একুশে যখন স্মৃতি, ঐক্য আর প্রতিরোধের প্রতীক

বিস্ময়ভরা বিলোনিয়া। বাংলাদেশের ফেনী জেলার সীমান্ত-সংলগ্ন ভারতের দক্ষিণ ত্রিপুরার ছিমছাম পরিচ্ছন্ন শহর বিলোনিয়া। শহরের অধিকাংশ মানুষের শিকড় বাংলাদেশে। ১৯৫২ সালে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্র ভাষার মর্যাদায় আসীন করার প্রত্যয়ে বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছাত্র-যুবক-জনতা আন্দোলন করে। সেই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রাণ দিয়েছিলেন বরকত, সালাম, রফিক, শফিক প্রমুখ। আজ এত বছর পর প্রতিবেশী দেশ ভারতের একটি প্রান্তিক জনপদে বাংলা ভাষার শহীদদের উদ্দেশে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হচ্ছে, বাংলাদেশের গীত-নৃত্য-নাটক মঞ্চায়ন হচ্ছে, তা বিস্ময়ের নয় তো কী! অন্যতম আয়োজক দীপংকর সেন। ১৯৯১ সাল থেকে মাত্র কয়েকজন বন্ধুসহ পথের ধারে ছোট্ট এক স্মৃতির মিনার স্থাপন করে একুশের আয়োজন শুরু করেন। কিন্তু এ আয়োজন বৃহৎ রূপ পায় ২০০৮ সাল থেকে বিলোনীয়া প্রেসক্লাবের হাত ধরে। এখন প্রতিবছর বিলোনিয়ার মানুষের অন্যতম আয়োজনে পরিণত হয়েছে একুশে ফেব্রুয়ারি। স্কুল প্রাঙ্গণে, পথে পথে হাতে বানানো শহীদ মিনার, হাতে লেখা ব্যানারে সালাম, বরকত, রফিক, জব্বার আর ভাষা আন্দোলন সময়ের নানা স্লোগান। প্রভাতফেরি শেষ হয় সীমান্ত চেকপোস্টের অদূরে, তিন রাস্তার মোড়ে ব্রজেন্দ্রকিশোর ইনস্টিটিউটের পাশে। বাড়ির বাগানে ফোটা ফুল দু-একটি করে হাতে নিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ত্রিপুরা বিধান সভার বিধায়ক বাসুদেব মজুমদার থেকে শুরু করে স্কুলপড়ুয়া ছোট্ট শিশুটি পর্যন্ত।
ফাল্গুন মাসের শীত-বাসন্তী কুয়াশা মোড়ানো সকালে যাত্রা শুরু করলে পথ যেতে যেতে বাংলাদেশের ফেনী শহর হয়ে সীমান্তে পৌঁছাতে সময় লাগে মাত্র চার ঘণ্টা। যদি ভ্রমণ শেষ হতে হতে সময়টা হয় দুপুর গড়িয়ে বিকেল, সূর্য ডুবে ডুবে, দিনের আলো কমে আসে, তবু নামটা কিন্তু অধিক স্পষ্ট ও উজ্জ্বল হয়ে ওঠে সন্ধ্যাতারার মতো, ‘বিলোনিয়া’। দুই দেশ কিন্তু এক নাম! নামের ভ্রম কাটতে না কাটতে স্বাগত ধ্বনি, বুলি, আচার-ব্যবহার, খাদ্য, জীবনের সব স্মৃতি, সর্বত্র জুড়ে আছে অভিন্ন মাটির গন্ধ আর স্বাদ। এই অভেদ আত্মার মেলবন্ধনের লক্ষ্যেই প্রতিবছর বিলোনিয়ায় মহান একুশে ফেব্রুয়ারি উদ্যাপনে বাংলাদেশের শিল্পী আর বিভিন্ন নাট্যদল আমন্ত্রিত হয়ে আসছে। ২০১০ সালে নাট্যচক্র, তারপর থেকে সুবচন মহাজনের নাও, শূন্যন লাল জমিন, থিয়েট্রেক্স বাংলাদেশ কবর, থিয়েটার স্কুল প্রাক্তণী প্রথম পার্থ আর এ বছর পদাতিক নাট্য সংসদ ম্যাকবেথ নাটক মঞ্চায়ন করেছে।
বীর ভাষাসেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে বিলোনিয়ার নাগরিকদের কী যে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা তার বিবরণ এখানে লেখা অসম্ভব। শুধু এটুকুই বলার আছে, মুহুরী নদীতীরের বন্ধু বিলোনিয়া জনপদ বাংলা ভাষা ও অমর একুশের প্রতি শ্রদ্ধা নিবেদনের দৃষ্টান্ত স্থাপন করে ইতিহাসের সহযাত্রী হয়ে রইল।
স্থানীয় তরুণ মিঠুন পাল বলেন, ‘এই আয়োজন আমাদের স্মৃতি, ঐক্য আর প্রতিরোধের প্রতীক। এই দিবস উদ্যাপনে তাই আমাদের শোক আর শক্তি যুগপৎ সক্রিয়।’
লেখক: চেয়ারম্যান, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়