একাত্তরের পরাজিত শক্তিকে ধিক্কার
স্বাধীনতা দিবসের প্রাক্কালে ‘মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নাও—সাম্প্রদায়িক হামলা রুখে দাঁড়াও’ স্লোগানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ছায়ানট ও রুখে দাঁড়াও বাংলাদেশ। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আলোচনা সভা। রুখে দাঁড়াও বাংলাদেশের সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে সংগঠনটির আহ্বায়ক সুলতানা কামাল, অধ্যাপক কাবেরী গায়েন প্রমুখ বক্তব্য দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে গতকাল সোমবার যৌথভাবে একাত্তরের পরাজিত শত্রুর মোকাবিলা ও তাদের ধিক্কার জানাতে গান আর কথায় সাজানো হয় এ অনুষ্ঠান। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে সমবেত সংগীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। ছায়ানটের শিল্পীরা সমবেত ও একক সংগীত পরিবেশন করেন। শুরুতেই গাওয়া হয় ‘হেই সামালো হেই সামালো’। সমবেত সংগীতের মধ্যে ছিল ‘হিমালয় থেকে সুন্দরবন’, ‘মানুষ হ, মানুষ হ’, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’, ‘প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য’। ‘একবার গালভরা মা ডাকে’ পরিবেশন করেন সুমা রানী রায়। নাসিমা শাহীন গেয়ে শোনান ‘আমি এক সাগরের গান শোনাব’, বিজন চন্দ্র মিস্ত্রি ‘মাগো তোমার ডাকে দেব সাড়া’, আফরোজা খান ‘এই বাংলা রবিঠাকুরের’ এসব গান পরিবেশন করেন।