একুশে টিভিতে ডয়চে ভেলের ম্যাগাজিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র ডয়চে ভেলে এবার বাংলাদেশের টিভিতে প্রচারের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নির্মাণ করেছে। নাম ‘অন্বেষণ’। রেডিওর জন্য বাংলা অনুষ্ঠান নির্মাণ করা হলেও ‘অন্বেষণ’ ডয়চে ভেলের প্রথম টিভি অনুষ্ঠান। প্রচারিত হবে একুশে টিভিতে। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত অ্যালব্রেক্ট কনৎসে, ডয়চে ভেলের দক্ষিণ এশিয়া প্রসার বিভাগের কর্মকর্তা টোবিয়াস গ্রোটে-বেভারবর্গ ও বাংলা বিভাগের প্রধান দেবারতি গুহ এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম।পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং লাইফস্টাইল—এ তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে ‘অন্বেষণ’ অনুষ্ঠানে। সঞ্চালনা করবেন দেবারতি গুহ।অ্যালব্রেক্ট কনৎসে বলেন, ‘বাংলাদেশ অর্থনীতির দিক থেকে একটি উদীয়মান দেশ। বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ বিষয়ে ধারণা বাড়াতে জার্মানি বিশ্বব্যাপী কাজ করছে। জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোতে এসব বিষয়ে বিশেষভাবে পাঠদান করা হচ্ছে। বাংলাদেশি শিক্ষার্থীদেরও আমরা সে সুযোগ দিতে চাই।’ ‘অন্বেষণ’ অনুষ্ঠানের প্রথম পর্ব প্রচারিত হবে আগামী শনিবার সন্ধ্যা ছয়টায়।