‘কিউবি জাংশান-হয়্যার এভরিথিং জয়েন ইন’ শিরোনামের ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে এবারই প্রথম আইয়ুব বাচ্চু, বাপ্পা ও অর্ণব— তিনজনেই একে অন্যের গানের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন। আবার কখনো কখনো সুরের মূর্ছনার মধ্য দিয়ে উপস্থিত দর্শক-শ্রোতাদের বিমোহিত করেছেন। সন্ধ্যায় শুরু হওয়া এ অনুষ্ঠানটি চলে রাত ১০টা পর্যন্ত। অনুষ্ঠানস্থলে সুসজ্জিত মঞ্চটি ছিল দেখার মতো। শুরুতেই একসঙ্গে মঞ্চে আসেন আইয়ুব বাচ্চু, বাপ্পা মজুমদার ও অর্ণব। সঙ্গে ছিলেন অর্ণব অ্যান্ড ফ্রেন্ডসের তিন শিল্পী—অনিন্দিতা, আনিকা ও রিফাত হান্নান। বিজয়ের মাস তাই দেশের গান ‘জন্ম আমার ধন্য হলো’ দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন তাঁরা। আইয়ুব বাচ্চু মঞ্চ থেকে নেমে গেলেও থেকে যান বাপ্পা ও অর্ণব। বাপ্পার সঙ্গে অর্ণব পরিবেশন করেন ‘সে যে বসে’ গানটি। এরপর মঞ্চ থেকে বিদায় নেন বাপ্পাও। ‘সোনার ময়না তোমার জন্য’, ‘পিয়া কি নাজারিয়া’, ‘হোক কলরব’ গানগুলোর পর হঠাত্ অর্ণবের ডাকে সাড়া দিয়ে মঞ্চে আসেন আইয়ুব বাচ্চু। মনোমুগ্ধকর এক জ্যামিংয়ের সঙ্গে অর্ণব তাঁর ‘আধখানা’ গানটি শোনান শ্রোতাদের। অর্ণবের পরই মঞ্চে আসেন বাপ্পা মজুমদার। তিনি একে একে গেয়ে শোনান ‘পরী’, ‘বৃষ্টি’, ‘দিন বাড়ি যায়’, ‘মন খারাপ মেয়ে’, ‘চাঁদের শহর’, ‘ভাঙাগড়া’, ‘তীরহারা’ ও ‘বাজি’ গানগুলো। বাপ্পার গানের সঙ্গে মাঝখানে একবার করে মঞ্চে আসেন আইয়ুব বাচ্চু ও অর্ণব। রাত সাড়ে আটটায় মঞ্চে আসেন রক লিজেন্ড আইয়ুব বাচ্চু। ‘উইথ অর উইথ আউট’—এই গান দিয়ে নিজের একক পরিবেশনা শুরু করেন তিনি। তারপর ‘সেই তুমি’ (বাপ্পাসহ), ‘ফেরারি এ মন’, ‘স্মোক অন ওয়াটার’, ‘গতকাল রাতে’ (অর্ণবসহ), ‘স্মেল লাইক টেন স্প্রাইট’ এবং ‘বাংলাদেশ’ শিরোনামের গানের মাধ্যমে মাতোয়ারা করে রাখেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রায় এক হাজার ৬০০ শ্রোতাকে।এরপর আবারও একসঙ্গে মঞ্চে আসেন তিনজনই। ঘড়ির কাঁটা তখন সাড়ে নয়টার কাছাকাছি। তিনজন মিলে ‘উই উইল রক ইউ’ পরিবেশন করে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।অনুষ্ঠান সম্পর্কে আইয়ুব বাচ্চু জানান, বাপ্পা ও অর্ণব দুজনেই তাঁর খুব পছন্দের। এই প্রথম একই মঞ্চে একসঙ্গে তাঁরা গান করলেন। বিষয়টা সবাই বেশ উপভোগ করেছে।