আজ সন্ধ্যায় শুরু হচ্ছে একাত্তর টিভির আনুষ্ঠানিক নিয়মিত সম্প্রচার। কথা হলো নতুন এই টিভি চ্যানেলের সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সামিয়া জামানের সঙ্গে।টিভি চ্যানেলটির নাম ‘একাত্তর টিভি’ কেন?‘একাত্তর’ আমাদের সবার অস্তিত্বের সঙ্গে মিশে আছে। শব্দটা শুনলেই সবার মনে অন্য রকম এক অনুভূতি তৈরি হয়। গোড়াতে আমরা এই টিভি চ্যানেলের জন্য এমন একটি নাম খুঁজেছিলাম, যা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারে। যখন এই নামটি প্রস্তাব করা হলো, তখন আমরা সবাই নামটির সঙ্গে একমত পোষণ করেছি।একাত্তর টিভিতে কী ধরনের অনুষ্ঠান প্রচার করা হবে?২৪ ঘণ্টা সংবাদ, সংবাদভিত্তিক অনুষ্ঠান আর সংবাদের বিশ্লেষণ থাকবে। আরও থাকবে দেশ ও দেশের বাইরের তথ্যচিত্র, তরুণদের জন্য বরাদ্দ থাকবে একটা বড় সময়, এ ছাড়া আরও নানা অনুষ্ঠান। বাংলাদেশের শিল্প-সংস্কৃতি আর বিনোদনের নানা কিছু নিয়েও থাকবে অনুষ্ঠান। সাধারণত টিভিতে আমরা বলি আর দর্শক শোনে। কিন্তু আমাদের বেশির ভাগ অনুষ্ঠানেই দর্শক অংশ নেওয়ার সুযোগ পাবে। দর্শক তার সমস্যা নিয়ে সরাসরি আমাদের টিভির অনুষ্ঠানে অংশ নিতে পারবে। একাত্তর টিভিকে আমরা বলছি ‘বাংলাদেশের আধুনিক মানুষের টিভি’। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে কী থাকছে?খুব সংক্ষিপ্ত একটা অনুষ্ঠান হবে। আমরা অনুষ্ঠান-মঞ্চ থেকেই সরাসরি নিয়মিত সম্প্রচারে চলে যাব। অভ্যাগতদের সামনে একটি আলোচনা অনুষ্ঠান হবে। বিষয় ‘জাতীয় নির্বাচনে কেমন সরকার চাই—দলীয়, নির্দলীয়, না সর্বদলীয়?’। আলোচনায় অংশ নেবেন বিশিষ্টজনেরা। আপনারা কী ধরনের প্রযুক্তি ব্যবহার করেছেন?সর্বসাম্প্রতিক প্রযুক্তি আমরা ব্যবহার করেছি। ঢাকার পাশাপাশি সারা দেশ থেকে আমাদের প্রতিনিধিরা এই প্রযুক্তির সুবিধা ভোগ করছেন। আপলিংক এবং ডাউনলিংকে ব্যবহার করছি এইচডি প্রযুক্তি।