একদিনের অতিথি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংল্যান্ড ছাড়ার আগে মাহিয়া মাহির সেলফি
ইংল্যান্ড ছাড়ার আগে মাহিয়া মাহির সেলফি

যেন রোলার কোস্টারে ছুটছেন মাহিয়া মাহি। আজ এখানে, তো কাল ওখানে। গত ১৪ সেপ্টেম্বর গিয়েছিলেন ইংল্যান্ডে। সেখানে লম্বা শুটিং শিডিউল শেষ করে সোমবার ফিরলেন দেশে। কিন্তু তা-ও একবারে নয়। এক দিনের অতিথি হয়ে মাহির এই স্বদেশ প্রত্যাবর্তন। দিন ফুরালেই আবার ছুট দেবেন ভারতে।
বর্তমানে অভিনেত্রী মাহিয়া মাহি ব্যস্ত যৌথ প্রযোজনার ছবি রোমিও- জুলিয়েট-এর শুটিংয়ে। এর জন্যই এই দৌড়ঝাঁপ। ১১ অক্টোবর মাহি লন্ডনে ছবির এক অংশের শুটিং শেষ করে ভারতে আসেন। সেখানে কাজ কিছুটা গুছিয়ে ১৩ অক্টোবর ফেরেন দেশে। দেশে ফিরেই মাহি প্রথম আলোকে বলেন, ‘অনেক দিন পর দেশে ফিরলাম। কিন্তু বাড়ি যাওয়া হচ্ছে না এ যাত্রায়। এক দিনের একটা শুটিং শিডিউল শেষ করে মঙ্গলবার (১৪ অক্টোবর) আবারও ভারতে যেতে হবে। সেখানে প্রায় এক মাস অবস্থান করতে হবে শুটিংয়ের জন্য।’ রোমিও-জুলিয়েট পরিচালনা করছেন ভারতের অশোক পতি ও বাংলাদেশের আবদুল আজিজ। এতে মাহির বিপরীতে দেখা যাবে টালিউডের অভিনেতা অঙ্কুশকে।
আগামী ৭ নভেম্বর মুক্তি পাবে মাহিয়া মাহি অভিনীত অনেক সাধের ময়না। এটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। তাছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ওয়ার্নিং ও দেশা দ্য লিডার ছবি দুটো।