একসঙ্গে আটটি অ্যালবামের কাজ!
বিষয়টা অবিশ্বাস্য মনে হলেও সত্য। একসঙ্গে আটটি অ্যালবামের কাজ করছেন শিল্পী সজীব। এগুলোর মধ্যে কিছু মৌলিক ও লালনের গানের এবং একটি শচীন দেব বর্মণেরসহ মোট আটটি অ্যালবামের কাজ চলছে। সজীব জানান, ‘এই আটটি অ্যালবামের মধ্য থেকে একটি আমি নির্বাচন করেছি ঈদের জন্য। সেটিই এবারের ঈদে শ্রোতাদের হাতে তুলে দেওয়ার চিন্তাভাবনা করছি। এরই মধ্যে অ্যালবামটির মিক্সিংয়ের কাজ শেষ হয়ে গেছে।’ একক অ্যালবামগুলোর কাজ ছাড়াও সজীব বর্তমানে আশীষ খন্দকারের ‘তার কোনো নাম নেই’ ছবির সংগীতের কাজ করছেন। ছবির সংগীতের কাজের পাশাপাশি নাটকের সংগীতের কাজও করছেন তিনি। এগুলোর মধ্যে গোলাম সোহরাব দোদুল, নুরুল আলম আতিক এবং রোকেয়া প্রাচীর নাম উল্লেখযোগ্য। ‘তবে নাটক ও ছবির মধ্যে ছবির গান করতেই আমার বেশি ভালো লাগে’ বলে জানান সজীব। কারণ নাটকের গানের চেয়ে ছবির গানে সময়টা পাওয়া যায় একটু বেশি। এতে কাজটাও ভালো হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি।উল্লেখ্য, তারেক মাসুদের রানওয়ে ছবিতে সজীবের সংগীতের কাজ বেশ প্রশংসিত হয়েছে।