একদিন বৃষ্টিতে বিকেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসিফ আকবর
আসিফ আকবর

২৮ জুন। বিকেলে চট্টগ্রামের ফয়’স লেকে মাদকবিরোধী কনসার্ট। তাই এ দিন প্লেন ধরতে হলো সকালেই। আসিফ আকবর, এস আই টুটুল ও তাঁর ধ্রুবতারা ব্যান্ড, অপি করিম, কুসুম সিকদার, ন্যান্সিসহ ১৬ জনের দল আমরা। প্লেনে উঠতে কোনো ঝামেলাই হলো না। বোর্ডিং হচ্ছে। এমন সময় ফোন এল, সড়কপথে চট্টগ্রাম আসার পথে ‘চিরকুট’ রাস্তায় দুর্ঘটনায় পড়েছে। গাড়িটার সামনে-পিছনে একদম ভেঙে গেছে। ভাগ্যিস কেউ আহত হননি। মোটামুটি অক্ষত অবস্থায় আরেকটি গাড়ি নিয়ে চিরকুটের সদস্যরা পৌঁছে গেছেন ফয়’স লেকে। 
এদিকে ৪০ মিনিট আকাশপথের যাত্রায় আমরাও পৌঁছে গেলাম চট্টগ্রাম। এরপর আরও ৪০ মিনিটে ফয়’স লেক। ঝিরঝির বৃষ্টি। বৃষ্টিভেজা নিসর্গ দেখে চোখ জুড়িয়ে গেল। ছোট ইঞ্জিন বোটে করে যেতে যেতে কুসুম ও অপি ছবি তুলছিলেন। এরপর গাড়িতে চলছিল অপি, কুসম আর আমাদের বিরামহীন আড্ডা। শান্ত মেয়ে ন্যান্সি এর আগের রাতে তিনটা পর্যন্ত লাইভ অনুষ্ঠান করে একটু বিশ্রাম নিতে চেয়েছিলেন। কিন্তু আড্ডা ও গল্পের তোড়জোড়ের মধ্যে কি ঘুমানো যায়! ন্যান্সির ঘুম হলো না।
রিসোর্টে পৌঁছে যে যাঁর রুমে। আধঘণ্টা পর গরম পরোটা, ডাল, ডিম, সুজি দিয়ে ভরপেট নাশতা। টেবিলে দেখা হলো চিরকুট দলের সঙ্গে—দুর্ঘটনায় একটু কেটেকুটে গেছে কারও কারও শরীর। মুখে দুর্ঘটনার কথা বললেও চোখে-মুখে কিন্তু কোনো ক্লান্তি ছিল না তাঁদের। বোঝা যাচ্ছিল, চিরকুট আজ দুর্দান্ত পারফর্ম করবে। নাশতা শেষে সবাইকে জানিয়ে দেওয়া হলো, দুইটার মধ্যে বিশ্রাম, গোসল সেরে খাবার টেবিলে দেখা হবে। এস আই টুটুল প্রশ্ন ছুড়লেন, ‘গান-বাজনা হবে কখন? মনে তো হচ্ছে খেতেই এলাম।’
দুপুরে খাবার টেবিলে রিংকু ও ইমরানকেও দেখা গেল। সবাই মিলে হইচই করে দুপুরের খাবারের পাশাপাশি কে কখন গাইবেন, তা ঠিক করে নেওয়া হলো। গানের ফাঁকে ফাঁকে কারা কথা বলবেন, ঠিক করা হলো তা-ও।

এস আই টুটুল
এস আই টুটুল

অনুষ্ঠান শুরু হওয়ার কথা তিনটায়; কিন্তু শুরু হলো বিকেল পৌনে চারটায়। তখন বৃষ্টি হচ্ছে—কখনো ঝিরঝির, কখনো ভারী। আমরা ভাবছি, আজ শুধু চেয়ারই থাকবে দর্শকের স্থানে। কিন্তু না। আসিফ আকবর, এস আই টুটুল, ন্যান্সি, চিরকুট, অপি করিম, কুসুম সিকদারের আকর্ষণে ভরে গেল দর্শক সারির সব চেয়ার। অনেকে দাঁড়িয়ে। কনসার্ট চলল জমজমাটভাবেই।
আসিফের নাকি প্লেন মিস করার রেকর্ড আছে। তাই সন্ধ্যা সাতটা বাজতেই চিরকুটের গান দিয়ে কনসার্ট শেষ করে রওনা হলাম বিমানবন্দরে। আড্ডায় আর কথায় কখন যে কেটে গেল সময়, টেরই পেলাম না। কনসার্ট শেষে ঢাকা ফিরলাম আমরা।