একসঙ্গে দুই ছবিতে কেয়া
একসঙ্গে নতুন দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী কেয়া। ছবি দুইটি হচ্ছে, ‘পাগল প্রেমিক’ ও ‘নষ্ট হবার কষ্ট’। দুটি ছবিতেই কেয়ার বিপরীতে অভিনয় করছেন জায়েদ খান। ইতিমধ্যে জায়েদ খান ও কেয়াকে নিয়ে শুরু হয়েছে পাগল প্রেমিক ছবির শুটিং। ছবিটি পরিচালনা করছেন রাকিবুল আলম। ২৭ মে সোমবার পাগল প্রেমিক ছবিটির শুটিং শুরু হয়েছে এফডিসির ৭ নম্বর ফ্লোরে। সেদিন জায়েদ খান ও কেয়া ছবিটির গানের শুটিংয়ে অংশ নিয়েছেন। ত্রিভুজ প্রেমের এ ছবিতে জায়েদ খান ও কেয়ার সঙ্গে রোমানারও অভিনয় করার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। নতুন দুটি ছবি প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে কেয়া বলেন, ‘এরই মধ্যে প্রায় ৩০টির মতো ছবিতে অভিনয় করলেও অনেক দিন পর নতুন দুটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলাম। ইতিমধ্যে একদিন গানের শুটিংও করেছি। দুটো ছবিরই গল্প আমার অনেক ভালো লেগেছে। সত্যি কথা বলতে ছবি দুটির গল্প নিয়ে আমি অনেক আশাবাদী। বাকিটা নির্মাণের পর বলতে পারব।’এফডিসিতে কেয়া অভিনীত ছবি দুটির মহরতও অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ পারভিন তালুকদার। মহরতে আরও উপস্থিত ছিলেন পরিচালক কাজী হায়াত্, শাহ আলম কিরণ, সোহানুর রহমান, এফ আই মানিক, মাসুদ রানা, একরামুল হকসহ অনেকেই। ছবি দুটির কাজ ছাড়াও খুব শিগগিরই কেয়া অভিনীত কয়েকটি বিজ্ঞাপনচিত্র বিভিন্ন চ্যানেলে প্রচার হবে বলেও জানিয়েছেন তিনি।