একসঙ্গে উপস্থাপনা
হিল্লোল ও নওশীন। শোনা যাচ্ছে, এ বছরই নাকি বিয়ের পিঁড়িতে বসার সম্ভাবনা রয়েছে তাঁদের। একসঙ্গে সর্বশেষ তাঁরা কাজ করেছেন হ্যালো অমিত ছবিতে। হিল্লোল ব্যস্ত অভিনয় আর ব্যবসা নিয়ে। নওশীন অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা করছেন অনেক দিন থেকেই। এবার তাঁরা দুজন একসঙ্গে একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন; নাম, ডাইন আউট উইথ আস। ঢাকাসহ দেশের অভিজাত রেস্তোরাঁর বিশেষ খাবারের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন তাঁরা। তাঁদের সঙ্গে থাকছেন একজন তারকা অতিথি। জানা যাবে তাঁর পছন্দও। ১৭ মে অনুষ্ঠানটির প্রথম পর্ব ধারণ করা হলো। অতিথি ছিলেন হাবিব। নওশীন বললেন, ‘এই অনুষ্ঠানের পুরো ভাবনা হিল্লোলের। ঢাকা এবং সারা দেশে কিন্তু ভালো কিংবা বিশেষ কোনো খাবারের নানান রেস্তোরাঁ রয়েছে। আমরা সেগুলোর সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দিতে চাই।’হিল্লোল বললেন, ‘আমি কিন্তু উপস্থাপনার মানুষ না। এর আগে কখনো করা হয়নি। বলতে পারেন, অনেকটা জোর করে আমাকে কাজটা ধরিয়ে দেওয়া হয়েছে।’