একদল তরুণের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এয়ারকম। একটি টেলিকম সার্ভিস। একদল তরুণ ছেলেমেয়ে এখানে কাজ করে। এ যেন এক অন্য ভুবন—ক্রমাগত ছুটে চলা, একজনকে ডিঙিয়ে অন্যজন, কখনো তা হয়ে পড়ে রিলেরেস, কখনো হার্ডলস। আর এ ছুটে চলা যেন চলতে থাকে কোনো এক পরিকল্পনা অনুযায়ী। জাসিফ, আরিজা, রেহান, আনাফ, যূঁথী, মুনিয়া, রাহাত, সাইরাস, টোরি—এরা কে কার পরিকল্পনার খেলোয়াড়, তা নিয়ে সংশয় কাজ করছে সবার মনে। জীবন ও জীবিকার চরম সংঘাত—প্রেম ও যান্ত্রিক জীবনের ভেতর দিয়ে এগিয়ে চলার গল্প নিয়ে ধারাবাহিক নাটক এয়ারকম। নিজের নতুন ধারাবাহিকের গল্প এভাবেই বললেন পরিচালক আলভী আহমেদ। আজ থেকে আরটিভিতে দেখানো হবে ধারাবাহিকটি। আলভী জানান, নাটকটির প্রথম ১৩ পর্বের কাজ করেছেন তিনি। ওই অংশের বেশির ভাগ কাজ হয়েছে চট্টগ্রামের ফয়’স লেকের কনকর্ড রিসোর্টে। আলভী বললেন, ‘এখন আমার আরেকটি ধারাবাহিক স্বপ্নভুখ নিয়মিত প্রচারিত হচ্ছে। একসঙ্গে দুটো ধারাবাহিকের কাজ করলে কোনোটাই ঠিকমতো হয় না। তাই এখন স্বপ্নভুখ নাটকটিই করছি।’জানা গেছে, ১৪ নম্বর পর্ব থেকে নাটকটির গল্প তৈরি হবে ঢাকার অফিসকে ঘিরে। এটি লিখেছেন ইফফাত আরেফীন।নাটকটিতে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে আলভী বলেন, ‘সারা দিন কাজের শেষে অনেক রাত পর্যন্ত আড্ডা হতো। এই নাটকে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া আর আগুন। তাঁরা গান শোনাতেন। ওই কদিনে আমরা অনেক গান শুনেছি।’ এ নাটকে আরও অভিনয় করেছেন জয়, তানজিকা, বাঁধন, তানিয়া হুসাইন, আলিফ, সাজ্জাদ রেজা, তুসি ও ফারিয়া।