একসঙ্গে চলচ্চিত্রের ছয় তারকা
মৌসুমী, পূর্ণিমা, অপু বিশ্বাস, শখ, কাজী মারুফ ও ইমন—বড় পর্দার এই ছয় তারকাকে এবার একসঙ্গে দেখা যাবে মেরিল-প্রথম আলো পুরস্কারের নেপথ্যের ঘটনা নিয়ে ‘পর্দার পেছনের গল্প’ অনুষ্ঠানে। গত শুক্রবার রাতে ধারণ করা হয় অনুষ্ঠানটি। এবারের মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কারে মনোনয়ন পেয়েছেন তাঁরা ছয়জন। সঙ্গে আরও মনোনয়ন পেয়েছেন শাবনূর, ফেরদৌস, শাকিব খান ও চঞ্চল চৌধুরী। অনুষ্ঠানে নোবেলের সঙ্গে জমজমাট আড্ডায় মৌসুমী গান গেয়েছেন। আড্ডার ফাঁকে মৌসুমী জানান, কেয়ামত থেকে কেয়ামত ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করার কথা ছিল নোবেলের। আর পূর্ণিমা জানালেন পছন্দের তালিকায় এগিয়ে রাখবেন কাকে। তেমনি মারুফ, ইমন ও শখ জানান তাঁদের অনেক নতুন তথ্য, যা আগে কখনো বলা হয়নি। ‘পর্দার পেছনের গল্প’-এর এই পর্ব দেখানো হবে চ্যানেল আইতে ২৬ এপ্রিল, রাত নয়টা ৩৫ মিনিটে। এটি গ্রন্থনা ও পরিকল্পনা করেছেন কবির বকুল, পরিচালনা করেছেন গাজী শুভ্র।