
‘তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল...শুভেচ্ছা তোমায়...আজ জন্মদিন তোমার...’। নেপথ্যে গানটি বাজছিল। গানের সুরে নৃত্যের তালে তালে শিশুশিল্পীরা মঞ্চে নিয়ে এলেন কামাল লোহানীকে।
গতকাল বৃহস্পতিবার ৮০ বছর পূর্ণ করে ৮১ বছরে পা রাখলেন সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। বর্ণাঢ্য জীবনে অনেক পরিচয় তাঁর৷ সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠীরও সভাপতি তিনি। সেই সূত্রে বৃহস্পতিবার বৃষ্টিভেজা সন্ধ্যায় উদীচীর পক্ষ থেকে তাঁর জন্মবার্ষিকী উদ্যাপনের আয়োজন করা হয়। গান, কবিতা ও নাচ দিয়ে সাজানো এ আনন্দ-অায়োজনটি অনুষ্ঠিত হয় শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে।
অনুষ্ঠানে কামাল লোহানীর পছন্দের গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন গুণী শিল্পীরা। সঙ্গে ছিল তাঁর জীবনের নানা দিক নিয়ে বিশিষ্টজনদের আলোচনা। কবি-সাহিত্যিক, নাট্যকর্মী, সংস্কৃতিকর্মীসহ নানা অঙ্গনের মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত।
শুরুতে কামাল লোহানীর সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মাহমুদ সেলিম। এরপর জন্মদিনের গানের সুরে নৃত্য পরিবেশনের মাধ্যমে কামাল লোহানীকে অতিথি সারি থেকে মঞ্চে বরণ করে নেওয়া হয়। তিনি মঞ্চে আসার পর উদীচীর শিল্পীরা সমবেত কণ্ঠে গেয়ে ওঠেন ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’। সংগীত পরিবেশনা শেষে স্বাগত বক্তব্য দেন উদীচীর সাধারণ সম্পাদক প্রবীর সরদার। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয় জন্মদিনের শুভেচ্ছা।
শুভেচ্ছা বক্তব্য দেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, কবি আসাদ চৌধুরী ও সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। বক্তব্যের ফাঁকে ফাঁকে কামাল লোহানীর পছন্দের গান, আবৃত্তি ও নাচ পরিবেশন করেন বিশিষ্ট শিল্পীরা। কামাল লোহানীর বক্তব্যের মাধ্যমে শেষ হয় তাঁর ৮০তম জন্মবার্ষিকীর আনন্দ আয়োজন।