
সাত বছর পর মঞ্চে গাইতে এসে দেশের গান দিয়ে শুরু করলেন শাম্মী আখতার। তারপর গাইলেন অশিক্ষিত সিনেমার ‘আমি যেমন আছি তেমন রব’ গানটি। এই দুই গানের পরই মঞ্চে ডাকলেন দুই বান্ধবীকে। দর্শকসারির ভেতর থেকে উঠে গেলেন দুজন। তারপর শাম্মী আখতার জড়িয়ে ধরে শোনালেন তাঁদের ছেলেবেলার কথা। গানের গল্প। তিন বান্ধবী ‘তুই-তোকারি’ ও বন্ধুত্বের দুতিনটি ‘কমন’ শব্দ দিয়ে মিনিট কয়েক মাতিয়ে রাখলেন শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনের মঞ্চ। সংগীতশিল্পী শাম্মী আখতার যে দুই বান্ধবীকে ডেকে নিয়েছিলেন মঞ্চে তাঁরা হলেন সংগীতশিল্পী ফাতেমাতুজজোহরা ও আবিদা সুলতানা। দেশবরেণ্য এই ত্রিরত্ন হুট করেই যেন ফিরে গিয়েছিলেন ছেলেবেলায়।
গতকাল ছিল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘আমরা সূর্যমুখী’র ৪০ বছর পূর্তি উৎসব। এ উপলক্ষে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজন করা হয়েছিল শাম্মী আখতার ও আকরামুল ইসলামের সংগীতসন্ধ্যা। তবে তার আগে কিছু আনুষ্ঠানিকতাও ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান, নাট্যজন লাকী ইনাম, ‘আমরা সূর্যমুখী’র সমন্বয় সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
অনুষ্ঠানে সংগঠনটির পক্ষÿথেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীকে ‘রেহানা রানু শিক্ষা বৃত্তি ২০১৫’ প্রদান করা হয়।
পরে সংগীত পরিবেশন করেন শাম্মী আখতার ও আকরামুল ইসলাম দম্পতি। শাম্মী আখতার একে একে গেয়ে শোনান ‘আমি তোমার বধূ তুমি আমার স্বামী’, ‘মনে বড় আশা ছিল’, ‘ভালোবাসলে সবার সাথে ঘর বাঁধা যায় না’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান। এরপর মঞ্চে আসেন আকরামুল ইসলাম। দুজন মিলে গেয়ে শোনান ‘ঢাকা শহর আইস্যা আমার আশা ফুরাইছে’ গানটি। পরে আকরামুল ইসলামের কয়েকটি পরিবেশনার মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রূপশ্রী চক্রবর্তী।