একাডেমিক-পোস্ট একাডেমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা আর্ট সেন্টারে প্রদর্শনী দেখছেন অতিথিরা, প্রথম আলো
ঢাকা আর্ট সেন্টারে প্রদর্শনী দেখছেন অতিথিরা, প্রথম আলো

ফুটপাতে বসে আছেন এক বৃদ্ধ। পাশে একটি ঝুড়ি। বয়সের ভারে ক্লান্ত, হাড্ডিসার শরীর নিয়েও কাজ পাওয়ার অপেক্ষায় বসে আছেন তিনি। পেনসিলে আঁকা এ ছবিটি জায়গা পেয়েছে ঢাকা আর্ট সেন্টারের দেয়ালে।

আরেকটি ছবিতে দেখা গেল পুলিশের প্রিজন ভ্যানের ছোট জানালা দিয়ে উঁকি দিচ্ছে অসংখ্য মুখ।

গতকাল মঙ্গলবার ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে শুরু হলো তরুণ শিল্পী সুমন ওয়াহিদের প্রথম একক চিত্রকর্ম প্রদর্শনী। ‘একাডেমিক-পোস্ট একাডেমিক’ শিরোনামের প্রদর্শনীটিতে কিউরেটিং করেছেন শিল্পী ওয়াকিলুর রহমান। গতকাল বিকেলে উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আবুল বারক্্ আলভী ও দৈনিক ইত্তেফাক পত্রিকার নির্বাহী সম্পাদক শাহীন রেজা নূর। সভাপতিত্ব করেন শিল্পী রফিকুন নবী।

নিজের চিত্রকর্ম সম্পর্কে সুমন ওয়াহিদ বলেন, ‘যেকোনো বিষয় উপলব্ধি করার পর ওই বিষয়টিকে ক্যানভাসে মেলে ধরার চেষ্টা করি। এ ক্ষেত্রে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা, মানুষে মানুষে বৈষম্য—এসব আমাকে তুমুলভাবে স্পর্শ করে।’

প্রদর্শনীর ছবিগুলোতে রয়েছে আগ্রহোদ্দীপক বিষয়বৈচিত্র্য। রয়েছে বস্তিবাসীর জীবনপ্রবাহ, মধুর ক্যানটিনে রাজনৈতিক উচ্চকিত আলাপের জমজমাট আড্ডা, বাণিজ্যিক ধারার বাংলা ছবির রংময় পোস্টার।

এর মধ্যে শিল্পী জুড়ে দিয়েছেন নানা ভঙ্গির তিনটি আত্মপ্রতিকৃতি। একটিতে তিনি নিজের কান চেপে ধরে বসে আছেন। আরেকটিতে মাথায় হাত। আর তৃতীয়টিতে চেপে ধরেছেন নিজের মুখ। শিরোনাম, অ্যাম আই ওয়াইজ?

পেনসিল, কালি-কলম, জলরং, তেলরং, অ্যাক্রিলিক ও মিশ্র মাধ্যমে আঁকা ৫০টি বেশি চিত্রকর্ম দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। সপ্তাহব্যাপী প্রদর্শনী চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।

কামাল চৌধুরীর জন্মদিনে

কবি কামাল চৌধুরীর ৫৭তম জন্মজয়ন্তী ছিল গতকাল। এ উপলক্ষে সাহিত্য সাংস্কৃতিক সংগঠন স্বপ্নকুড়ি এক আড্ডার আয়োজন করে।

গতকাল সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্রে এই আড্ডায় কবির    সতীর্থ লেখক, কবি ও শিল্পীরা উপস্থিত ছিলেন। কামাল চৌধুরী ২০১১ সালে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন।