একাত্তরের মা জননী

: একাত্তরের মা জননী।
: হ্যাঁ, এটা আমার নতুন ছবির নাম। পরিচালক শাহ আলম কিরণ।
: মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের গল্প নিয়ে ছবিটি?
: ঠিকই বলেছেন। আনিসুল হকের উপন্যাস সাহসিনী জননী ’৭১ । এই উপন্যাস থেকে ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে।
: দর্শক কবে ছবিটি দেখতে পাবেন?
: কথা ছিল ১৯ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে। কিন্তু শেষ মুহূর্তে এসে তা এক সপ্তাহ পিছিয়ে দিতে হলো। পরিচালকের কাছ থেকে শুনেছি, ২৬ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তিনি এখন সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন।
কথা হচ্ছে নিপুণের সঙ্গে। রোববার সন্ধ্যায়, বনানীতে তাঁর বাসায়। একাত্তরের মা জননী ছবিতে তিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন।
নিপুণ এখন দারুণ ব্যস্ত। যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন ৮ ডিসেম্বর। সেখানে তিনি ছিলেন ১৫ দিন। ২৪ ডিসেম্বর যাচ্ছেন লন্ডনে। ওখানে জর্জ গ্রিনস স্কুলে ইয়ার এইটে পড়ছে তাঁর মেয়ে তানিশা। মেয়ের সঙ্গে ক্রিসমাস আর নতুন বছরের প্রথম দিনটি উদ্যাপন করবেন।
আরও একটি ব্যাপার আছে। নিপুণ বললেন, ‘২৬ ডিসেম্বর বক্সিং ডে। ক্রিসমাসের পরদিন। কেনাকাটার জন্য ওই দিনটি দারুণ। সব পণ্যের মূল্যহ্রাস। যেমন ১০০ পাউন্ডের জিনিস ৩০ পাউন্ড! ভাবা যায়? আগের রাত থেকে দোকানের সামনে লাইনে দাঁড়াতে হয়। ভোর পাঁচটা থেকে কেনাকাটা শুরু। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। কদিন আগে যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম। তখন পেয়েছিলাম ব্ল্যাক ফ্রাইডে। নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার, থ্যাংকস গিভিংয়ের পরদিন। সবার মাঝে সেদিন কেনাকাটার ধুম পড়ে গিয়েছিল।’
: কী কেনাকাটা করেছেন?
: অনেক কিছু। আমি কিন্তু খুব কেনাকাটা করি। শপহোলিক বলতে পারেন। বেশি কেনা হয় উপহার আর ঘর সাজানোর জিনিসপত্র।
হাসতে হাসতে বললেন নিপুণ।
নিপুণের ফ্ল্যাটটি এখন নতুন করে সাজানোর কাজ হচ্ছে। প্রায় শেষ হয়েছে বসার ঘরটি। এখানে এক কোনায় শেলফে সাজানো আছে ১৬টি পুরস্কার আর চারটি সম্মাননা স্মারক। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো দুটি পুরস্কার। দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন নিপুণ। ২০০৭ সালে সাজঘর আর ২০০৯ সালে চাঁদের মতো বউ ছবিতে অভিনয়ের জন্য। দুটিই পার্শ্বঅভিনেত্রীর পুরস্কার।
একাত্তরের মা জননী ছবির প্রসঙ্গ উঠতেই নিপুণের চোখমুখে দেখা গেল আত্মবিশ্বাসের ছোঁয়া। বললেন, ‘এই ছবির জন্য আমি আরও বড় কিছু আশা করছি। কারণ, এবার আমি মূল চরিত্রে অভিনয় করেছি।’

২০১২ সালে সরকারের অনুদান পেয়েছে একাত্তরের মা জননী। শুটিং শুরু হয় পরের বছর আগস্ট মাসে। নিপুণ বললেন, ‘প্রথম আমরা কাজ করেছি এফডিসিতে। এখানে পাকিস্তান আর্মি ক্যাম্পের ভেতরের অংশের কাজ হয়েছে। গ্রামের অংশের কাজ করেছি নরসিংদীর পাড়াটুলি নামে এক গ্রামে। ওখানে ছিলাম ২৫ দিন। ওই গ্রামের যেখানে কাজ করেছি, সেখানে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি। মুক্তিযুদ্ধের সময় আর পরিবেশকে যথাযথভাবে তুলে ধরার জন্য পরিচালক এমন একটা জায়গা খুঁজে বের করেছিলেন। শেষ কাজ করেছি এ বছর জুন-জুলাই মাসে, রাজেন্দ্রপুর সেনানিবাসে। যুদ্ধের দৃশ্যগুলোতে ওই সময়ের গাড়ি এবং হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করা হয়েছে।’
একাত্তরের মা জননী ছবিতে নিপুণ দুই বয়সের চরিত্রে অভিনয় করেছেন। ছবির গল্প শুরু হয় ষাটোর্ধ্ব এক নারীকে নিয়ে। এরপর গল্প ফিরে যায় ১৯৭১ সালে। নিপুণ বললেন, ‘ষাটোর্ধ্ব বয়সের অংশটি নিয়ে আমি বেশি শঙ্কিত ছিলাম। শুটিং শুরুর আগে আমার বাসায় মেকআপ নিয়ে কয়েক দিন মহড়া করেছি।’
ইউটিউবে একাত্তরের মা জননী ছবির এক মিনিটের ট্রেলার দেওয়া হয় বেশ কিছুদিন আগে। নিপুণ বললেন, ‘এটি ছবির প্রচারণার অংশ।’
কিন্তু তা দেখে কেউ কেউ আবার নেতিবাচক মন্তব্য করছেন। নিপুণ বললেন, ‘ছবিতে আমার নাম জমিলা। মুক্তিযুদ্ধের সময় জমিলাকে আর্মি ক্যাম্পে আটকে রেখে দিনের পর দিন শারীরিক নির্যাতন করা হয়। একসময় সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। আমি যতটুকু জেনেছি, আনিসুল হক সত্য ঘটনা অবলম্বনে উপন্যাসটি লিখেছেন। তার মানে ঘটনাগুলো সত্য। ছবিতে আমিও চেষ্টা করেছি তা যতটা বাস্তবসম্মতভাবে তুলে ধরা যায়। পরিচালক শাহ আলম কিরণ আর ক্যামেরায় ছিলেন মাহফুজুর রহমান, তাঁরা দুজনই বাংলা চলচ্চিত্রের বরেণ্য ব্যক্তিত্ব। তাঁরা নিশ্চয়ই কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না কিংবা কোনো বিতর্ক তৈরি করবেন না। আর ছবিটি দেখার পর দর্শক বুঝতে পারবেন, এই ছবির জন্য আমাকে কতটা কষ্ট করতে হয়েছে। চরিত্র থেকে বের হয়ে স্বাভাবিক হতে আমার অনেক সময় লেগেছে। জমিলার কষ্টের কথা ভেবে মাঝেমধ্যে আমি কেঁদে ফেলেছি। ওই সময় কিন্তু এমনই অসংখ্য জমিলা নির্যাতিত হয়েছেন। আমরা তাঁদের কজনের খবর জানি?’
চলচ্চিত্রে নিপুণ প্রথম অভিনয় করেন ২০০৬ সালে। এরপর তিনি অভিনয় করেছেন ৪৫টি ছবিতে। জানালেন, সামনে তাঁর কয়েকটি ভালো ছবি দর্শক দেখতে পাবেন। এর মধ্যে আছে অরূপ রতন চৌধুরী পরিচালিত স্বর্গ থেকে নরক, বাপ্পারাজের কার্তুজ আর ইসমত আরা চৌধুরীর মায়ানগর।
নিপুণ বারবার নিজের মুঠোফোনের দিকে তাকাচ্ছেন। বললেন, ‘আমার মেয়ে ফোন করছে। ওদের ওখানে তো এখন দিন।’
বিদায় দেওয়ার সময় দরজার কাছে এসে নিপুণ বললেন, ‘একাত্তরের মা জননী ছবিটি আমাকে অনেক বছর দর্শকের মাঝে বাঁচিয়ে রাখবে। স্বাধীনতা দিবস, বিজয় দিবস কিংবা বছরের অন্য কোনো বিশেষ দিনে ছবিটি অবশ্যই কোনো না কোনো টিভি চ্যানেলে দেখানো হবে। এটি এমনই একটি ছবি।’