
পরমার গল্পে আমি নেই
একুশে টেলিভিশনে ঈদের দিন বিকেল চারটা পাঁচ মিনিটে প্রচারিত হবে টেলিছবি পরমার গল্পে আমি নেই। লিখেছেন ও পরিচালনা করেছেন মোহাম্মদ আশিকুর রহমান। অভিনয় করেছেন মিলন, প্রভা, নিশা, কায়েস চৌধুরী প্রমুখ। শুভ আর নীলা সুখী দম্পতি। এমন সুখী পরিবারের কর্তাব্যক্তিটি হঠাৎ এক ঝামেলায় পড়ে। বিভিন্ন সময় বিভিন্ন নম্বর থেকে একটি নারীকণ্ঠের ফোন আসতে থাকে তার মুঠোফোনে। ব্যাপারটা দুর্বিষহ হয়ে উঠতে থাকে। উপায় না দেখে শুভ চলে যায় বন্ধু আশিকের কাছে। তখন আবার ফোনটি বেজে ওঠে। এবার মেয়েটি শুভর কাছে সাত কোটি টাকা চায়। তিন দিনের মধ্যে এই টাকা না দিলে মেয়েটি আদালতে মিথ্যা মামলা করবে। এবার মেয়েটির মুখোমুখি হতে চায় আশিক।
আমার বউ বেশি বোঝে
একুশে টেলিভিশনে ঈদের দিন সন্ধ্যা সাতটা ২০ মিনিটে প্রচারিত হবে নাটক আমার বউ বেশি বোঝে। এ টি এম শামসুজ্জামানের গল্প থেকে নাটকটি পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, সুজাতা, ইনামুল হক, স্বাধীন খসরু, শামীমসহ আরও অনেকে। এ টি এম শামসুজ্জামান নিজেকে ডবল দেখে। সব সময় মনে হয় তার বিকল্প কে যেন তার সামনে দাঁড়িয়ে উপদেশ দেয়। এ নিয়ে বিপাকে পড়ে বাড়ির অন্যরা। ডাক্তার আসে, কিন্তু কোনো লাভ হয় না। বাড়তে থাকে ঘটনা, রটতে থাকে রটনা। এসব রটনা রটে শুধু তার বউ বেশি বোঝে বলে।
পকেট ভরা শৈশব
একুশে টেলিভিশনে ঈদের তৃতীয় দিন সকাল ১০টা পাঁচ মিনিটে প্রচারিত হবে টেলিছবি পকেট ভরা শৈশব। লিখেছেন আজাদ আবুল কালাম, পরিচালনা করেছেন বদরুল আনাম সৌদ। অভিনয় করেছেন সাবেরী আলম, জয়রাজ, সানজিদা প্রীতি, ওয়াহিদা মল্লিক জলিসহ অনেকে।
পথশিশুদের প্রতিদিনের আনন্দ-কান্না আর সুখ-দুঃখের গল্প নিয়ে তৈরি হয়েছে টেলিছবিটি।
গান মজিদ

একুশে টেলিভিশনে ঈদের তৃতীয় দিন সন্ধ্যা সাতটা ২০ মিনিটে প্রচারিত হবে নাটক গান মজিদ। লিখেছেন বৃন্দাবন দাস, পরিচালনা করেছেন দীপু হাজরা। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সীমানা, শাহনাজ খুশী প্রমুখ। গ্রামের যুবক মজিদ দরজির কাজ করে। তার মুখে সব সময় গান লেগেই থাকে। এ কারণে তার নাম হয়ে গেছে গান মজিদ। তার বিশ্বাস, তার কণ্ঠ খুবই ভালো। গ্রামেরই মেয়ে বিউটি। সে নিজেকে খুব সাংস্কৃতিমনা মনে করে, এলাকার ছাত্রছাত্রীদের নানান সংস্কৃতিক কর্মকাণ্ডে তালিম দেয়। কিন্তু পুলিশ এখন খুঁজছে গান মজিদকে।
বাবা সব জানে
একুশে টেলিভিশনে ঈদের পরদিন সন্ধ্যা সাতটা ২০ মিনিটে প্রচারিত হবে নাটক বাবা সব জানে। লিখেছেন ও পরিচালনা করেছেন তৌহিদুর রহমান। অভিনয় করেছেন মৌ, নিশো, এস এম মহসিন, মনিরাজ প্রমুখ। সুনয়না মুঠোফোন ছাড়া কিছুই বোঝে না। তার মুঠোফোনের নেশা ছাড়াতে বড় বোন তাকে কক্সবাজার নিয়ে যায়। মুঠোফোনটাও জব্দ করেছে। সমুদ্রসৈকত তাদের সামনে এসে দাঁড়ায় আকরাম। সুনয়নার সঙ্গে আকরামের কিছু ঝামেলা হয়। রাতে বড় বোনের কাছ থেকে মুঠোফোন নিয়ে দিনের রাশিফল পড়ে সুনয়না। রাশিফলে যা লেখা আছে, তার মধ্যে অনেক কিছু মিলে গেছে। বড় বোনকে জানায় সুনয়না। দুজনই অবাক। এবার দুই বোন রাশিফল খেলায় মেতে ওঠে।
ভূত সমাচার
একুশে টেলিভিশনে ঈদের তৃতীয় দিন বিকেল চারটা পাঁচ মিনিটে প্রচারিত হবে টেলিছবি ভূত সমাচার। লিখেছেন ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, ভাবনা, সজল, মনিরাজ প্রমুখ।
কাজল তার মেয়েকে কখনোই একা ছাড়ে না। কারণ, কাজল তার বাড়িতে প্রায়ই ভূত দেখতে পায়। একদিন তার বাড়িতে আসে একটি ছেলে। কাজল ছেলেটিকে ভূত মনে করে। অন্যদিকে ছেলেটি পিস্তলের ভয় দেখিয়ে কাজল ও তার মেয়েকে জিম্মি করে রাখে। ছেলেটি সারা রাত তাদের সঙ্গে নানা রকম গল্প করে এবং চা তৈরি করে দেয়। একসময় কাজল অসুস্থ হয়ে পড়ে আর ছেলেটিও বাড়ি থেকে উধাও হয়ে যায়।