একসঙ্গে জয়নুল, কামরুল সুলতান, সফিউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনকক্ষে প্রয়াত বরেণ্য শিল্পীদের ছবি দেখছেন অতিথিরা l ছবি: প্রথম আলো
জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনকক্ষে প্রয়াত বরেণ্য শিল্পীদের ছবি দেখছেন অতিথিরা l ছবি: প্রথম আলো

এক ছাদের নিচে কিংবদন্তি জয়নুল আবেদিন, কামরুল হাসান, এস এম সুলতান ও সফিউদ্দিন আহমেদের কালজয়ী সব চিত্রকর্ম! শিল্পানুরাগীদের জন্য এর চেয়ে বড় খবর আর কী হতে পারে?
জাতীয় জাদুঘরে বাংলাদেশের প্রয়াত চারজন ‘মাস্টার পেইন্টার’-এর আঁকা ৮৯টি ছবির প্রদর্শনী শুরু হয়েছে গতকাল সোমবার। এর মধ্যে জয়নুল আবেদিনের আঁকা ছবি ৩২টি, কামরুল হাসানের ৩২টি, এস এম সুলতানের ১১টি এবং সফিউদ্দিন আহমেদের ১৪টি। ১৭তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর অংশ হিসেবে নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষে ১৬ দিনের এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে জাতীয় জাদুঘর। প্রদর্শনীটি ২১ ডিসেম্বর পর্যন্ত চলবে।
সুবিশাল গ্যালারিতে ঢুকতেই চোখ জুড়াল ‘নবান্ন’। উনসত্তরের গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে ১৯৭০ সালে আয়োজিত ‘নবান্ন’ প্রদর্শনীর জন্য বিশেষভাবে আঁকা এই ছবি প্রায় ৭০ ফুট দৈর্ঘ্যের। বিশালাকার ছবিটিতে জয়নুল আবেদিন এঁকেছেন বাংলার হাজার বছরের ইতিহাস। বাংলার সমৃদ্ধিকালের কথা দিয়ে শুরু এই ছবি, এরপর আছে ঔপনিবেশিক আমলে ক্রমে ক্রমে নিঃস্ব হওয়ার কাহিনি। ছবিটির ফাঁকা জায়গায় দর্শকদের স্বাক্ষর নিয়েছিলেন শিল্পাচার্য। আরও আছে তাঁর ‘সাঁওতাল পরিবার’, ‘শিকারি’, ‘দুই রমণী ও কলসি’, ‘প্রসাধনী’ ছবিগুলো। এস এম সুলতান চটে তেলরং ব্যবহার করে এঁকেছিলেন বাংলাদেশের গ্রামবাংলার প্রতিচিত্র। গ্রামের চিরায়ত রূপকে রঙের পসরায় ক্যানভাসে সাজিয়েছেন তিনি। ছবিগুলোতে সাধারণ মানুষের জীবন, দারিদ্র্য ও সংগ্রাম ফুটিয়ে তুলেছেন তিনি।
আছে পটুয়া কামরুল হাসানের কাগজে জলরং, পোস্টার রঙের কাজ। বাংলাদেশের নিসর্গ, জনমানুষ, লোকালয়, লোকাচার, লোকালয়ের জীবন বিধৃত হয়ে আছে তাঁর ছবিতে। মাটির সঙ্গে তাঁর যোগ ছিল নিবিড়।
আরেক পাশের দেয়ালে শোভা পাচ্ছে শিল্পী সফিউদ্দিনের বন্যার্ত গ্রাম, সূর্যালোকে কুঁড়েঘর, মাছ ধরার জালসহ বিভিন্ন শিল্পকর্ম। তেলরং, উড এনগ্রেভিং, এচিংয়ে তৈরি কাজগুলো চোখে পড়ার মতো। দর্শকের জন্য গ্যালারি খুলে দেওয়ার আগে বাইরে করিডরে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীর। এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।
শাহাবুদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে জয়নুল আবেদিনের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ‘আমি ভাগ্যবান যে এই মহান ব্যক্তিদের সাহচর্য পেয়েছিলাম।’ সৈয়দ জাহাঙ্গীর বলেন, আন্তর্জাতিক পর্যায়ে যে কয়টি বিষয়ে বাংলাদেশ উৎকর্ষ সাধন করেছে তার মধ্যে চিত্রকর্ম অন্যতম। এর জন্য যে কজন গুণী মানুষের অবদান রয়েছে, তাঁদের মধ্যে এ চারজন অগ্রগণ্য।