এটিএন বাংলায় আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক দায়বন্ধন। এটি লিখেছেন সমরেশ মজুমদার। পরিচালনা করেছেন ফাল্গুনী হামিদ। এ নাটকে অভিনয় করেছেন নাসিম। কথা হলো তাঁর সঙ্গে।‘দায়বন্ধন’ নাটকের কী খবর?নাটকটির শুটিং কিন্তু শেষ। তনিমা আর নাদিয়ার সঙ্গে আমার বন্ধুত্ব তো সেই শুরু থেকে। সামনে নাদিয়ার সঙ্গে আমার বিয়ে হবে। এই নাটকের শুটিং করতে গিয়ে বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। দৃশ্যটি ছিল, আমি গাড়ি চালাচ্ছি, হঠাত্ তনিমার সামনে এসে গাড়িটি থামিয়েছি। কিন্তু এমনভাবে গাড়িটি থামিয়েছি, আর একটু হলেই কী যে ঘটত, ভাবতেই পারছি না।আপনি তো বিটিভির ‘কেউ রবে না বাইরে’ নাটকেও কাজ করছেন।বিটিভির জন্য নাটকটি তৈরি করেছে ইউনিসেফ। যে মেয়েটিকে আমি ভালোবাসি, সে পড়াশোনা শেষ করে গ্রামে চলে আসে। গ্রামের স্কুলে শিক্ষকতা করার চাকরি নেয়। আমি অস্ট্রেলিয়া চলে যাই। একসময় ওর জন্য একটি বৃত্তির ব্যবস্থা করে আমি দেশে আসি। ও আমাকে বিয়ে করতে রাজি হয় ঠিকই, কিন্তু গ্রামের ওই স্কুল সে ছাড়তে পারে না। পরে বিদেশে ফিরে গিয়ে আমিও ব্যাপারটি বুঝতে পারি, শিক্ষকতা একটি মহত্ পেশা। আমিও শেষে গ্রামে ফিরে আসি। নাটকটি লিখেছেন আনিসুল হক।ইদানীং কোন নাটকে কাজ করছেন?একটি খুব ভালো নাটকের কথা বলব, নীল। এটি পরিচালনা করছেন অসীম গোমেজ। ইংরেজরা কীভাবে কৃষকদের নীল চাষে বাধ্য করেছিল, পরে এর বিরুদ্ধে সাধারণ চাষিরা যে বিদ্রোহ করেছিল—তা নিয়েই নাটকের গল্প। নাটকে আমি একজন কীর্তনিয়া। আমি প্রথম কৃষকদের জাগিয়ে তোলার চেষ্টা করি। সুন্দর গল্প। আর নাটকটির কাজ করছি মেহেরপুরের আমঝুপিতে।আপনি তো ‘জয়যাত্রা’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। এরপর?আরও তিনটি ছবিতে অভিনয় করেছি। শামীম আক্তারের কালপূরবী, অনিকেত আলামের আউট অব দ্য বক্স ও রেজানুর রহমানের আদম হাওয়া। শুনেছি তিনটি ছবিই এ বছর মুক্তি পাবে। বিনোদন প্রতিবেদক