একসঙ্গে বড়দিন পালন করবেন না ক্রিস্টেন-প্যাটিনসন
প্রেমিকা ক্রিস্টেন স্টুয়ার্টকে ছেড়ে পরিবারের সদস্যদের সঙ্গে এবারের ‘বড়দিন’ উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছেন ‘টোয়াইলাইট’খ্যাত ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন। যদিও নির্মাতা রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে পরকীয়ায় জড়ানোর ঘটনায় ক্রিস্টেনকে ক্ষমা করে দিয়েছেন প্যাটিনসন, কিন্তু তাঁর পরিবারের সদস্যরা বিষয়টিকে মেনে নিতে পারেননি। গত ২২ নভেম্বর লন্ডনে প্যাটিনসনের পরিবারের সদস্যদের সঙ্গে ‘থ্যাঙ্কসগিভিং ডে’ উদযাপন করতে গিয়ে এক নিদারুণ কঠিন পরিস্থিতির মুখেই পড়তে হয়েছিল ক্রিস্টেনকে। তাই এবারের বড়দিনে প্যাটিনসন একাই বাড়ি থাকছেন। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে যুক্তরাজ্যের বিনোদন ম্যাগাজিন ‘হিট’ জানিয়েছে, টোয়াইলাইট সাগা: ব্রেকিং ডন পার্ট ২ ছবির উদ্বোধনি প্রদর্শনীর দিন ক্রিস্টেনের সঙ্গে সহজভাবেই মিশেছেন প্যাটিনসনের পরিবারের সদস্যরা। তাঁরা সেখানে হেসে হেসে কথা বললেও, কয়েক দিন পরই তাঁদের রূপ বদলে যায়। সূত্রটি আরও জানিয়েছে, ২২ নভেম্বর প্যাটিনসনের বাড়িতে হাজির হওয়ার পর কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল ক্রিস্টেনকে। প্যাটিনসনের বোনরা তাঁকে মন থেকে স্বাগত জানাতে পারছিলেন না। তাঁদের অস্বাভাবিক আচরণ দেখে ক্রিস্টেন নিদারুণ অস্বস্তিতে পড়ে যান।একসঙ্গে ‘বড়দিন’ উদযাপনের পরিকল্পনা করেই গত মাসে লন্ডন গিয়েছিলেন ক্রিস্টেন এবং প্যাটিনসন। পরে বর্ষবরণ উত্সবে যোগ দিতে তাঁরা যেতে চেয়েছিলেন মেক্সিকোতে। ছেলেকে কাছে পেয়ে একসঙ্গে ‘বড়দিন’ উদযাপনের প্রবল ইচ্ছের কথা জানান প্যাটিনসনের মা। কিন্তু প্যাটিনসনের পরিবারের সঙ্গে ‘বড়দিন’ উদযাপন না করার সিদ্ধান্ত নেন ক্রিস্টেন। শেষপর্যন্ত প্রেমিকাকে ছেড়ে পরিবারের সদস্যদের সঙ্গেই ‘বড়দিন’ উদযাপনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন প্যাটিনসন।