো যুদ্ধপ্রেমী হতে পারে না। তাই মানুষের রুচির উন্নতির জন্যই শিল্পচর্চা প্রয়োজন।
প্রদর্শনী চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার ছাড়া যেকোনো দিন গেলে ছবিগুলো দেখা যাবে।
ব্যাক আর্টের প্রদর্শনী
‘শহরে শ্বাস নেওয়ার বাতাস নেই। আমরা এখন কী করব?’
প্রশ্নটি এবং এর সঙ্গে উত্তর লিখে পাঠানোর ঠিকানাসহ একটি খাম উড়িয়ে দেওয়া হলো গ্যাসবেলুনের সঙ্গে। শিল্পী শুভ সাহার প্রত্যাশা, কেউ একজন এই প্রশ্নের উত্তর লিখে পাঠাবেন। অপরিকল্পিত নগরায়ণ নিয়ে এ রকম প্রায় এক শ প্রশ্ন উড়ল বাতাসে।
বাস-অনুপযোগী ঢাকাকে নিয়ে আরও হাজারটা প্রশ্ন উত্থাপন করতে একটি উন্মুক্ত শিল্প প্রদর্শনীর আয়োজন করেছিল তরুণ শিল্পীদের দল ব্যাক আর্ট। গতকাল শুক্রবার সকাল থেকে দিনব্যাপী ‘আরবান আওয়ার্স’ নামের এই শিল্প প্রদর্শনীর অন্যতম সমন্বয়ক মাহবুবুর রহমান, জুয়েল এ রব, সানজিদ মাহমুদ জানালেন, বছরের শেষে তাঁরা এই প্রদর্শনীর আয়োজন করেন, যেন নতুন বছরে নিজেদের এই নগরকে নতুন করে গুছিয়ে নিতে ভাবনার খোরাক পান নাগরিকেরা।
কার্জন হলজুড়ে এই শিল্পকর্ম প্রদর্শনীতে অংশ নেন প্রায় ২০ জন শিল্পী। শহরটির মানুষেরা প্রতিদিন যেসব সমস্যার সম্মুখীন হন, প্রাচীন এই দালানকে ঘিরে দেখানো শিল্পকর্মে সেসবই তুলে ধরা হয়েছিল। সেসব দেখে দর্শনার্থীদের মনে হতেই পারে, আমরা কি এই মহানগর চেয়েছিলাম?
প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ, জীবিকা, চিকিৎসাসহ নানা উদ্দেশ্যে প্রতিদিন ঢাকায় আসছেন হাজারো মানুষ। কেউ ফিরে যাচ্ছেন, কেউবা ঘর বাঁধছেন। বংশপরম্পরায় যাঁরা এই নগরের বাসিন্দা, তাঁদেরকেও কখনো কখনো বলতে শোনা যায়, ‘দূর ছাই, এই শহরে আর না।’ চার শ বছরের পুরোনো এই শহরের অনেক কিছু আগের মতো থাকলেও প্রকৃতির প্রয়োজনীয় সবুজ, পাখি, পুকুরগুলো হারিয়ে গেছে। নগরের ব্যস্ত নাগরিকদের সেসব নিয়ে ভাববার অবকাশটুকুও থাকে না। এই প্রদর্শনী তাঁদেরকে এই ভাবনার অবকাশ দিতে সচেষ্ট হয়েছে।