একসঙ্গে পাঁচটি অ্যালবামের মোড়ক খোলা হবে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবু বকর সিদ্দিক গান করছেন প্রায় ৩০ বছর। লোক এবং আধুনিক ধাঁচের গানই বেশি করেন। কিন্তু উচ্চতর পড়াশোনা করেছেন উচ্চাঙ্গসংগীতের ওপর। ভারতীয় সংগীত বোর্ড থেকে স্নাতকোত্তর করেছেন। এ পর্যন্ত তাঁর ১২টি অ্যালবাম বেরিয়েছে। আজ একসঙ্গে মোড়ক খোলা হবে আরও পাঁচটি অ্যালবামের। সন্ধ্যা ছয়টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। থাকছে শিল্পীর পরিবেশনায় একক সংগীতানুষ্ঠান।আবু বকর সিদ্দিক জানান, এর মধ্যে রয়েছে চারটি অডিও অ্যালবাম এবং একটি মিউজিক ভিডিও অ্যালবাম। অডিও অ্যালবামগুলো হলো লালনগীতি নিয়ে বলি মা তোর চরণ ধরে, আবদুল আলীমের গান নিয়ে সর্বনাশা পদ্মা নদী, গণসংগীতের জেগে ওঠো বাংলাদেশ ও লোকগান নিয়ে কারে দেখাব মনের দুঃখ। মিউজিক ভিডিও অ্যালবামটির নাম দুঃখওয়ালা। আবু বকর সিদ্দিক বলেন, ‘এখন নানা ধরনের গানের অ্যালবাম বের হচ্ছে। কিন্তু আমাদের গান নিয়ে অ্যালবাম বের করার সময়ই প্রযোজনা প্রতিষ্ঠানগুলো নানা অজুহাত তুলে ধরে। তাই এবার বাধ্য হয়ে নিজের উদ্যোগেই অ্যালবাম করেছি।’আবু বকর সিদ্দিক আরও জানালেন, অ্যালবাম প্রকাশ করতে গিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান গড়েছেন নিজেই। নাম মিউজিক মিডিয়া। অ্যালবামগুলোর বাজারজাতের দায়িত্ব দেওয়া হয়েছে বিউটি কর্নারকে।