একসঙ্গে দিনাত জাহান-তৌসিফ আহমেদ
প্রথমবারের মতো একসঙ্গে গান গাইলেন দিনাত জাহান ও তৌসিফ। ঈদকে সামনে রেখে নিজের ষষ্ঠ একক অ্যালবাম তৈরি করছেন তৌসিফ। সে অ্যালবামের দুটি দ্বৈত গানে কণ্ঠ দিলেন দিনাত জাহান। গান দুটির সুর করেছেন তৌসিফ নিজেই। সংগীতায়োজনে টফি রেনার। গান দুটির শিরোনাম ‘ভালোবাসি তোমাকে’ ও ‘এক পা দু পা’। প্রথমটির কথা লিখেছেন এস এ হক অলীক। দ্বিতীয়টি লিখেছেন রবিউল ইসলাম জীবন।দিনাত জাহান বলেন, ‘ব্যক্তিগতভাবে তৌসিফের গানের ভক্ত আমি। এত দিন তৌসিফের গান শুনেছি। এবার কাজ করতে গিয়ে বুঝলাম, তাঁর কাজের ধরনটা অন্যদের চেয়ে একটু আলাদা। সব মিলিয়ে একসঙ্গে এক অ্যালবামে তৌসিফের দুটি গানে কণ্ঠ দিয়ে ভালোই লাগছে।’তৌসিফ বললেন, ‘গানটি তৈরি করার পর মনে হলো মুন্নী (দিনাত জাহান) আপাকে দিয়ে গাওয়ালে ভালো হবে। গান দুটিতে তাঁকে আমি নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। শ্রোতারা শুনলেই সেটা বুঝতে পারবেন।’তৌসিফ আরও জানান, এই ঈদে বরাবরের মতো জি-সিরিজের ব্যানারে অ্যালবামটি প্রকাশ পাচ্ছে।