একাত্তরের গৌরবময় পঙ্ক্তিমালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিতা নিয়ে আলাপ-আড্ডা-আবৃত্তি। যাঁরা অনুষ্ঠানে এসেছেন, তাঁরা কেউ কবি, কেউ কবিতার অনুরাগী। তাই অনুষ্ঠানটি হয়ে উঠল অন্য রকম। এক একটি কবিতা যেন শ্রোতাকে নিয়ে গেল মুক্তিযুদ্ধে। শিরোনাম ‘একাত্তরের কবিতা’ অর্থাৎ শিরোনামেই ধরা হয়েছে মুক্তিযুদ্ধ বা একাত্তরকে। শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে গতকাল সোমবার সন্ধ্যায় ছিল এ অনুষ্ঠান। আয়োজন করেছে ‘একাত্তরের যাত্রী’। অনুষ্ঠান শুরুর আগেই শ্রোতায় পরিপূর্ণ হয়েছিল সেমিনার কক্ষ। প্রবীণ কবিরা একেবারে সামনের সারিতে। পেছনে নবীনরা। কবিদের অনেকেই এসেছিলেন নিজের কাব্যগ্রন্থ নিয়ে। অন্যের বই নিয়ে নেড়েচেড়ে দেখছিলেন কেউ কেউ। সংগঠনের আহ্বায়ক হারুণ হাবিবের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। কবিতাসন্ধ্যায় উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘১৯৭১ সালে গোটা জাতি যখন মরণপণ যুদ্ধে লিপ্ত, আমাদের কবিরা তখন কলমের অস্ত্রে মুক্তির পঙিক্তমালা রচনা করেছেন। তাঁদের সেসব রচনা বিবেক ও আত্মশক্তি জাগাতে বিশেষ ভূমিকা রেখেছিল।’ বিশিষ্ট কবিদের স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়ে বর্তমান প্রজন্ম স্বাধীনতার শত্রুর বিরুদ্ধে আবারও সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার অনুপ্রেরণা পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। কবিকণ্ঠে কবিতা পাঠের আসর হলেও শুরু করেছিলেন একজন আবৃত্তিকার। মাহিদুল ইসলাম আবৃত্তি করে শোনালেন শামসুর রাহমানের ‘তোমাকে পাওয়ার জন্য’ কবিতাটি। এরপর একে একে নিজের লেখা কবিতা পাঠ করলেন আসাদ চৌধুরী, রফিক আজাদ, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, মুহম্মদ নূরুল হুদা, অসীম সাহা, কাজী রোজী, শান্তা মারিয়া প্রমুখ। প্রত্যেক কবিই তাঁদের বেশ কয়েকটি কবিতা পাঠ করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কামরুন্নাহার। আয়োজনের পুরোটা সময়ে ছিল কবিতানুরাগীদের ভিড়। কবিদের নিজ কণ্ঠে কবিতা পাঠ ও তাঁদের কবিতার আবৃত্তি তাঁরা শুনেছেন প্রাণভরে। মধুসূদন স্মরণে আলোচনা ও শ্রুতি আবৃত্তিকবি মাইকেল মধুসূদন দত্ত স্মরণে যাত্রা প্রশিক্ষণ উন্নয়ন গবেষণা পরিষদ গতকাল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের দ্বিতীয় তলায় সেমিনার কক্ষে আলোচনা সভা ও শ্রুতি আবৃত্তির আয়োজন করে। গতকাল সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে ‘বাংলা রঙ্গমঞ্চে মাইকেল’ শীর্ষক নিবন্ধ পাঠ করেন অভিনেত্রী বনশ্রী অধিকারী। তাঁর নিবন্ধ নিয়ে আলোচনায় অংশ নেন ইসরাফিল শাহীন, আফসার আহমেদ ও নাট্যকার-নির্দেশক গোলাম সারোয়ার। সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান তাপস সরকার।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বটি ছিল বেশ উপভোগ্য। এ পর্বে মেঘনাদ বধ মহাকাব্যের প্রথম সর্গ-শ্রুতি পাঠ করেন যাত্রানট মিলনকান্তি দে। শেষে আবার আলোচনা। মিলনকান্তি দের আবৃত্তির ওপর বিশ্লেষণমূলক আলোচনা করেন নিরঞ্জন অধিকারী।