একদিকে অস্কার, অন্যদিকে স্ট্রিমিং ওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ময়দানে যুদ্ধ চলছে। একদিকে আছে বেশি বেশি অস্কার ট্রফি ঘরে নেওয়ার লড়াই। অন্যদিকে শুরু হয়ে গেছে স্ট্রিমিং ওয়ার। এই দুই তুমুল যুদ্ধের দুর্দান্ত যোদ্ধা নেটফ্লিক্স। প্রশ্ন হলো—দুই ময়দানেই কি জয়ের মালা গলায় নিতে পারবে নেটফ্লিক্স?

স্রেফ ‘হ্যাঁ’ বা ‘না’ দিয়ে এই প্রশ্নের উত্তর দেওয়া প্রায় অসম্ভব। যুদ্ধ যে হচ্ছে সেয়ানে সেয়ানে! এক তুড়িতে নেটফ্লিক্সকে খারিজ করে দেওয়া যেমন সম্ভব নয়, তেমনি নেটফ্লিক্সের প্রতিপক্ষদের খাটো করে দেখাও ঠিক যুক্তিযুক্ত হবে না।

গতবারের অস্কার আসরেই সোনালি ট্রফির খরা ঘুচিয়েছে নেটফ্লিক্স। রোমা ছবির কল্যাণে গত আসরে একাধিক অস্কার ট্রফি নেটফ্লিক্স জিতেছে। তার জন্য অবশ্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে এই অনলাইন ভিডিও স্ট্রিমিং প্রতিষ্ঠানকে। প্রথমে তো কেউ নেটফ্লিক্সকে অস্কারের পাতে তোলার যোগ্যই মনে করেনি। সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে মূল মঞ্চে গিয়ে বিজয়ীর হাসি হাসা সহজ ‘কম্ম’ নয়। এবার সেই অগ্রগতি ধরে রেখে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার পালা। সেই এগোনোটা কতটুকু সম্ভব হবে, শঙ্কা তা নিয়েই।

কারণ, নেটফ্লিক্সকে ‘অচ্ছুত’ মনে করা বিদগ্ধ বিচারকের সংখ্যা এখনো নেহাত কম নয়। সাম্প্রতিক গোল্ডেন গ্লোব, বাফটার মতো বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা গেছে, ভূরি ভূরি মনোনয়ন পেলেও ট্রফি জেতার বেলায় পিছিয়ে পড়ছে নেটফ্লিক্স। উদাহরণ হিসেবে দ্য আইরিশম্যান-এর কথাই ধরা যাক। রবার্ট ডি নিরো ও আল পাচিনো—এই দুটি নামই ছবিটি দেখার জন্য যেকোনো দর্শককে প্রলুব্ধ করতে যথেষ্ট। এর সঙ্গে আবার পরিচালনায় যোগ হয়েছে মার্টিন স্করসেজির নাম। এরই মধ্যে সমালোচকদের কাছ থেকে তুমুল প্রশংসা পাওয়া চলচ্চিত্রটি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে পাঁচটি বিভাগে মনোনয়ন পেয়েছিল। কিন্তু শেষে শূন্য হাতেই ফিরতে হয়েছে নির্মাতা প্রতিষ্ঠান নেটফ্লিক্সকে।

নেটফ্লিক্সের অবস্থা দাঁড়িয়েছে সেই বাংলা প্রবাদের মতো—‘যত গর্জে তত বর্ষে না’। গত অস্কার আসরে ১০টি বিভাগে মনোনয়ন পেলেও ট্রফি জুটেছিল তিনটি। এবার সব রেকর্ড ভেঙে প্রথমবারের মতো কোনো ভিডিওস্ট্রিমিং প্রতিষ্ঠান হিসেবে নেটফ্লিক্স ২৪টি মনোনয়ন পেয়েছে। দ্য আইরিশম্যান, ম্যারেজ স্টোরিসহ অস্কারে মনোনয়ন পাওয়া নেটফ্লিক্সের সব সৃষ্টিই মানের দিক থেকে এগিয়ে। নিন্দুকেরা যেমন বলতেন যে নেটফ্লিক্সে ভালো মানের ছবি হয় না, সেটি এখন আর তেমন সমর্থনযোগ্য নয়। এর জন্য গত কয়েক বছরে শত শত কোটি ডলার খরচ করেছে নেটফ্লিক্স। দ্য আইরিশম্যান তৈরিতে যেমন খরচ হয়েছে প্রায় ১৬ কোটি ডলার। শুধু কনটেন্ট তৈরিতে গত বছর প্রায় ১ হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগ করেছিল নেটফ্লিক্স। ব্যয়ের খাতে এ বছরের লক্ষ্য ১ হাজার ৭০০ কোটি ডলারেরও বেশি। যুক্ত করা হচ্ছে আলফানসো কুয়ারন, মার্টিন স্করসেজি, স্টিভেন স্পিলবার্গের মতো বিখ্যাত পরিচালকদের। নেটফ্লিক্সের ছবির মান নিয়ে নিন্দা-মন্দের সুযোগ তাই খুব একটা মিলছে না।

এই পৃথিবীতে সহজ অঙ্ক সহজে মেলে না। তাই শুধু ভালো মানের ছবি বানিয়েই বসে থাকেনি নেটফ্লিক্স। সেই ছবির প্রচারে কাঁড়ি কাঁড়ি অর্থও ঢেলেছে। এক হিসাবে দেখা গেছে, গত আসরের অস্কারে জিততে প্রচারের জন্যই ৩ কোটি ডলারেরও বেশি খরচ করেছিল নেটফ্লিক্স। ১০টি মনোনয়নেই যদি এমন খরচ করা হয়, ২৪-এ তবে কী হবে? ভেবে দেখতে পারেন।

পুরস্কার বিতরণের মঞ্চে চওড়া হাসি দিতে এত চেষ্টার পরও তাই শঙ্কা কাটছে না নেটফ্লিক্সের। কারণ, ভিডিওস্ট্রিমিংকে গোনায় না ধরা নিন্দুকের সংখ্যাও খুব কম নয়।

নেটফ্লিক্সের গোদের ওপর বিষফোড়া হয়ে এসেছে ‘স্ট্রিমিং ওয়ার’। প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে এসে গেছে ডিজনি প্লাস, হুলু, অ্যাপল টিভি প্লাসসহ আরও কত–কী! যদিও কেউই সরাসরি এমন অদৃশ্য যুদ্ধের অস্তিত্ব স্বীকার করছে না, কিন্তু হাবভাবে সবাই বেশ যুদ্ধংদেহী। নেটফ্লিক্সের সবচেয়ে ভয়ংকর হুমকি হিসেবে দেখা দিয়েছে ডিজনি প্লাস। কনটেন্ট নির্মাণের ক্ষেত্রে ঢের অভিজ্ঞ ডিজনি। আছে থিম পার্ক, গণমাধ্যমসহ নানামাত্রিক ব্যবসা। কনটেন্টের ভান্ডারও বিপুল। ফলে ভিডিওস্ট্রিমিং চালানোর জন্য অর্থ ও কনটেন্টের অভাব নেই ডিজনির। সাবস্ক্রিপশন ফির দিক থেকেও নেটফ্লিক্সের তুলনায় গত নভেম্বরে বাজারে আসা ডিজনি প্লাস কিছুটা সস্তা। আবার আসামাত্রই গ্রাহক সংগ্রহের লড়াইয়ে নতুন রেকর্ড গড়েছে ডিজনি প্লাস। শুধু এক দিনেই এর গ্রাহক ছাড়িয়েছে ১ কোটি। অথচ গেল বছরের শেষ তিন মাস মিলিয়ে নেটফ্লিক্স মাত্র ৪ লাখ ২০ হাজার নতুন গ্রাহক পেয়েছে। মার্কিন মুলুকে নেটফ্লিক্সের প্রবৃদ্ধির গতিও বেশ কম। তাই, ডিজনি প্লাসকে নিয়ে আলাদাভাবে ভাবতেই হচ্ছে নেটফ্লিক্সকে।

অবশ্য আন্তর্জাতিকভাবে নেটফ্লিক্সের জনপ্রিয়তা আকাশচুম্বী। সর্বশেষ প্রান্তিকে যুক্তরাষ্ট্রের বাইরে বাকি বিশ্বে প্রায় ৮৪ লাখ নতুন গ্রাহক পেয়েছে প্রতিষ্ঠানটি। গত সেপ্টেম্বরের তুলনায় গ্রাহকের সংখ্যাবৃদ্ধির হার প্রায় সাড়ে ৫ শতাংশ। এক হিসাবে দেখা গেছে, নেটফ্লিক্সের নতুন বাণিজ্যের প্রায় ৯০ শতাংশই আসে যুক্তরাষ্ট্রের বাইরে থেকে। প্রতিষ্ঠানটিও তাই নিজের চেয়ে পরের ঘরের জানালায় উঁকি দিতেই বেশি আগ্রহী। এই নীতিতেই পুরো বিশ্বে ১৬ কোটি ৭০ লাখ গ্রাহক জুটিয়েছে নেটফ্লিক্স।

সদ্যই গত বছরের শেষ প্রান্তিকের যাবতীয় হিসাব-নিকাশ প্রকাশ করেছে নেটফ্লিক্স। তাতে দেখা যাচ্ছে, কিছুটা কঠিন পরিস্থিতির মধ্যেই পড়েছে এই ভিডিওস্ট্রিমিং প্রতিষ্ঠান। প্রবৃদ্ধির চাকা শ্লথ হয়ে পড়ছে। যেহেতু গ্রাহকদের বিজ্ঞাপনের জ্বালা দেয় না নেটফ্লিক্স, তাই এর মাথায় আছে বিপুল অঙ্কের দেনা। বিনিয়োগকারীদের অর্থ ফিরিয়ে দেওয়ার তাড়া খুব বেশি। কিন্তু সেই অনুযায়ী অগ্রগতি ততটা নেই। এদিকে ডিজনি প্লাসসহ অন্যান্য আগ্রাসী প্রতিদ্বন্দ্বীদের কারণে বিক্রিবাট্টাও কিছুটা কমে এসেছে। পরিবর্তিত পরিস্থিতিতে চলতি বছরের প্রথম তিন মাসে গ্রাহক সংগ্রহের লক্ষ্যও কমিয়ে এনেছে নেটফ্লিক্স। গত বছরের একই সময় যা ছিল ৯৬ লাখ, এ বছর তা হয়েছে ৭০ লাখ। ওদিকে বিপণন খাতে ব্যয় বাড়াতে হয়েছে ২০ শতাংশ।

বিশ্লেষকেরা বলছেন চিন্তার কিছু নেই। নেটফ্লিক্সের কনটেন্টের বিশাল ভান্ডারের সঙ্গে লড়াই করা ঢের কঠিন। বিশেষ করে মার্কিন মুলুকের পাশাপাশি পুরো বিশ্বে দোর্দণ্ড প্রতাপশালী হতে ডিজনি-এইচবিওকে অনেক ঘাম ঝরাতে হবে। আর যদি অস্কার আসরে নেটফ্লিক্সের কপালে ধুন্ধুমার কিছু জুটে যায়, তবে তো কথাই নেই।

যুদ্ধের মুখোমুখি হয়েও নিজেদের আগের কৌশল থেকে সরছে না নেটফ্লিক্স। স্নায়ুর চাপ সামলাতে কনটেন্ট তৈরিতে আরও বেশি বেশি বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। সময়েই বোঝা যাবে—কার ঘরে যাবে অস্কার, কে জিতবে স্ট্রিমিং ওয়ার!

তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস, হলিউড রিপোর্টার, ফোর্বস, ব্লুমবার্গ, সিএনবিসি ও চ্যানেল নিউজ এশিয়া