একা থাকাই ভালো থাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্জ ক্লুনি ও স্যান্ড্রা বুলক
জর্জ ক্লুনি ও স্যান্ড্রা বুলক

দুজনার হাতে হাত। চোখে চোখ। কখনো বাঁধা পড়ছেন একে অন্যের আলিঙ্গনের শিকলে। জর্জ ক্লুনি কী যেন একটা বললেন, তাইতেই হেসে কুটিকুটি স্যান্ড্রা বুলক। দুজনের চোখের ভাষা পড়ে ফেলা যাচ্ছিল সহজেই। সেই চোখে রোদ্দুরে মুক্তোর দানার মতো ঝিকিমিক করতে থাকা শিশিরের মতো ঝলমল করছিল প্রেম। গেল সপ্তাহে লিঙ্কন স্কয়ার থিয়েটারে গ্র্যাভিটির প্রিমিয়ারে এভাবেই কৌতূহলী সাংবাদিকদের চোখে কিংবা ক্যামেরায় ধরা পড়লেন ছবির দুই তারকা। প্রশ্নটাও তাই উঠল—তবে কি প্রেম? ক্লুনি আর বুলক প্রায় কোরাসের সুরে তারকাদের মুখে বহুল উচ্চারিত বাক্যটাই আবার আওড়ে গেলেন—‘উই আর জাস্ট ফ্রেন্ডস।’
ক্লুনি আর বুলকের ছবি গ্র্যাভিটি টানা তৃতীয় সপ্তাহের মতো বক্স অফিসের টপচার্টে জায়গা করে নিয়েছে। অনভিজ্ঞ নভোচারী রায়ান স্টোনের চরিত্রে অভিনয় করেছেন বুলক। ক্লুনি অভিনয় করেছেন অভিজ্ঞ নভোচারী ম্যাট কোয়ালস্কির চরিত্রে। নিজের প্রথম মহাকাশ যাত্রার রোমাঞ্চ নিয়ে যাত্রা করছেন স্টোন, আর কোয়ালস্কি অংশ নিচ্ছেন নিজের শেষ মহাকাশ যাত্রায়। দুই মেরুর এ দুই মানুষকে একই সঙ্গে লড়তে হবে জীবন বাঁচানোর তাগিদে। কারণ, রাশিয়ার একটি ধ্বংসপ্রাপ্ত উপগ্রহের ধ্বংসাবশেষের সঙ্গে সংঘর্ষে তাঁদের নভোযানও বিধ্বস্ত হয়। নভোযান থেকে ছিটকে মহাশূন্যে চলে যান স্টোন। একসময় তাঁকে খুঁজেও পান কোয়ালস্কি। কিন্তু কী করে তাঁরা ফিরে আসবেন পৃথিবীতে?
এই হলো সায়েন্স ফিকশনধর্মী এই থ্রিলার-ড্রামা ছবির গল্প। পুরো ছবির ক্যামেরার সামনে মাত্র দুটোই চরিত্র। আর এই দুই চরিত্রে অভিনয় করেছেন ক্লুনি ও বুলক, যে দুজন অনেক দিন ধরেই একে অন্যের খুব কাছের বন্ধু। খুব কাছের বন্ধু হলেও দুজনে একই ছবির প্রধান দুই চরিত্রে কাজ করছেন এই প্রথম। এই প্রথম তাই সেটে দীর্ঘক্ষণ একসঙ্গে সময় কাটানো।
চলচ্চিত্র তারকাদের বেশির ভাগেরই প্রেম কিন্তু হয়ে যায় ছবির সেটেই। পুরোনো সম্পর্কের এক পাড়ে ভাঙন আর অন্য পাড়ে নতুন সম্পর্কের চর জেগে ওঠার অনেক উদাহরণের প্রত্যক্ষদর্শী হয়ে থাকে ছবির শুটিং। কারণ, শুটিংয়ে দীর্ঘ সময় একসঙ্গে কাটাতে হয় সহশিল্পীর সঙ্গে। ভাবের আদান-প্রদান করতে করতে একসময় সেটা মনের আদান-প্রদানেও রূপ নেয়।
গুঞ্জনটা রটেছে আরেকটি বিশেষ কারণে। ক্লুনি আর বুলক দুজনেরই বর্তমান ‘রিলেশনশিপ স্ট্যাটাস’ হলো ‘সিঙ্গেল’। গত জুলাইয়ে রেসলার থেকে মডেল বনে যাওয়া প্রেমিকা স্ট্যাসি কিবলারের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় ক্লুনির। আর স্বামী জেসি জেমসের সঙ্গে প্রতারিত হওয়ার পর থেকেই আর ও পথে পা মাড়াননি বুলক। বুলকের চোখ এড়িয়ে জেমস একাধিক নারীর সঙ্গে গভীর প্রণয় চালিয়ে গিয়েছিলেন বলে খবর রটেছিল। তাতে বুলকের হূদয় এতটাই ক্ষতবিক্ষত হয়েছে, গত তিন বছরই একা আছেন তিনি। একা আছেন বলাটা হয়তো ভুলই হলো। আসলে বুলকের সবটুকু মনোযোগ এখন তাঁর পালকপুত্র লুইস বারদোর ওপর।
কিন্তু হূদয়ের শূন্যস্থান তো পূরণ হয়েই যায়। গুঞ্জনটা প্রথম রটল গত ভেনিস চলচ্চিত্র উৎসবে ক্লুনি আর বুলককে ঘনিষ্ঠ অবস্থায় আবিষ্কার করার পর। এ নিয়ে প্রশ্ন শুনে শুনে বিরক্ত বুলক শেষে বলেই বসলেন, ‘হ্যাঁ, আমরা প্রেম করছি। জর্জ আমাদেরকে (বুলক ও তাঁর পালক ছেলে) দত্তক নিয়েছে।’
হলিউডে ক্লুনি সবচেয়ে প্রেমময় পুরুষদের একজন। এ কারণে তাঁর প্রেমিকার তালিকাটাও অনেক লম্বা। তবে দীর্ঘদিন ধরে বন্ধুত্ব থাকলেও ক্লুনির প্রেমিকার তালিকাটা আরও লম্বা করার কোনো বাসনা বুলকের মধ্যে কাজ করেনি। মজা করেই তিনি বলেছেন, ‘বিস্ময়কর হলেও সত্যি, জর্জের সঙ্গে প্রেম না করা পৃথিবীর অল্প কজন নারীর একজন আমিও। আসলে জর্জ আর আমি আমাদের সম্পর্কটা খুবই বুদ্ধি করে এমন এক জায়গায় রেখেছি, যেটা সেখানেই রাখা উচিত। এ কারণেই আমাদের সম্পর্কে কোনো তিক্ততা নেই। আমরা দুজন দুজনকে এত পছন্দ করি। এ কারণে কোনো দ্বিধা ছাড়াই আমরা দুজন দুজনের চোখের দিকে তাকাতে পারি।’
ক্লুনি ৫০ পেরিয়েছেন। বুলক পঞ্চাশের দোরগোড়ায়। আপাতত দুজনই একা আছেন। এবং হয়তো মনে মনে গাইছেন, এই বেশ ভালো আছি!
রাজীব হাসান
সূত্র: এক্সপ্রেস ইউকে