একদল তরুণের 'প্রামাণ্যযাত্রা'

প্রামাণ্যচিত্র শুধু বিনোদন বা তথ্য উপাত্তকে তুলে ধরা বিষয় নয়, এটা অনেক বড় বিষয়। আজ বৃহস্পতিবার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সেমিনার কক্ষে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ।
প্রথমবারের মতো বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রামাণ্যচিত্র নির্মাণ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের তৈরি করা ‘প্রামাণ্যযাত্রা’ নামের একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।
অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী মোহাম্মাদ জাহাঙ্গীর হোসেন বলেন, প্রামাণ্যচিত্র নির্মাণের জন্য মানবিক দিকটাকে গুরুত্ব দিতে হবে।
প্রশিক্ষণ পরিচালক সাইফুল ওয়াদুদ হেলাল বলেন, বিশ্ব চলচ্চিত্রে আমরা অনেক পিছিয়ে। বিদেশি মানের চলচ্চিত্র নির্মাণের জন্য আমাদের সেই মানের প্রযুক্তি নেই। তবে আমাদের প্রামাণ্যচিত্র নির্মাণে অনেক সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে বিশ্ব চলচ্চিত্রে নতুন দিক উন্মোচন হবে।
এ ছাড়া আরও বক্তব্য দেন প্রশিক্ষণার্থী আহমদ হিমু, খন্দকার হাসান শাহরিয়া প্রমুখ। বক্তব্য শেষে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর থেকে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট প্রথমবারের মতো দুই সপ্তাহব্যাপী প্রামাণ্যচিত্র প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় অংশ নেয় ২০ জন তরুণ।