একাধিক উৎসবে আলোকিত মঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চেহারাটিই এখন পাল্টে গেছে। একদিকে স্টুডিও থিয়েটারের চলছেসাইলক অ্যান্ড সিকোফ্যান্ট নাটকটির টানা উৎসব, অন্যদিকে মূল মিলনায়তনে আন্তর্জাতিক নাট্যোৎসব। সন্ধ্যা হলেই লাল-নীল-সবুজ আলোয় জেগে ওঠে জাতীয় নাট্যশালা। আন্তর্জাতিক নাট্যোৎসবকে ঘিরে মূল মিলনায়তনের চারপাশ সেজেছে ভিন্নরূপে। দর্শক-নাট্যকর্মীদের মনও আনন্দের রঙে রাঙিয়ে দিয়েছে দেশের বাইরের একাধিক নাটক। এ উৎসবে ভারতের চারটি আর সুইজারল্যান্ডের একটি নাটকের দিকেই বেশি আগ্রহ দর্শকের। কলকাতার লোককৃষ্টি দলের ল্যাবরেটরি দেখে বের হয়ে এমন আগ্রহের কথাই জানালেন তৌফিক। বললেন, ‘এবারের উৎসবে কলকাতার চারটি নাটক টানা দেখার সুযোগ হয়েছে। একই সঙ্গে প্রথমবারের মতো সুইজারল্যান্ডের নাটক দেখা যাবে। দেশের নাটক তো দেখার সুযোগ আছেই।’ গত ছয় দিনের নাট্যোৎসবে কলকাতার নাটকের প্রতিটিই দর্শকের আগ্রহ বেশি দেখা গেছে। তবে ২১ মার্চ ঢাকা থিয়েটারের ধাবমান নাটকের প্রদর্শনীতে মিলনায়তন দর্শকে ভরে যায়। পরের দিন কলকাতা সংলাপের লাঠিকাণ্ড নাটকটিও প্রচুর দর্শক উপভোগ করে। আজ উৎসবের শেষ দিন। উৎসবে মঞ্চস্থ হবে ঢাকা পদাতিকের নাটক পাইচো চোরের কিস্সা। দুটি পদক বিতরণী অনুষ্ঠানও থাকছে। দলের প্রয়াত কর্মী আবুল কাসেম ও কাজী জাকির হোসেন স্মৃতিপদক দেওয়া হবে। কাজী জাকির হোসেন স্মৃতি পদক এ বছর থেকে প্রবর্তন করা হচ্ছে। উৎসব কমিটির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বলেন, ‘উৎসব থেকে আমরা আশানুরূপ সাড়া পেয়েছি। প্রথম দিন থেকেই উৎসবে প্রচুর দর্শক আসছে। বিশেষ করে দেশের বাইরের নাটকের প্রতি দর্শকের আগ্রহ বেশি দেখা গেছে।’অন্যদিকে ভিন্ন ধরনের থিয়েটার প্রযোজনা নিয়ে শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে উৎসব শেষ করল প্রাচ্যনাট।‘উঠান নাটকের মেলা ২০১০’ শিরোনামে এ উৎসব শুরু হয়েছে ১৫ মার্চ। ১৬ মার্চ বিরতি দিয়ে ছয়টি নাটক নিয়ে এ উৎসব শেষ হয় ১৮ মার্চ। মহড়া রুমে বসে তৈরি এ ধরনের ভিন্ন আঙ্গিকের নাটক দেখতে তিন দিনে প্রচুর দর্শক স্টুডিও থিয়েটার হলে ভিড় জমায়। নাটক ছয়টি হলো কথোপকথন, ত্রিশঙ্ক, পাতার খেলা, বায়েস্কোপ, কেরামতনামা ও এ নিউ টেস্টামেন্ট অব অ্যানসেন্ট মেরিনার।উঠান নাটকের মেলার আহ্বায়ক তৌফিকুল ইসলাম বলেন, ‘একেবারে নিজেদের মহড়া রুমের নাটক এগুলো। ২০০৮ সাল থেকে আমরা এ ধরনের কার্যক্রম চালিয়ে নাটক নির্মাণ করেছি। দলের কর্মীদের মধ্যে দুজন, পাঁচজন বা আটজন মিলে দল ভাগ করে কাজ করা হয়েছে। তাঁরাই নাটক লিখছেন, নির্দেশনা দিচ্ছেন, অভিনয় করছেন, এমনকি আলো, সেট, পোশাক সবই তাঁদের নিজেদের। এভাবে উৎসবের সব নাটক নির্মাণ হয়েছে।’ তিনি বলেন, তরুণদের উৎসাহিত করার জন্যই আমরা এ ধরনের আয়োজন হাতে নিয়েছি।’অন্যদিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও পথনাটক পরিষদের যৌথ উদ্যোগে ডেমরার দনিয়া ও মিরপুরে পথনাট্যোৎসব চলছে। ইতিমধ্যে ২৩ ও ২৪ মার্চ দনিয়ার বর্ণমালা হাইস্কুল অ্যান্ড কলেজে দুই দিন নাটক মঞ্চস্থ হয়েছে। আগামী ৩ ও ৪ এপ্রিল মিরপুর আউটার স্টেডিয়ামের দক্ষিণ প্লাজায় দুই দিন উৎসব হবে। আবার আগামী মাসে স্টুডিও থিয়েটার হলে দৃশ্যপট পাঁচ দিনের সক্রেটিসের জবানবন্দি নাট্যোৎসব পালন করবে। পাঁচ দিন ধরে এ নাটকটির টানা প্রদর্শনী হবে। দৃশ্যপটের প্রধান আলী মাহমুদ বলেন, ‘কয়েক মাস ধরেই আমরা সক্রেটিসের জবানবন্দি উৎসব করার চেষ্টা করছি। কিন্তু টানা মিলনায়তন ভাড়া পাওয়া সমস্যা। আশা করছি আগামী মাসে সমস্য দূর করে উৎসব পালন করতে পারব।’