একাত্তরের গল্প
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম শব্দসৈনিক বেলাল মোহাম্মদ। স্বাধীনতার প্রথম প্রহরে কালুরঘাটে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। অপরদিকে একাত্তর সালে ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী যশোরে একটি জুট মিলে টেলিফোন অপারেটরের দায়িত্বে ছিলেন। জুট মিলের দখলে থাকা পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধাপরাধীদের অনেকের কথোপকথনের সাক্ষী ছিলেন তিনি।এই দুজন এবার একসঙ্গে কাজ করছেন চলচ্চিত্রে। মুহম্মদ জাফর ইকবালের গল্প অবলম্বনে সজল খালেদ পরিচালিত কাজলের দিনরাত্রিতে তাঁরা অভিনয় করেছেন। অনুদানের এই ছবিতে দুজনকেই দেখা যাবে তাঁদের নিজ নিজ ভূমিকায়। ছবিতে তাঁরা নতুন প্রজন্মের প্রতিনিধিদের শোনাবেন নিজেদের বাস্তব অভিজ্ঞতার কথা, মুক্তিযুদ্ধের কথা। আর এই কাজে ভীষণ মজাও পেয়েছেন তাঁরা। দুজনই জানিয়েছেন, একাত্তরের গল্প শিশুদের শোনাতে পেরে তাঁরা একটু হলেও হালকা বোধ করছেন। এই চলচ্চিত্র দেখে সারা দেশের শিশুরা, নতুন প্রজন্ম জানবে সেই সময়ের কথা। আর মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে যাবে। এটাই বড় পাওয়া।