একসঙ্গে ইফতার করলেন শাহরুখ সালমান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ দুজন সম্পর্কে আদায়-কাঁচকলায় বা সাপে নেউলে সম্পর্ক এমন উপমা টানা হয় অহরহই। কিন্তু সম্প্রতি একসঙ্গে ইফতার করেছেন বলিউডের দুই যুযুধান খান শাহরুখ-সালমান। গতকাল রোববার সন্ধ্যার পর ভারতের রাজনীতিবিদ বাবা সিদ্দিক আয়োজিত ইফতার অনুষ্ঠানে বলিউডের এ দুজন তারকা পরস্পরকে আলিঙ্গনও করেছেন। এ প্রসঙ্গে এক প্রত্যক্ষদর্শীর বরাতে ‘জিনিউজ’ জানিয়েছে, ইফতার অনুষ্ঠানে তাঁদের আলিঙ্গন দেখে মনে হয়েছে এক খানের বিরুদ্ধে আরেক খানের পাঁচ বছরের যুদ্ধ যেন শেষ! দীর্ঘদিনের বিবাদ ভুলে সমঝোতার উদ্যোগটা প্রথম অবশ্য সালমানই নিয়েছেন। ইফতার অনুষ্ঠানে শাহরুখকে দেখে এগিয়ে গিয়ে তাঁর কাঁধে হাত রাখেন সালমান। পুরোনো বন্ধুর উষ্ণ ছোঁয়া পেয়ে গলে যান শাহরুখ। এরপর পরস্পরকে আলিঙ্গন করেন তাঁরা। বলিউডে সালমান খান ও শাহরুখ খানের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ সুস্পষ্ট। পারতপক্ষে কোথাও তাঁরা পরস্পরের ছায়াও মাড়ান না। কিন্তু গতকাল তাঁদের হূদ্যতার খবর জানার পর আশায় বুক বেঁধেছেন এই দুই তারকার অগণিত ভক্ত। সেদিন হয়তো খুব দূরে নয় যখন আবার একসঙ্গে একই ছবিতে অভিনয় করে দর্শকদের মন্ত্রমুগ্ধ করবেন শাহরুখ এবং সালমান।