একুশে টিভিতে 'আমাদের ৭১'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয়ের মাসে একুশে টিভিতে প্রচারিত হচ্ছে মুক্তিযুদ্ধবিষয়ক চার পর্বের তথ্যচিত্র। ‘আমাদের ৭১’ নামে এই তথ্যচিত্রে আজ ১৬ ডিসেম্বর প্রচারিত হবে ‘প্রান্তিক জনগণের যুদ্ধ’।

নির্মাতা সূত্রে জানা গেছে, আজকের তথ্যচিত্রে রাজশাহীর দুর্গাপুর উপজেলার যুগিশো ও পালশা গ্রামের একটি গণহত্যার ঘটনা তুলে ধরা হয়েছে। ১৯৭১ সালের ১৬ মে ওই দুই গ্রামের ৪২ জন মানুষকে পাশবিক নির্যাতনের পর হত্যা করে পাকিস্তানি বাহিনী। তাদের এই কাজে সহায়তা করে স্থানীয় রাজাকার ও শান্তি কমিটির সদস্যরা। তথ্যচিত্রে আরও থাকছে, রাজশাহীর পবা উপজেলার বেড়পাড়া গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর মুক্তিযোদ্ধারা কীভাবে অস্ত্র হাতে যুদ্ধে নেমেছিলেন তার বর্ণনাও। এর আগে প্রচারিত হয়েছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আক্রমণ’, ‘বুদ্ধিজীবী ও গণহত্যা’, ‘শাঁখারি বাজার ও জিনজিরা আক্রমণ’।
চার পর্বের এই তথ্যচিত্রের গবেষণা ও সঞ্চালনায় ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক আফসান চৌধুরী। আর অনুষ্ঠানটির প্রযোজক রঞ্জিত মল্লিক। একুশে টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুলের সার্বিক তত্ত্বাবধানে তথ্যচিত্রটি প্রচারিত হচ্ছে।
১৩ ডিসেম্বর প্রচারিত ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আক্রমণ’ তথ্যচিত্রে ওই বিশ্ববিদ্যালয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ কীভাবে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র মানুষের ওপর হত্যাযজ্ঞ চালায়, তার বর্ণনা দিয়েছেন প্রত্যক্ষদর্শী মানুষ। ১৪ ডিসেম্বর প্রচারিত ‘বুদ্ধিজীবী ও গণহত্যা’ নামের তথ্যচিত্রে শহীদ বুদ্ধিজীবীদের স্ত্রী ও সন্তানদের সাক্ষাৎকারে উঠে এসেছে ওই সময়কার ভয়াবহ চিত্র। বাঙালি জাতির ওপর প্রতিশোধ নিতে পাকিস্তানি ঘাতকেরা ঢাকা ও রাজশাহীতে কীভাবে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, প্রত্যক্ষদর্শী বর্ণনায় তা তুলে ধরা হয়। ১৫ ডিসেম্বর প্রচারিত হয় ‘শাঁখারি বাজার ও জিনজিরা আক্রমণ’। এই পর্বে পুরান ঢাকার শাঁখারি বাজারে ১৯৭১ সালের ২৬ থেকে ২৮ মার্চ অনেক মানুষকে গুলি করে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী। নিরীহ মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়ে তাদের অনেককেই হত্যা করে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা দিয়েছেন সেই বর্ণনাও। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় একুশে টেলিভিশনে দেখানো হচ্ছে ‘আমাদের ৭১ ’।